ট্রাম্পের আচরণ আমেরিকা সম্পর্কে ভুল বার্তা

‘তার আচরণ বিশ্বমঞ্চে শক্তির বদলে নারীকে পণ্য হিসেবে উপস্থাপন করেছে।’ ফরাসি ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাখোঁর দৈহিক গড়ন নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের মধ্য দিয়ে আমেরিকান চেতনা সম্পর্কে বিশ্ববাসীর কাছে ভুল বার্তা গেছে, যা বহির্বিশ্বে মার্কিন স্বার্থকে ক্ষুণ্ন করছে।
নারীর প্রতি দৃষ্টিভঙ্গির প্রশ্নে এখন অনেকেরই সমালোচনার তির এখন ছুটে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্টের দিকে। তবে তিনি এতে কতটা বিদ্ধ হচ্ছেন, তা প্রশ্নসাপেক্ষ।
১৩ জুলাই ফ্রান্স সফরে যান ট্রাম্প। সেখানে একটি বিলাসবহুল হোটেলে ট্রাম্প দম্পতিকে স্বাগত জানান ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ ও ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাখোঁ। ব্রিজিতের সঙ্গে কুশল বিনিময়ের সময় ট্রাম্প বলেন, ‘আপনার শারীরিক গড়ন অনেক সুন্দর।’ ব্রিজিত এর কোনো প্রত্যুত্তর না করলেও নিরস্ত হননি ট্রাম্প। তিনি পরে ইমানুয়েল ম্যাখোঁকেও বলেন, ‘তাঁর স্ত্রীর শারীরিক গড়ন সত্যিই সুন্দর।’ পরবর্তী সময়ে ফরাসি প্রেসিডেন্টের ফেসবুক পাতায় এ ভিডিও প্রকাশ হলে শুরু হয় তীব্র সমালোচনা, যা এখনো চলছে।
ফ্রান্স সফরকালে ট্রাম্পের আচরণ বিশ্ববাসীর কাছে আমেরিকা সম্পর্কে ভুল বার্তা নিয়ে গেছে। ফ্রান্স থেকে তাঁর বিদায়পর্বে তিনি অনাকাঙ্ক্ষিত আর কিছু না ঘটালেও আবির্ভাবেই গোল বাঁধিয়েছেন। ফরাসি ফার্স্ট লেডির প্রতি তাঁর স্থূল মন্তব্য বহির্বিশ্বে মার্কিন ভাবমূর্তিকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
অবশ্য ট্রাম্পের মতো আরও অনেকেই নারীর প্রতি এমন মনোভাব পোষণ করেন। শিল্প-সাহিত্যসহ সবখানেই নারী চিত্রিত হচ্ছে পুরুষ দৃষ্টিভঙ্গিতে। কর্মক্ষেত্রেও চিত্র অনেকটা একই রকম। শতকের পর শতক চলে যাচ্ছে, কিন্তু পুরুষতান্ত্রিক এ দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন আসছে না। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, যেসব প্রার্থীর সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা সংক্ষিপ্ত পরিচিতি (প্রোফাইল) পর্যবেক্ষণের সময় চাকরিদাতারা নারী ও পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে ভিন্ন মনোভাব প্রদর্শন করেন। এ ক্ষেত্রে পুরুষ প্রার্থীদের বিভিন্ন লেখা তাদের কাছে গুরুত্ব পেলেও নারীর ক্ষেত্রে শুধু ছবিই থাকে মনোযোগের কেন্দ্রবিন্দুতে।
আমেরিকায় কম আকর্ষণীয় নারীরা তুলনামূলক কম বেতন পান। এক গবেষণায় দেখা গেছে, স্থূলকায় নারীরা তুলনামূলক কম বেতন পান। শুধু তাই নয়, কম আকর্ষণীয় নারীদের শীর্ষ পদে উপস্থিতিও তুলনামূলক কম। এমনকি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও এর বাইরে নয়। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে, ছাত্রদের ক্ষেত্রে দর্শনধারী বিষয়টির তেমন প্রভাব না থাকলেও ছাত্রীদের ক্ষেত্রে এর উল্লেখযোগ্য প্রভাব রয়েছে। দেখা গেছে, আকর্ষণীয় ছাত্রীদের তুলনায় কম আকর্ষণীয় ছাত্রীদের কম গ্রেড পেতে দেখা গেছে।
