ট্রাম্পের আঁকা ছবির দাম ৩০ হাজার ডলার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউইয়র্ক শহরের আকাশে উঁচু উঁচু ভবনের একটি ছবি (স্কেচ) এঁকেছেন। ছবিটি গত বৃহস্পতিবার রাতে নিলামে উঠেছিল। বিক্রি হয়েছে প্রায় ৩০ হাজার ডলার দামে।
নিলাম প্রতিষ্ঠান নেইট ডি. স্যান্ডার্স অকশনস ট্রাম্পের ওই স্কেচ বিক্রির খবর দিয়ে বলেছে, ১১টি নিলাম-ডাক শেষে ২৯ হাজার ১৮৪ ডলারে রফা হয়।
ট্রাম্প ২০০৫ সালে একটি দাতব্য অনুষ্ঠানের জন্য ম্যানহাটনের আকাশের ওই ছবি আঁকেন। এতে তাঁর মালিকানাধীন ট্রাম্প টাওয়ার দেখা যায়। সাড়ে ১১ বাই ৯ ইঞ্চি একটি সাধারণ কাগজে আঁকা ওই স্কেচের নিচে ট্রাম্পের স্বাক্ষরও আছে।
নিলামে ছবিটি বিক্রির খবর নিয়ে হোয়াইট হাউস তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। নিউইয়র্কের দিগন্তের আরেকটি ছবি ট্রাম্প এঁকেছেন। সেটা কালো ও সোনালি কালিতে।
আঁকিবুঁকির শখ অন্যান্য মার্কিন প্রেসিডেন্টেরও ছিল। সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ সামরিক বাহিনীর যোদ্ধাদের সম্মানে প্রতিকৃতির একটি বই প্রকাশ করেছেন। তাঁর পূর্বসূরি জিমি কার্টার আ ফুল লাইফ শীর্ষক স্মৃতিকথায় ক্যাম্প ডেভিড চুক্তির শৈল্পিক চিত্রায়ণ করেছেন।