ট্রাম্পের আক্রান্ত হওয়া নির্বাচনকেই সংকটে ফেলে দিল

  • পরের দুটি প্রেসিডেনশিয়াল বিতর্ক অনুষ্ঠান নিয়ে সংশয় তৈরি হয়েছে

  • ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারকাজ বড় ধরনের ধাক্কা খেল

  • সংশয়ে পড়ে গেছে মাইক পেন্স ও কমলা হ্যারিসের মধ্যে অনুষ্ঠেয় বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্র এমনিতেই বহু সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। সামনেই নির্বাচন। অর্থনীতি টালমাটাল। সামাজিক অস্থিরতা সহিংসতার পর্যায়ে পৌঁছেছে আগেই। এ অবস্থায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়া পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে বলে মনে করা হচ্ছে। বিশেষত নির্বাচন সামনে রেখে বেশ আক্রমণাত্মক হয়ে ওঠা ট্রাম্প তাঁর সমর্থকদেরও আক্রমণাত্মক করে তুলেছিলেন। এখন তিনি আক্রান্ত হওয়ায় সামগ্রিক পরিস্থিতি নিয়েই সংশয় তৈরি হয়েছে।

আজ শুক্রবার ডোনাল্ড ট্রাম্প নিজেই তাঁর ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনা আক্রান্ত হওয়ার খবরটি জানান টুইটার মারফত। তাঁরা এও জানিয়েছেন যে, তাঁরা সুস্থ আছেন। কিন্তু মুশকিল হচ্ছে তাঁর বয়স। ৭৪ বছর বয়সী ট্রাম্পের মধ্যে কোভিড-১৯ এর লক্ষণ যত মৃদুই থাক না কেন, তিনি বড় ঝুঁকিতে রয়েছেন। এই ঝুঁকির কারণেই আসন্ন দ্বিতীয় প্রেসিডেনশিয়াল বিতর্ক, নির্বাচনী প্রচার, পোর্টল্যান্ডসহ বিভিন্ন শহরে চলমান সহিংসতা, অর্থনৈতিক সংকট ইত্যাদি একেকটি বড় প্রশ্ন হয়ে সামনে হাজির হয়েছে।

বলার অপেক্ষা রাখে না যে, ডোনাল্ড ট্রাম্পের করোনা আক্রান্তের খবর জানার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষ বিষয়টি নিয়ে মজা করতে শুরু করেছে। করোনাভাইরাস নিয়ে বিজ্ঞানীদের প্রাথমিক সতর্কতা অগ্রাহ্য করা, যুক্তরাষ্ট্র আক্রান্ত হবে না বলে মন্তব্য করা, হেসে খেলে মহামারি মোকাবিলা করা, বিশেষজ্ঞ চিকিৎসকদের অগ্রাহ্য করে নিজের মতো দাওয়াই হাজির করা, লাখো মানুষের মৃত্যু সত্ত্বেও যেকোনোভাবে অর্থনীতি চালু করা, প্রতিদ্বন্দ্বী প্রার্থী জো বাইডেনের মাস্ক পরা নিয়ে হাসি-তামাশা করা এবং নিজের মাস্ক পরায় অনাগ্রহ—এই সবই এখন আলোচিত হচ্ছে।

সশরীরে প্রচার না চালানোর পরামর্শ দেওয়া হচ্ছে জো বাইডেনকে
ছবি: রয়টার্স

এ হলো একটা দিক। কিন্তু ডোনাল্ড ট্রাম্প করোনায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ুন—এটা অন্তত কোনো রাজনীতিকই চান না। কারণ, এটি এক দীর্ঘমেয়াদি সংকটে ফেলে দিতে পারে যুক্তরাষ্ট্রকে। তার চেয়েও বড় কথা, এটি একটি মানবিক বিষয়। এ অবস্থায় তিনি দ্রুত সেরে উঠুন—এটাই সবার চাওয়া। এই চাওয়ার পাশাপাশি সবচেয়ে বাজে পরিস্থিতির জন্যও প্রস্তুত থাকার বিষয় রয়েছে। কারণ, এমন একটি বিষয় রাষ্ট্রের জন্য অনেক জটিল পরিস্থিতি তৈরি করতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের বিশ্লেষণে বলা হয়, প্রেসিডেন্টের স্বাস্থ্যঝুঁকি অনেক বড় সংকট তৈরি করতে পারে। এটি একই সঙ্গে যেমন জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করে, তেমনি বহিঃশত্রুরাও নেতৃত্বে শূন্যতার সুযোগ নিতে পারে। এর সঙ্গে যখন অর্থনৈতিক সংকট যুক্ত হয়, যুক্ত হয় কোটি মানুষের বেকারত্বের বিষয়টি তখন তা অনেক জটিল হয়ে ওঠে। এরই মধ্যে এর ধাক্কা গিয়ে লেগেছে পুঁজিবাজারে।