নারীর প্রতি এ দৃষ্টিভঙ্গির উদ্গাতা স্বয়ং রাষ্ট্র, রাজনীতিক ও সংবাদমাধ্যম। ২০১৩ সালে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল কামালা হ্যারিসকে ‘এখন পর্যন্ত দেশের সবচেয়ে আকর্ষণীয় অ্যাটর্নি’ হিসেবে উল্লেখ করেন তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা। অবশ্য তার আগে তিনি কামালাকে ‘মেধাবী, নিবেদিত ও দৃঢ়’ ব্যক্তিত্বের অধিকারী হিসেবে উল্লেখ করেছিলেন। একই বছর ইসলামিক স্টেটের নৃশংসতার বিষয়ে তদন্তের জন্য জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের প্রতি আহ্বান জানিয়ে আবেগপূর্ণ বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী ও আইনজীবী আমাল ক্লুনি। কিন্তু তাঁর বক্তব্যের ওপর গুরুত্বারোপের বদলে সংবাদমাধ্যমকে তাঁর পোশাক ও আবেগের দিকে বেশি মনোযোগ দিতে দেখা গেছে।
এসবই হয়ে আসছে। কিন্তু ব্রিজিত ম্যাখোঁর বিষয়ে ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যটি গুরুত্বপূর্ণ দুটি কারণে। প্রথমত, এ বক্তব্য তাঁর চরিত্রকেই উন্মোচিত করে। এমন নয় যে ট্রাম্প এ ধরনের মন্তব্য এবারই প্রথম বলেছেন। তিনি এমনকি তাঁর মেয়ে ইভানকা সম্পর্কেও একই ধরনের মন্তব্য করেছেন এর আগে। ইভানকাকে ‘দৃষ্টিসুখকর’ উল্লেখ করে তিনি বলেছিলেন, ইভানকা তাঁর মেয়ে না হলে তিনি তার সঙ্গে ডেট করতেন। তাঁর এ ধরনের আচরণ নারীর প্রতি বৈষম্যমূলক মনোভাব পোষণকারীদের উৎসাহ জোগায়।
দ্বিতীয়ত, ট্রাম্প এ মন্তব্য একটি আন্তর্জাতিক ফোরামে করেছেন। আর এটিই এ ঘটনার সবচেয়ে ভয়াবহ দিক। কারণ, এ ধরনের মঞ্চে মার্কিন প্রেসিডেন্টের কোনো বক্তব্যকে বিশ্ববাসী মার্কিন চেতনা ও পররাষ্ট্রনীতির প্রতিফলন হিসেবে বিবেচনা করে।
অথচ বৈশ্বিকভাবেই নারীর ক্ষমতায়ন মার্কিন সরকারের ঘোষিত অন্যতম লক্ষ্য। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটেই এর সত্যতা পাওয়া যাবে। সেখানে বলা আছে, ‘নারীর ক্ষমতায়নই আমাদের অগ্রাধিকার’। বিশ্বব্যাপী বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, ব্যবসায়ের মতো ক্ষেত্রে নারীর অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও নেতৃত্বগুণ তৈরিতে রয়েছে সরকারি তহবিলও। কিন্তু ট্রাম্পের এ মন্তব্য এই মার্কিন নীতির সঙ্গে সাংঘর্ষিক। কারণ, ব্রিজিত ম্যাখোঁর বিষয়ে তাঁর মন্তব্য বলছে, আমেরিকা নারীকে শক্তি নয় বরং একটি বস্তু হিসেবে গণ্য করে। এটি মার্কিন জনগণের জন্য শুধু অসম্মানজনকই নয়, বরং বহির্বিশ্বে আমাদের স্বার্থের জন্যও ক্ষতিকর।
স্বার্থের বিষয়টি যেহেত এসেছে, এখানে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি প্রতিবেদনের কথা উল্লেখ করা যায়। ওই প্রতিবেদনের তথ্যমতে, বিশ্বের বর্তমান শ্রমশক্তির ৪০ শতাংশই নারী। এ ছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মধ্যেও নারীই সংখ্যাগরিষ্ঠ। আমরা যদি এই বিরাট শক্তিকে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়নসহ বিদ্যমান বিভিন্ন জটিল সমস্যার সমাধানে কাজে লাগাতে চাই, তাহলে সবার আগে তাঁদের প্রতি আমাদের ইতিবাচক মনোভাবের প্রমাণ রাখতে হবে। আমাদের প্রমাণ করতে হবে, নারীকে আমরা বহিরাঙ্গ নয়, বরং মেধা, প্রজ্ঞা, নৈতিকতা ও সাহসের নিক্তিতে তাঁকে বিচার করি।
ফরাসি ফার্স্ট লেডির দৈহিক গড়নের প্রশংসা করে ট্রাম্প হয়তো দেশটির নেতা ও জনগণের কাছে পৌঁছাতে চেয়েছেন। কিন্তু এটি কোনোভাবেই সঠিক পন্থা নয়। এ নিয়ে যে তীব্র সমালোচনা হচ্ছে, তার পরিপ্রেক্ষিতে তিনি পরবর্তী সময়ে তাঁর কৌশল পাল্টাবেন এটাই প্রত্যাশা।
কারা আলাইমো, সহযোগী অধ্যাপক, হফস্ট্রা বিশ্ববিদ্যালয়, জনসংযোগ বিভাগ ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের রাজস্ব বিভাগের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মুখপাত্র