ট্রাম্পের আদেশ স্থগিত করা বিচারক কে?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিত করে সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ আপাতত খুলে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একজন ফেডারেল জজ। যদিও ট্রাম্প এই আদেশের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
কে এই বিচারক? যিনি ট্রাম্পের নির্বাহী আদেশ স্থগিতের ঘোষণা দিলেন? তাঁর নাম জেমস এল রবার্ট। তিনি যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক। দায়িত্ব পালন করছেন ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট অব ওয়াশিংটনে। ২০০৪ সাল থেকে তিনি এখানে দায়িত্ব পালন করছেন।
ট্রাম্প রিপাবলিকান পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এই পার্টি থেকেই নির্বাচিত সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় রবার্ট ফেডারেল বেঞ্চের বিচারক হিসেবে নিয়োগ পান। ২০১৬ সালে তিনি জ্যেষ্ঠতার মর্যাদা পান।
মার্কিন ডিস্ট্রিক্ট কোর্টের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রবার্ট ১৯৪৭ সালে সিয়াটলে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৬৯ সালে হুইটম্যান কলেজ ও ১৯৭৩ সালে জর্জটাউন ল স্কুল থেকে স্নাতক সম্পন্ন করেন। জর্জটাউন ল জার্নালের প্রশাসনিক সম্পাদক ছিলেন তিনি।
১৯৭৩ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত রবার্ট বেসরকারি আইনি প্রতিষ্ঠান লেন পাওয়েল অ্যান্ড মিলারের সঙ্গে যুক্ত ছিলেন। ২০০৩-২০০৪ সালে তিনি ওই প্রতিষ্ঠানের ম্যানেজিং পার্টনার ছিলেন। রবার্ট সমাজসেবামূলক কাজের সঙ্গে ব্যাপকভাবে যুক্ত ছিলেন। তিনি সিয়াটল চিলড্রেনস হোমের সাবেক প্রেসিডেন্ট ও ট্রাস্টি। ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে বলা হয়েছে, তারা শিশু ও শিশুদের পরিবারের প্রয়োজনীয় মানসিক স্বাস্থ্য সেবা দিয়ে থাকে। এ ছাড়া রবার্ট শিশুদের জীবনমানের উন্নতির জন্য পরিবারের সদস্যদের সেবা দেওয়া প্রতিষ্ঠান চিলড্রেনস হোম সোসাইটি অব ওয়াশিংটনের হয়ে ব্যাপকভাবে কাজ করেন।
রবার্ট এর আগেও গণমাধ্যমের খবর হয়েছেন। ২০১৬ সালের আগস্টে আদালতে শুনানি চলাকালে তাঁকে বলতে শোনা গেছে, ‘কৃষ্ণাঙ্গদের জীবন গুরুত্বপূর্ণ’। টুইটারে একটি ভিডিও পোস্টে তাঁকে এ কথা বলতে শোনা যায়।
এ ছাড়া রবার্ট দক্ষিণ-পূর্ব এশিয়ার শরণার্থীদের জন্য বিনা মূল্যে কাজ করেছেন।
অারও পড়ুন