রয়েছে যুক্তরাষ্ট্রজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতার সংকটও। বর্ণবাদবিরোধী আন্দোলন ও এর বিরুদ্ধে রাস্তায় নামা ট্রাম্প সমর্থকদের মধ্যে সংঘর্ষ এখন নৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। এর সঙ্গে রয়েছে আন্দোলন থামাতে পুলিশের বলপ্রয়োগের বিষয়টি। এই আন্দোলনকে ঘিরে লুটতরাজের ঘটনাও ঘটেছে বিস্তর। এই পরিস্থিতিতে দাঁড়িয়েই শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের কোনো নিশ্চয়তা দিতে পারেননি ডোনাল্ড ট্রাম্প। এখন তিনি নিজেই অসুস্থ। অন্তত শারীরিকভাবে বেশ কিছু দিন তিনি সামনে আসতে পারছেন না। সে ক্ষেত্রে পরিস্থিতি কেমন হবে, তা নিয়ে যৌক্তিক সংশয় ছড়িয়ে পড়েছে এরই মধ্যে।

আগামী ৭ অক্টোবর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও কমলা হ্যারিসের মধ্যে বিতর্ক হওয়ার কথা রয়েছে। মাইক পেন্স এখনো করোনামুক্ত হলেও, তিনি গত দু দিনে ডোনাল্ড ট্রাম্পসহ কয়েকজন করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। ফলে কমলা হ্যারিসের সঙ্গে তাঁর অনুষ্ঠেয় বিতর্কটি নিয়েও সংশয় তৈরি হয়েছে

সবচেয়ে বড় যে প্রশ্নটি সামনে আসছে, তা হলো নির্বাচন। আর মাত্র এক মাস বাকি নির্বাচনের। এ অবস্থায় দীর্ঘ সময়ের জন্য ট্রাম্পকে প্রচারকাজ থেকে দূরে থাকতে হবে। হোয়াইট হাউসের দেওয়া তথ্যমতে, ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তেমন গুরুতর কোনো লক্ষণ দেখা যায়নি। তবে তাঁর সঙ্গে গত দু দিনে যারা দেখা করেছেন তাঁদের বরাত দিয়ে সিএনএন জানায়, প্রেসিডেন্টকে শারীরিকভাবে দুর্বল মনে হয়েছে। কিন্তু লক্ষণ যত মৃদুই হোক না কেন, তাঁকে ও ফার্স্ট লেডিকে অন্তত ১০ দিন আইসোলেশনে থাকতেই হবে। একেবারে নির্বাচনের আগে আগে হয়তো তাঁর চলাফেরার অনুমতি মিলবে।

