ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনায় ধর্মযাজকেরা বাইবেলের উদ্ধৃতি দিচ্ছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মা-বাবা থেকে ছেলেমেয়েদের ছিনিয়ে নেওয়া কীভাবে বাইবেলীয় হতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ছবি: এএফপি
মা-বাবা থেকে ছেলেমেয়েদের ছিনিয়ে নেওয়া কীভাবে বাইবেলীয় হতে পারে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ছবি: এএফপি

আমেরিকার ধর্মীয় ও ধর্মনিরপেক্ষ উভয় শ্রেণির ভাষ্যকারেরা এক সপ্তাহ যাবৎ গভীর মনোযোগে বাইবেল ঘাঁটাঘাঁটি করছেন। ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলা হয়েছে, এই ভাষ্যকারেরা অ্যাটর্নি জেনারেল জেফ সেসনের একটি দাবির উত্তর খুঁজছেন। সেসন সম্প্রতি দাবি করেন, মেক্সিকান সীমান্তে মা-বাবার থেকে ছেলেমেয়েদের বিচ্ছিন্ন করার নতুন রীতির সমর্থন বাইবেলে মেলে। অপ্রাপ্তবয়স্ক ও তাদের মা-বাবাদের আলাদা ডিটেনশন সেন্টারে রাখার নীতির পক্ষে অ্যাটর্নি জেনারেল রোমানদের উদ্দেশে লেখা সেন্ট পলের চিঠির একটি অংশ উল্লেখ করেন। তিনি বলেন, ওই শ্লোক জনগণকে আইন মেনে চলার ব্যাপারে ‘সুস্পষ্ট ও বিচক্ষণ নির্দেশ’ দিয়েছে। তাঁর উল্লেখিত শ্লোকে বলা হয়েছে: ‘প্রতিটি ব্যক্তি পরিচালন কর্তৃপক্ষের আজ্ঞাবহ হবেন। স্রষ্টা নির্দেশিত ব্যতীত আর কোনো কর্তৃত্ব নেই এবং বিদ্যমান কর্তৃপক্ষগুলো স্রষ্টা কর্তৃক নিযুক্ত।’

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি সারাহ স্যান্ডার্সকে যখন প্রশ্ন করা হয়, মায়ের থেকে তাঁর ছেলেমেয়েদের ছিনিয়ে নেওয়া কীভাবে বাইবেলীয় হতে পারে, তখন তিনি সেসনের পক্ষাবলম্বন করেন, ‘আমি বলতে পারি, আইন প্রয়োগ করা বাইবেলীয়, বাইবেলের সর্বত্র—এ কথা বারবার বলা হয়েছে।’

যেমনটি অনেকেই উল্লেখ করেছেন, ১৩ পরিচ্ছেদের শুরুর পঙ্‌ক্তিগুলো আমেরিকায় রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের নির্মম ইতিহাস আছে। এটি যুক্তরাষ্ট্রের স্বাধীনতাবিরোধী এবং দাসপ্রথার সমর্থকেরা ব্যবহার করে। দক্ষিণের অঙ্গরাজ্যগুলো থেকে আসা দাসদের ফেরত পাঠানোর রীতির সমর্থনে এটি বিশেষভাবে উল্লেখ করা হতো।

আমেরিকার বহু নেতৃস্থানীয় ইভানজেলিক্যাল ও ক্যাথলিক খ্রিষ্টান পবিত্র বাইবেল সম্পূর্ণ ভিন্নভাবে পাঠ করেন। অংশত, সেসনের বক্তব্যের জবাবেই কয়েকজন বিশিষ্ট ইভানজেলিক্যাল হোয়াইট হাউসের উদ্দেশে এক চিঠিতে বলেন, ‘...আমাদের মৌল প্রত্যয়গুলোর একটি হলো স্রষ্টা সমাজের মৌলিক ভিত্তি হিসেবে পরিবার প্রতিষ্ঠা করেছেন। রাষ্ট্রের উচিত হবে একমাত্র বিরল ক্ষেত্রেই পরিবার বিচ্ছিন্ন করা...[আমরা] আইনপ্রয়োগকারী সংস্থাগুলোকে পরিবারের ঐক্য রক্ষায় বিচক্ষণ আচরণ করতে আহ্বান জানাচ্ছি।’

সেসনের বক্তব্যের প্রতিবাদে অনেক ভাষ্যকার ওল্ড টেস্টামেন্টের কিছু অংশ উল্লেখ করেন, যেখানে বহিরাগতদের আপ্যায়ন করার কথা বলা হয়েছে। একটি দৃষ্টান্ত হলো, ২২ পরিচ্ছেদ অভিনিষ্ক্রমণের একটি শ্লোক, যেখানে বনি ইসরায়েলকে বলা হয়েছে: ‘তোমরা একজন আগন্তুকের ক্ষতি করবে না বা তাকে জুলুম করবে না। কারণ, তোমরাও মিসরে আগন্তুক ছিলে।’

টক শো হোস্ট স্টিফেন কোলবেয়ার বলেছেন, অ্যাটর্নি জেনারেলের উচিত তাঁর প্রিয় পরিচ্ছেদ ‘রোমানদের প্রতি চিঠি’ শেষ অবধি পড়ে যাওয়া, যেখানে বলা হয়েছে, ভালোবাসার আদর্শ আইনের আদর্শকে রদ করে, ‘ভালোবাসা ব্যতীত আর কিছুতে কারও প্রতি ঋণী থেকো না। কেননা, যিনি আরেকজনকে ভালোবেসেছেন, তিনি আইন মান্য করেছেন...ভালোবাসা প্রতিবেশীর ক্ষতি করে না, সুতরাং ভালোবাসা হলো আইন পালন।’