ট্রাম্পের অভিবাসন নীতি বাতিলের দাবি বিক্ষোভকারীদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে ট্রাম্পবিরোধী বিক্ষোভকারীদের মূল ক্ষোভ এখন তাঁর অভিবাসন নীতি এবং শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের বিরুদ্ধে। টানা ষষ্ঠ দিনের মতো তাঁদের প্রতিবাদ অব্যাহত রয়েছে। নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস ও সান ফ্রান্সিসকোতে বিক্ষোভকারীরা রাস্তা ছাড়ছেন না।
সোমবার নিউইয়র্কের ম্যানহাটনে জড়ো হওয়া বিক্ষোভকারীরা ট্রাম্পের অভিবাসন নীতির বিরোধিতায় সোচ্চার হন। তাঁরা বলছিলেন, ‘এ আন্দোলনের মূল উদ্দেশ্য হলো ট্রাম্পকে জানিয়ে দেওয়া, আপনি চাইলেই ১ কোটি ১০ লাখের বেশি অবৈধ অভিবাসীকে তাড়িয়ে দিতে পারবেন না। তাঁরা এখানেই থাকবেন। আমরা তাঁদের সঙ্গে একাত্মতা পোষণ করছি।’
নিউইয়র্কে সমাবেশে অংশ নেওয়া শহীদ নামে একজন মুসলিম অভিবাসী বলেন, তাঁর বিশ্বাস, ডেমোক্রেটিক পার্টিতে অনেক দুর্নীতির কারণেই রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের পক্ষে জেতা সম্ভব হয়েছে।
অন্য কয়েকজন বিক্ষোভকারী বলেন, তাঁরা এখানে অবস্থানের জন্য এসেছেন। কোনোভাবেই জায়গা ছাড়বেন না।
ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে শত শত শিক্ষার্থী রাস্তায় নেমে পড়েন সোমবার। এ অঙ্গরাজ্যে হিস্পানিক বাসিন্দা উল্লেখযোগ্যসংখ্যক। তাঁদের মধ্যে অবৈধ অভিবাসী রয়েছেন অনেক। তাঁরা ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে কঠোর বার্তা দিচ্ছেন। ওয়াশিংটনের রাস্তায় ৪০ জনের বেশি বিক্ষোভকারী অবস্থান নেন।
এদিকে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ নগর শিকাগোর মেয়র বলেছেন, তাঁর শহর অভিবাসীদের জন্য নিরাপদ আবাস হিসেবেই থাকবে। মেয়র রাহম ইমানুয়্যাল বলেন, অঙ্গরাজ্যগুলোর হাতে থাকা ক্ষমতাকে ব্যবহার করে তারা অনেক স্বাধীন সিদ্ধান্ত নিতে পারে। আর সেই ক্ষমতাকে ব্যবহার করেই ট্রাম্পের অভিবাসন নীতির প্রতি সমর্থন না জানিয়ে অভিবাসীর জন্য দরজা খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে শিকাগো।
এর আগে নিউইয়র্ক ও লস অ্যাঞ্জেলেস নগর কর্তৃপক্ষও এ ধরনের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে।
আন্দোলনে সমর্থন স্যান্ডার্সের: ইউএসএ টুডে পত্রিকার সঙ্গে এক সাক্ষাৎকারে ডেমোক্র্যাট সিনেটর বার্নি স্যান্ডার্স বলেছেন, তিনি ট্রাম্পবিরোধী আন্দোলনকারীদের সমর্থন করেন। এ ছাড়া তিনি মন্তব্য করেন, প্রেসিডেন্ট নির্বাচনের ‘ইলেকটোরাল কলেজ’ ব্যবস্থা পরিবর্তনের সময় এসেছে।
নির্বাচনে ট্রাম্পের চেয়ে মোট ভোট সামান্য বেশি পেয়েও ইলেকটোরাল ভোট ব্যবস্থার কারণেই হেরে যান ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন।
বামপন্থী বার্নি স্যান্ডার্স মনোনয়ন লাভের লড়াইয়ে হিলারির কাছে হেরে গিয়েছিলেন।