ট্রাম্পের অভিষেক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

কয়েক ঘণ্টার মধ্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প। তিনি হবেন দেশটির ৪৫তম প্রেসিডেন্ট। বাংলাদেশ সময় রাত ১১টায় শপথ নেবেন ট্রাম্প।
আজ দিনের শুরুতে ট্রাম্প স্ত্রী মেলানিয়াকে নিয়ে হোয়াইট হাউসের কাছের একটি গির্জায় গিয়ে প্রার্থনা করেন। এর মধ্য দিয়ে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার দিনটি শুরু করেন তিনি।
যুক্তরাষ্ট্রের প্রধান বিচারপতি জন রবার্টস নতুন প্রেসিডেন্টকে শপথবাক্য পাঠ করাবেন। অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিরা উপস্থিত থাকবেন। উপস্থিত থাকবেন নভেম্বরের নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন ও তাঁর স্বামী সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন।
ট্রাম্পের শপথ অনুষ্ঠানকে ঘিরে ওয়াশিংটনে তাঁর লাখো সমর্থক সেখানে জড়ো হচ্ছেন। তাঁর বিরোধীরাও বিক্ষোভের প্রস্তুতি নিয়েছেন। তবে অনুষ্ঠানস্থল ঘিরে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। ওয়াশিংটনকে রীতিমতো দুর্গে পরিণত করা হয়েছে। মোতায়েন রয়েছে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর ২৮ হাজার সদস্য।
আট বছর আগে বারাক ওবামার অভিষেক নিয়ে যতটা সাড়া পড়েছিল, এবারের অবস্থা তার ধারেকাছেও নেই। ওয়াশিংটনের পর্যটন কর্তৃপক্ষের পরিচালক ইলিয়ট ফার্গুসন বলেন, ওবামার সময়ে যে ধরনের উৎসাহ-উদ্দীপনা কিংবা হোটেলগুলোতে যে ধরনের চাহিদা ছিল, এবার পরিস্থিতি তেমন নয়।