ট্রাম্পের অভিশংসন বিচারে 'একের বদলে আরেক'

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন বিচারে সাক্ষ্য দিতে সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে ডাকা হবে কি না, সেই প্রশ্নে দর–কষাকষি শুরু করেছে রিপাবলিকান নেতৃত্ব। ট্রাম্প ও তাঁর নিকট মিত্ররা নতুন কোনো সাক্ষ্য–প্রমাণের বিরোধী। তাঁরা যত দ্রুত সম্ভব বিচার থেকে ট্রাম্পকে অব্যাহতি দিতে চান। কিন্তু বাদ সেধেছেন কয়েকজন মধ্যপন্থী রিপাবলিকান। তাঁরা চান বোল্টন সাক্ষ্য দিন। তাঁর বইতে বলা হয়েছে, তিনি নিজের মুখে ট্রাম্পকে ইউক্রেনের ব্যাপারে সামরিক সাহায্যের বদলে জো বাইডেন ও তাঁর ছেলের তদন্ত করার কথা বলতে শুনেছেন।
বেয়াড়া গোটা পাঁচেক রিপাবলিকান সিনেটরের এই মনোভাবের জবাবে রিপাবলিকান নেতৃত্ব ঠিক করেছে, বোল্টনকে ডাকা হলে তাঁরাও পাল্টা সাক্ষী ডাকবেন। তাঁদের তালিকায় ১ নম্বরে রয়েছেন বাইডেন ও তাঁর ছেলে হান্টার। শুধু এই দুজনই নন, ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান এডাম শিফ, যিনি কংগ্রেসে অভিশংসন শুনানিতে নেতৃত্ব দেন, তাঁকেও ডেকে পাঠাতে চান তাঁরা। এমনকি যে ‘হুইসেল ব্লোয়ার’ বা সতর্কতাকারীর প্রতিবেদন থেকে এই অভিশংসন-ঝড়ের শুরু, রিপাবলিকানরা তাঁকেও ডেকে পাঠাতে চান।
এই ‘কুইড প্রো কো’ বা ‘একের বদলে আরেক’ আক্রমণে নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্পের নিকট মিত্র হিসেবে পরিচিত সিনেটর লিন্ডসি গ্রাহাম। তিনি বলেছেন, ‘নতুন কোনো সাক্ষীর প্রয়োজন নেই। কিন্তু যদি নতুন সাক্ষী ডাকাই হয়, আমরা শুধু একজন সাক্ষী ডেকে ক্ষান্ত হব না। আমরা বেশ কয়েকজন সাক্ষীকে ডেকে পাঠাব।’
বলাই বাহুল্য, ডেমোক্র্যাটরা এমন ‘একের বদলে আরেক’ প্রস্তাবে সম্মত নন। বাইডেন নিজেও তাঁর সাক্ষ্য দেওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, ‘যে অভিযোগে ট্রাম্পের বিচার হচ্ছে, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই।’
বুধ ও বৃহস্পতিবার এই দুই দিন সিনেটররা ডেমোক্রেটিক ম্যানেজার, যাঁরা ট্রাম্পের বিরুদ্ধে বক্তব্য হাজির করেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পের কৌঁসুলিদের প্রশ্ন করবেন। সেই প্রশ্নোত্তর শেষে শুক্রবার নতুন সাক্ষী প্রশ্নে ভোট হবে। সাধারণ সংখ্যাধিক্যে, অর্থাৎ ৫১ জন সিনেটরের সমর্থনে নতুন সাক্ষী ডাকার সিদ্ধান্ত গৃহীত হতে পারে। সিনেট নেতা মিচ ম্যাককনেল স্বীকার করেছেন, সাক্ষী ডাকা ঠেকাতে যে ভোট প্রয়োজন, তা এই মুহূর্তে তাঁর হাতে নেই।
>সিনেটের রিপাবলিকান নেতৃত্ব বলেছে, জন বোল্টনকে সাক্ষ্য দিতে ডাকা হলে তাঁরাও দু-তিনজন সাক্ষী ডাকবেন।
এ কথার অর্থ এই নয় যে বোল্টন বা অন্য কোনো সাক্ষীকে ডাকা হবেই। বোল্টনকে ডাকা হোক—এ কথা প্রকাশ্যে বলেছেন মাত্র তিনজন রিপাবলিকান। ডেমোক্র্যাটদের ৪৭ জন সিনেটরের সবাই যদি সে প্রস্তাব সমর্থন করেন, তাহলেও প্রয়োজন পড়বে আরও একজন রিপাবলিকানের। আর তিন বা চারজন রিপাবলিকান সিনেটর ইঙ্গিত করেছেন, এ প্রশ্নে তাঁরা কৌঁসুলিদের সওয়াল-জবাবের পর সিদ্ধান্ত নেবেন।
সাক্ষী ডাকা হোক না হোক, ট্রাম্প যেসব অভিযোগ থেকে অব্যাহতি পাবেন, এ ব্যাপারে কোনো পক্ষেরই সন্দেহ নেই। রিপাবলিকানদের হাতে সেই ভোট রয়েছে।