ট্রাম্পের অভিবাসন আইনে অনাহারী মানুষ বাড়ছে
ডোনাল্ড ট্রাম্পের নতুন অভিবাসন আইন অনুযায়ী যেসব অভিবাসী সরকারি সহায়তা গ্রহণ করবে তাদের গ্রিনকার্ড দেওয়া হবে না। গ্রিনকার্ড না পাওয়ার ভয়ে ও নাগরিকতা না পাওয়ার ভয়ে আছেন অনেক অভিবাসী। এ অবস্থায় তারা ফেডারেল খাদ্য সহায়তা নিতেও ভয় পাচ্ছেন। ফলে করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রে চাকরিহীন বহু অভিবাসী পরিবার সংসার চালাতে হিমশিম খাচ্ছেন। এদের অনেকে ঠিকমতো দুবেলা খেতে পারছে না।
যুক্তরাষ্ট্রে যারা জন্মসূত্রে নাগরিক, তাদের ক্ষেত্রে এই আইন প্রযোজ্য হবে না। কিন্তু অভিবাসীদের অনেকের সন্তান যুক্তরাষ্ট্রে জন্ম নিলেও ভয়ে সরকারি কোনো সহায়তা নিচ্ছে না। ফলে বহু শিশু না খেয়ে দিন কাটাচ্ছে। ফিডিং আমেরিকা সংস্থার দেওয়া তথ্যমতে, যুক্তরাষ্ট্রে ১৭ মিলিয়ন শিশু বা প্রতি চারজন শিশুর মধ্যে একজন শিশু প্রতিদিন অর্ধাহারে বা অনাহারে দিন কাটাচ্ছে। এদের বেশির ভাগই অভিবাসী পরিবারের সন্তান।
আইডিয়াজ ৪২ নামে একটি অলাভজনক গবেষণা সংস্থা বলছে, ট্রাম্প প্রশাসনের এই অভিবাসন আইন ঘোষণার পর অভিবাসী বাবা-মায়েরা প্রায় ২ লাখ ৬০ হাজার শিশুকে সরকারি সব সেবা থেকে সরিয়ে নিয়েছে। কেননা, সহায়তা নিলে তাদের গ্রিনকার্ড না পাওয়ার প্রবল আশঙ্কা দেখা দিয়েছে।
আরেক অলাভজনক সংস্থা ভিইএলএর তথ্যমতে, প্রতিবন্ধী অভিবাসী শিশুদের পরিবারের প্রায় ৮০ ভাগ ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে সব ধরনের সরকারি খাদ্য সেবা নেওয়া থেকে বিরত থেকেছে।
বহু অভিবাসী এখন রাস্তার পাশে বিভিন্ন অলাভজনক প্রতিষ্ঠানের খাদ্য বিতরণ কর্মসূচিতে ভিড় জমাচ্ছে। কিন্তু এতে তাদের দৈনন্দিন চাহিদা মিটে না। হিউস্টনের এফিফ্যানি কমিউনিটি হেলথ আউটরিচ সার্ভিসেসের নির্বাহী পরিচালক ক্যাথি মুর নিউইয়র্ক টাইমসকে বলেন, অভিবাসীরা ভয়ে তাদের সন্তানদের তালিকাভুক্তি ও খাবার নিতে আসা বন্ধ করে দিয়েছে।
অনেক অভিবাসী আশা করছেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এই আইনটি শিথিল করতে পারবেন। কিন্তু বাইডেনের সদিচ্ছা থাকলেও এই আইন শিথিল করতে বেশ সময় লাগতে পারে বলে বিশেষজ্ঞদের ধারণা। কারণ প্রেসিডেন্ট ক্লিনটন যুগের কঠিন এই আইন ট্রাম্প তার ক্ষমতাবলে আরও অনেক কঠিন করেছেন, যা শিথিল করতে বাইডেনের বেশ সময় লাগতে পারে।
হন্ডুরাস থেকে আসা ৩৪ বছর বয়সী অভিবাসী ড্যানি বলেন, তাঁর তিন কন্যা সন্তান রয়েছে। কিন্তু ট্রাম্পের নতুন আইনের ভয়ে তিনি বহু আগে ফুড স্ট্যাম্প ও স্বাস্থ্যসেবা নেওয়া বন্ধ করে দিয়েছেন। তিনি বলেন, ‘আমি পাবলিক চার্জ আইন সম্পর্কে জানি এবং তাই আমি ঘুমাতে পারি না।’ তিনি আরও বলেন, ‘আমি নির্বাসিত হলে আমার সন্তানদের কি হবে?’
বাইডেনের মুখপাত্র টি জে ডক্লো টা বলেন, বাইডেন পাবলিক চার্জ বিধি ফিরিয়ে আনার জন্য কাজ করবেন। তারা প্রথম দিন থেকে সব অভিবাসী পরিবারের নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ গঠনে প্রচেষ্টা চালিয়ে যাবেন।