ট্রাম্পের অভিষেকে যাচ্ছেন না অনেক ডেমোক্র্যাট আইনপ্রণেতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্পেনের রাজধানী মাদ্রিদের মোমের জাদুঘরে গতকাল ডোনাল্ড ট্রাম্পের মোমের মূর্তির সামনে সেলফি তুলছেন দুই নারী। এদিনই ট্রাম্পের প্রমাণ আকারের মূর্তিটি উন্মোচন করা হয় l রয়টার্স
স্পেনের রাজধানী মাদ্রিদের মোমের জাদুঘরে গতকাল ডোনাল্ড ট্রাম্পের মোমের মূর্তির সামনে সেলফি তুলছেন দুই নারী। এদিনই ট্রাম্পের প্রমাণ আকারের মূর্তিটি উন্মোচন করা হয় l রয়টার্স

যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির অন্তত ২৭ জন আইনপ্রণেতা বলে দিয়েছেন, তাঁরা আগামী শুক্রবার প্রেসিডেন্ট পদে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানে যাবেন না। নাগরিক অধিকার আন্দোলনের বিশিষ্ট নেতা জন লুইস এবং অন্যদের নিয়ে ট্রাম্পের ‘আক্রমণাত্মক মন্তব্যের’ প্রতিবাদেই মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের ওই ডেমোক্র্যাট সদস্যরা এমন সিদ্ধান্ত নিয়েছেন।

তবে প্রভাবশালী ওয়াশিংটন পোস্ট পত্রিকা ট্রাম্পের অভিষেক বয়কট করতে যাওয়া ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতার সংখ্যা ৪২ বলে উল্লেখ করেছে।

ডোনাল্ড ট্রাম্প ‘বৈধ প্রেসিডেন্ট’ নন বলে জন লুইস মন্তব্য করেছিলেন। জবাবে ট্রাম্প টুইটারে শুক্রবার লেখেন, লুইসের কাজ শুধু কথায় সীমাবদ্ধ। কাজ বা ফলাফল নেই।

যুক্তরাষ্ট্রে নাগরিক অধিকার আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জন লুইস। দেশের বহু মানুষের কাছে তিনি আদর্শ। ১৯৬৫ সালে ভোটাধিকারের দাবিতে এক মিছিলের সময় পুলিশ হামলা করেছিল। সে সময় আরও অনেকের সঙ্গে লুইসও নির্যাতনের শিকার হয়েছিলেন। তিনি ১৯৮৭ সালে প্রতিনিধি পরিষদের সদস্য হন। জর্জিয়ায় তাঁর নির্বাচনী এলাকাকে ট্রাম্প ‘অপরাধপ্রবণ’ আখ্যা দিয়েছেন। প্রতিক্রিয়ায় নিউইয়র্কের ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতা ইভেট ক্লার্ক বলেন, ‘জন লুইসের অপমান মানে আমেরিকার অবমাননা।’

প্রতিনিধি পরিষদে ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতা টেড লিউ বলেন, ‘ট্রাম্পের শপথ অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্তটা ব্যক্তিগতভাবেই নিয়েছি। কারণটা সহজ: ট্রাম্পের সঙ্গে থাকব, নাকি জন লুইসের সঙ্গে? আমি জন লুইসের সঙ্গে আছি।’

ইলিনয়ের আইনপ্রণেতা লুইস গুটেরেজ সবার আগে ট্রাম্পের অভিষেক অনুষ্ঠান বর্জনের ঘোষণা দিয়েছেন। তিনি গত ডিসেম্বরেই এ কথা জানিয়ে দেন। আর জন লুইস নিজেও একই সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এনবিসি নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ট্রাম্পকে একজন অবৈধ প্রেসিডেন্ট আখ্যা দেন। এতে স্বভাবতই অসন্তুষ্ট হয়েছেন হবু প্রেসিডেন্ট।

জন লুইস ৩০ বছর ধরে কংগ্রেসের সদস্য। এই প্রথম তিনি কোনো প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের জয়ে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের কারণেই এমন অবস্থান নিয়েছেন লুইস।

অভিষেক অনুষ্ঠানে শিল্পীসংকট

যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠিত কোনো সংগীতশিল্পীকে ট্রাম্পের শপথ অনুষ্ঠানে গান পরিবেশনের জন্য রাজি করাতে সমস্যা হচ্ছে। তাঁর সহযোগীরা নামীদামি শিল্পীদেরই নিতে চেয়েছিলেন। এখন পর্যন্ত সামরিক ব্যান্ড দল ও রেডিও সিটি রকেটসের পাশাপাশি ১৬ বছর বয়সী জ্যাকি এভানকোর ওই অনুষ্ঠানে যোগ দেওয়ার বিষয়টি একরকম নিশ্চিত। তবে রেডিও সিটি রকেটসের কয়েকজন সদস্য এ বিষয়ে আপত্তি জানিয়েছেন। টবি কিথসহ কয়েকজন লোকসংগীত শিল্পী গাইতে পারেন।

তারকাদের জগতে ট্রাম্প অনেক দিন বিচরণ করেছেন। একসময় নিজেও চলচ্চিত্রে পেশাজীবন গড়ার স্বপ্ন দেখেছিলেন। তবু প্রেসিডেন্ট পদে তাঁর অভিষেক অনুষ্ঠানে শিল্পীসংকটের বিষয়টি চোখে পড়ার মতো। ব্রডওয়ের পুরোনো শিল্পী জেনিফার হলিডে বলেন, তিনি জাতীয় ঐক্যের স্বার্থে ওই অনুষ্ঠানে যেতে রাজি হয়েছিলেন। কিন্তু ভক্ত-অনুরাগীদের অসন্তোষ দেখে ওই সিদ্ধান্ত পাল্টেছেন।

ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টি মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের প্রতি শিল্পীদের অনেকের সমর্থন দেখে ট্রাম্প গত ডিসেম্বরে টুইটারে লিখেছিলেন, তারকা শিল্পীরা তাঁর অভিষেক অনুষ্ঠানের টিকিটের জন্য হাপিত্যেশ করছেন।