কিন্তু এই সময়ের মধ্যেই অনুষ্ঠিত হওয়ার কথা পরের দুটি প্রেসিডেনশিয়াল বিতর্ক। সে ক্ষেত্রে এই বিতর্কের কী হবে? প্রথম বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের আচরণ নিয়ে সমালোচনা থামতে না থামতেই অসুস্থতার কারণে দ্বিতীয় এবং তৃতীয় বিতর্ক অনুষ্ঠানই প্রশ্নের মুখে পড়ে গেল। আগামী ৭ অক্টোবর ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ও কমলা হ্যারিসের মধ্যে বিতর্ক হওয়ার কথা রয়েছে। মাইক পেন্স এখনো করোনামুক্ত হলেও, তিনি গত দু দিনে ডোনাল্ড ট্রাম্পসহ কয়েকজন করোনা আক্রান্তের সংস্পর্শে এসেছিলেন। ফলে কমলা হ্যারিসের সঙ্গে তাঁর অনুষ্ঠেয় বিতর্কটি নিয়েও সংশয় তৈরি হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প নিজেই তাঁর পুরো প্রচার দলকে ঝুঁকিতে ফেলে দিয়েছেন। গত ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম বিতর্কের মঞ্চে তিনি মাস্ক খুলে কথা বলেছিলেন। সাজঘরে মাইক পেন্সের সঙ্গে দীর্ঘ আলোচনা করেছেন। বলা হচ্ছে সে সময়ও তাঁর মুখে মাস্ক ছিল না। এরই মধ্যে রিপাবলিকান ন্যাশনাল কমিটির চেয়ারওম্যান রোনা ম্যাকড্যানিয়েল করোনা আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। হোয়াইট হাউস হয়ে উঠেছে নতুন হটস্পট। ফলে তাঁর পুরো প্রচার দলই এক গভীর সংকটে পড়ল বলা যায়।

সংশয়ে পড়ে গেছে মাইক পেন্স ও কমলা হ্যারিসের মধ্যে অনুষ্ঠেয় বিতর্ক
ছবি: রয়টার্স

এই পরিস্থিতি বাইডেনের জন্যও এক সতর্কবার্তা হয়ে এসেছে। শুক্রবার খবর পাওয়ার পরপরই ট্রাম্প ও ফার্স্ট লেডির ‘দ্রুত আরোগ্য’ কামনা করে টুইট করেছেন বাইডেন। কিন্তু এ তো গেল তাৎক্ষণিক কথার রাজনীতি। সামনের দিনগুলোতে কথা বলা ও প্রচারকাজে বাইরে যাওয়া, সভা ও শোভাযাত্রাগুলো তিনি কীভাবে করবেন, সে প্রশ্ন উঠে গেছে এরই মধ্যে। অনেকেই বাইডেনকে প্রচারকাজের পরিসর কমিয়ে আনার পরামর্শ দিচ্ছেন। এ ক্ষেত্রে অনলাইন প্রচারকেই গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে।

ডোনাল্ড ট্রাম্প অবশ্য এই নীতি মেনেই চলছেন। টুইটার প্রেসিডেন্ট আখ্যা পাওয়া ট্রাম্প এখন টুইটারে আরও বেশি সচল। কিন্তু বাইডেনের পক্ষে এটা অনুসরণ করা কতটা সহজ হবে, তা বোঝা যাচ্ছে না। প্রথমত, সবগুলো জনমত জরিপে এগিয়ে থাকার কারণে গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলোয় সফর করাটা তাঁর জন্য জরুরি। এরই মধ্যে ডাকযোগে ভোট শুরু হয়ে গেছে। কিছু কিছু অঙ্গরাজ্যে আগাম ভোট চলছে, যেখানে তিনি সফর করলে এর ওপর ইতিবাচক প্রভাব হয়তো পড়বে। বাইডেন এখন কোন রাস্তা বেছে নেন, তা দেখার বিষয়। অবশ্য তিনি আগে থেকেই ডিজিটাল বিজ্ঞাপনে প্রচুর ব্যয় করছেন।

ট্রাম্পের এই আক্রান্ত হওয়াটা আসলে অনেক জটিল একটি পরিস্থিতির জন্ম দিয়েছে। তিনি একরোখাভাবে মাস্ক না পরে বিভিন্ন জায়গা সফর করেছেন। এমনকি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে তাঁর প্রস্তাবিত অ্যামি কোনি ব্যারেটসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সাক্ষাতের সময়ও তিনি মাস্ক পরেননি। ফলে ঠিক কতজন আক্রান্ত হয়েছেন, তা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। তাঁর ঘনিষ্ঠ পরিসর এখন শঙ্কায় আছে। এ অবস্থায় প্রশাসনের কেন্দ্রই অচল হয়ে পড়ার ঝুঁকি তৈরি হয়েছে। নির্বাচনের আগে আগে এটি এক গভীর সংকট। এ অবস্থায় মানুষ হোয়াইট হাউসের কাছ থেকে অন্তত এই এ সময়ের জন্য হলেও সত্য তথ্য চায়।