ট্রাম্পের অভিশংসন: বুমেরাং হতে পারে এই চেষ্টা

বুমেরাং একধরনের অস্ত্র, যা ছুড়ে মারলে শিকারির দিকেই ফিরে আসে। অস্ট্রেলিয়ার আদিবাসীদের মধ্যে এর প্রচলন আছে। প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসিত করার যে উদ্যোগ মার্কিন কংগ্রেসের বিরোধী ডেমোক্র্যাটরা গ্রহণ করেছেন, তার ফলাফল তাঁদের জন্য বুমেরাং হওয়ার আশঙ্কা রয়েছে। রিপাবলিকান কৌশলবিদেরা সে কথাই দাবি করছেন।
ক্ষমতার অপব্যবহার ও কংগ্রেসের কার্যক্রমে বাধা—এই দুই কারণে ট্রাম্পকে অভিশংসিত করার একটি প্রস্তাব ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটিতে ইতিমধ্যে ২৩-১৭ ভোটে গৃহীত হয়েছে। আজ বুধবার প্রস্তাবটি কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সব সদস্যের বিবেচনার জন্য উত্থাপিত হবে। ৪৩৫ সদস্যের এই পরিষদে একজন স্বতন্ত্রসহ ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রণে রয়েছে মোট ২৩৬টি এবং রিপাবলিকানদের ১৯৭টি আসন, তাই অনায়াসেই ধরে নেওয়া যায় প্রস্তাবটি গৃহীত হবে এবং ট্রাম্প অভিশংসিত হবেন।
ডেমোক্র্যাটদের জন্য চ্যালেঞ্জ হলো, দলের সর্বাধিক সংখ্যক সদস্যের প্রস্তাবের পক্ষে ভোটদান নিশ্চিত করা। এই দলের সব সদস্যই যে প্রস্তাবের পক্ষে ভোট দেবেন, তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। ২০১৮ সালের নির্বাচনে যে ৪০ জনের মতো নতুন সদস্য ডেমোক্রেটিক টিকিটে বিজয়ী হয়ে সদস্যপদ লাভ করেন, তাঁদের অনেকেই ট্রাম্প বিজয়ী হয়েছেন এমন নির্বাচনী এলাকার। তুলনামূলকভাবে রক্ষণশীল হওয়ায় এই এলাকার ভোটারদের একট বড় অংশ এখনো ট্রাম্পের সমর্থক। অভিশংসন প্রশ্নে বিরক্ত হয়ে এসব ভোটারের অনেকেই আগামী নির্বাচনে ডেমোক্র্যাটদের বদলে রিপাবলিকানদের পক্ষে ভোট দিতে পারেন। এ বিপদের আশঙ্কা থেকে স্পিকার ন্যান্সি পেলোসি তাঁর দলীয় সদস্যদের ‘যাঁর যাঁর বিবেক অনুযায়ী’ ভোটদানে অনুমতি দিয়েছেন।
এখন পর্যন্ত মাত্র দুজন ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য প্রস্তাবের বিপক্ষে ভোট দেবেন বলে জানিয়েছেন। এঁদের একজন ডেমোক্রেটিক পার্টির প্রতি বিরক্ত হয়ে নিজ দল ত্যাগ করে রিপাবলিকান দলে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আরও ৬ থেকে ১০ জন বিপক্ষে ভোট দিতে পারেন, এমন আশঙ্কার কথা ডেমোক্রেটিক নেতৃত্ব স্বীকার করেছেন। তারপরও প্রস্তাবের পক্ষে পর্যাপ্ত সমর্থন থাকায় ট্রাম্প যে অভিশংসিত হবেন, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যত বেশিসংখ্যক ডেমোক্র্যাটকে ছিনিয়ে আনা সম্ভব হবে, সেটা ট্রাম্পের জন্য তত বড় বিজয় বলে চিহ্নিত হবে। অন্যদিকে রিপাবলিকানদের মধ্যে কেউ দলছুট হবেন, এমন আভাস পাওয়া যায়নি। এটিও ট্রাম্পের জন্য একটি বড় ধরনের বিজয়।
>একটি প্রস্তাব ডেমোক্র্যাট-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটিতে পাস। আজ যাচ্ছে কংগ্রেসের প্রতিনিধি পরিষদে।
