
আমেরিকাজুড়ে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে গ্রেপ্তার অভিযান জোরদার হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে গৃহীত অভিবাসন নীতি আমেরিকায় দীর্ঘদিন ধরে থাকা অভিবাসীদের ওপর ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলছে, যা মানবাধিকারের মূল শর্তগুলোকেই খর্ব করছে। ৫ ডিসেম্বর মানবাধিকার সম্পর্কিত আন্তর্জাতিক সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত প্রতিবেদনে এ কথা বলা হয়।
মার্কিন ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির ৫ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদন পর্যালোচনা করে দেখা গেছে, ট্রাম্প প্রশাসনের অধীনে এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত অনিবন্ধিত অভিবাসী গ্রেপ্তার অভিযান ব্যাপক জোরদার হয়েছে। এ সময়ের মধ্যে আমেরিকার অভ্যন্তরে পরিচালিত অভিযানে প্রচুর অনিবন্ধিত অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। আগের বছরের একই সময়ের তুলনায় এই গ্রেপ্তারের হার ৪২ শতাংশ বেশি। আর কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ নেই এমন অভিবাসী গ্রেপ্তারের সংখ্যা আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় তিন গুণ হয়েছে।
ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির ওই প্রতিবেদনের উল্লেখ করে হিউম্যান রাইটস ওয়াচ জানায়, এই প্রতিবেদন ও একটি ইন্টার্যাক্টিভ ওয়েবসাইটের তথ্য সমন্বয় করে দেখা গেছে, এ বছরের সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকা থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে এমন ৪৩টি ঘটনা পাওয়া গেছে, যাদের সঙ্গে আমেরিকার বন্ধন ছিল অত্যন্ত দৃঢ়। এই ৪৩টি ঘটনার ক্ষেত্রে আমেরিকার সঙ্গে তাদের সম্পর্ক, এখানে তাদের পরিবার এসব কিছুকেই বিবেচনায় নেওয়া হয়নি। মানা হয়নি যথাযথ পদ্ধতি, যা অভিবাসীদের মৌলিক অধিকারকে নিশ্চিত করার জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই সময়ে আমেরিকা থেকে বিতাড়িত হয়েছেন এমন কিছু মেক্সিকানের সাক্ষাৎকার নিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। এ ছাড়া অভিবাসী গ্রেপ্তার ও বিতাড়ন সম্পর্কিত মার্কিন সরকারি তথ্য বিশ্লেষণ করেছে সংস্থাটি। এতে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের প্রথম বছরের প্রথম সাত মাসের যে চিত্র উঠে এসেছে, তা আশঙ্কাজনক বলে মন্তব্য করেছে মানবাধিকার সংস্থাটি।
হিউম্যান রাইটস ওয়াচের আমেরিকাবিষয়ক জ্যেষ্ঠ গবেষক ক্লারা লং বলেন, এই সময়ে যাদের আমেরিকা থেকে বিতাড়ন করা হয়েছে, তাদের একটি বড় অংশই দীর্ঘদিন ধরে আমেরিকায় ছিল। আমেরিকাই তাদের দেশ হয়ে উঠেছিল। কিন্তু এই প্রশাসন এই অংশটির ওপরই সবচেয়ে বেশি চড়াও হয়েছে। পুরো কাজটি করা হচ্ছে কৌশলে। আর এ ধরনের বিতাড়নের ঘটনাগুলো কোনো ব্যতিক্রম নয়। বরং এটিই ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির সবচেয়ে ধ্বংসাত্মক ও নৃশংস দিক।
ক্ষমতা গ্রহণের পরপরই ডোনাল্ড ট্রাম্প দুটি নির্বাহী আদেশে সই করেন, যা যেকোনো অনিবন্ধিত অভিবাসীকে গ্রেপ্তার, আটক রাখা ও বিতাড়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে সীমান্ত পেরিয়ে নতুন আসা এবং অপরাধী নন এমন অভিবাসীদের প্রতি নমনীয় আচরণের নীতিকেও বাতিল করা হয়। আর অভিবাসীদের জন্য এই পদক্ষেপের ফলটি ছিল বিপর্যয়কর। ২০ জানুয়ারির পর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আমেরিকায় শুধু অভ্যন্তরীণ অভিযানেই গ্রেপ্তার হয়েছেন ১ লাখ ১০ হাজার ৫৬৮ জন। আগের বছরের একই সময়ের মধ্যে ৭৭ হাজার ৮০৬ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এ বছর গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩১ হাজার ৮৮৮ জনের বিরুদ্ধে কোনো অপরাধ-সংশ্লিষ্টতার অভিযোগ ছিল না। আগের বছরের একই সময়ে এমন গ্রেপ্তারের সংখ্যা ছিল ১১ হাজার ৫০০।
ওবামা প্রশাসনের সময়ও কয়েক মিলিয়ন অনিবন্ধিত অভিবাসীকে বিতাড়ন করা হয়েছিল। সে সময়ও বহু মানুষকে অপরাধ-সংশ্লিষ্টতার অভিযোগ ছাড়াই বিতাড়ন করা হয়েছিল। কিন্তু বারাক ওবামার দ্বিতীয় মেয়াদে এটি অনেকটাই শিথিল হয়ে আসে। সে সময় নতুন অভিবাসী এবং অপরাধ-সংশ্লিষ্টতা ছাড়া দীর্ঘদিন ধরে আমেরিকায় রয়েছেন এমন কোনো অভিবাসীকে বিতাড়ন করাকে নিরুৎসাহিত করে নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে শৈশবে এসেও অনিবন্ধিত থেকে যাওয়া অভিবাসীদের জন্য বিশেষ আইন পাস করেন ওবামা। ডিফারড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভালস (ডিএসিএ) নামের ওই আইনটি আবার বর্তমান প্রশাসন বাতিল করেছে কোনো নতুন আইন দ্বারা প্রতিস্থাপন ছাড়াই। ফলে সবদিক থেকেই অভিবাসীরা ভীষণ চাপের মুখে রয়েছেন বলে মন্তব্য করেছে হিউম্যান রাইটস ওয়াচ।
ক্লারা লং বলেন, বিতাড়নের শিকার হওয়া বিভিন্ন ব্যক্তির সঙ্গে কথা বলে বর্তমান প্রশাসনের অভিবাসন নীতির ফলে সৃষ্ট মানবিক বিপর্যয়টি সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া গেছে। বহু মানুষ শুধু ট্রাফিকসংক্রান্ত ছোটখাটো ঘটনায় পুলিশের কাছে ধরা পড়েছেন। আর এরপরই শিকার হয়েছেন বিতাড়নের, যা তাঁদের পরিবার থেকে বিচ্ছিন্ন করেছে। কোনো ক্ষেত্রে এই বিতাড়ন সংশ্লিষ্ট পরিবারের আর্থিক দুর্গতিরও কারণ হয়ে উঠেছে। তিনি আরও বলেন, অভিবাসীদের মধ্যে বিদ্যমান বর্তমান অনিশ্চয়তা কিছুটা কমাতে নিদেনপক্ষে ডিএসিএ আইনটি দ্রুত প্রতিস্থাপন করা উচিত। কংগ্রেসের উচিত এ বিষয়ে দ্রুত সিদ্ধান্তে আসা।