প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলেও কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ট্রাম্প যে বেকসুর খালাস হবেন, তাতে সন্দেহ নেই। অভিশংসনের এই দ্বিতীয় পর্যায়ে সিনেটে যা ঘটবে তা মূলত একটি বিচারব্যবস্থা। এই কক্ষের সব সদস্য ৫৩ জন রিপাবলিকান ও ২ জন স্বতন্ত্রসহ ৪৭ জন ডেমোক্র্যাট—এই বিচারে জুরি সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। দুই বা তিনজন মধ্যপন্থী ডেমোক্রেটিক সিনেটের ভোটের প্রশ্নে দ্বিধান্বিত হলেও এখন পর্যন্ত কোনো রিপাবলিকান বিপক্ষে ভোট দেওয়ার কোনো ইঙ্গিত করেননি।
তবে এই হিসাবটি যে লৌহবর্ম দ্বারা আবদ্ধ, সে কথা ভাবার কোনো কারণ নেই। ট্রাম্পের ব্যবহারে বিরক্ত এমন অনেক রিপাবলিকান সিনেটর রয়েছেন। সাবেক রিপাবলিকান সিনেটর জেফ ফ্লেইক বলেছেন, গোপন ব্যালটে ভোট হলে কম করে হলেও ২০ জনের মতো রিপাবলিকান অভিশংসনের পক্ষে ভোট দিতেন। ট্রাম্প ও তাঁর অতি কট্টর সমর্থকদের খেপাতে চান না, তাই এঁদের অধিকাংশই মুখ বুজে থাকার নীতি অনুসরণ করছেন।
তারপরও বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটর রয়েছেন, যাঁরা ২০২০ সালে নীল বা ডেমোক্রেটিক-প্রভাবিত অঙ্গরাজ্য থেকে পুনর্নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সিনেটে বিচারের সময় ট্রাম্পের বিপক্ষে অকাট্য প্রমাণাদি হাজির করা হলে এদের সবার পক্ষে তা অগ্রাহ্য করা কঠিন হবে।
২০২০ সালে নির্বাচনে ডেমোক্র্যাটদের জন্য বড় চ্যালেঞ্জ শুধু হোয়াইট হাউস থেকে ট্রাম্পকে হটানো নয়, কংগ্রেসের নিম্নকক্ষে তাদের চলতি সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখা। তা ভন্ডুল করতে অভিশংসনের ওপর ভর করে ট্রাম্প ক্যাম্পেইন ইতিমধ্যে তহবিল সংগ্রহের কাজে আটঘাট বেঁধে নেমে পড়েছে। এ কাজে নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। তাঁরা ইতিমধ্যে ‘লাল’ রাজ্যসমূহের ডেমোক্র্যাট সদস্যদের লক্ষ্য করে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন।
তবে ডেমোক্র্যাটদের জন্য সুখবর, এখন পর্যন্ত অভিশংসনের পক্ষে–বিপক্ষে জনমত কার্যত অপরিবর্তিত রয়েছে। সর্বশেষ জরিপ অনুসারে অভিশংসনের পক্ষে ৪৮ শতাংশ ও বিপক্ষে ৪৭ শতাংশ মার্কিন নাগরিক। এক মাস আগে এই হিসাব ছিল ৪৭ শতাংশ পক্ষে, ৪৬ শতাংশ বিপক্ষে। এই হিসাবটি মূলত আমেরিকার বিভক্ত রাজনীতির কথাই প্রকাশ করে।
ট্রাম্প আশা করছেন, তাঁকে অভিশংসিত করার কারণে ভোটাররা ডেমোক্র্যাটদের ঢালাওভাবে প্রত্যাখ্যান করবেন এবং তিনি নির্বিঘ্নে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হবেন। তাঁর এমন বিশ্বাসের মূল কারণ, দেশের অর্থনীতির আশাতিরিক্ত ভালো অবস্থা। এমনিতেই দ্বিতীয় দফায় নির্বাচিত হতে না পারার ঘটনা এ দেশে বিরল। গত অর্ধশতকে একমাত্র জিমি কার্টার ও জর্জ এইচ বুশ দ্বিতীয় দফায় নির্বাচিত হতে পারেননি। তদুপরি অর্থনীতি ভালো অথচ ভোটাররা কোনো প্রেসিডেন্টকে দ্বিতীয় দফায় নির্বাচিত করেননি, সাম্প্রতিক ইতিহাসে এমন ঘটনা কার্যত নেই।