ট্রাম্পের আদেশে গর্ভপাত-সংক্রান্ত ঝুঁকিতে নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেই যেসব নির্বাহী আদেশে সই করেছেন সেগুলোর মধ্যে বিশ্বব্যাপী নারীদের গর্ভপাতের সেবা দেয় এমন এনজিওকে আমেরিকার অর্থসাহায্য জোগানোর ওপর নিষেধাজ্ঞা একটি।
এ আদেশের ফলে বিশ্বব্যাপী লাখ লাখ নারী ঝুঁকির মধ্যে পড়েছেন। লন্ডনের দ্য গার্ডিয়ান বিভিন্ন ব্যক্তির প্রতিক্রিয়ার আলোকে এ আদেশসংক্রান্ত খবরের শিরোনাম করেছে ‘ট্রাম্প কীভাবে বিশ্বব্যাপী নারীদের মৃত্যু পরোয়ানা জারি করলেন’।
ট্রাম্পের এ আদেশের ফলে বিশ্বব্যাপী নারীদের প্রজনন অধিকার, জন্মনিয়ন্ত্রণ, পরিকল্পিত পরিবার গঠনে বাধা সৃষ্টি করবে। এমনকি এইচআইভি, যক্ষ্মা, ম্যালেরিয়ার বিরুদ্ধে চলমান অভিযানকেও ক্ষতিগ্রস্ত করবে।
এ আদেশের ফলে আমেরিকার অর্থসাহায্যে এনজিওর মাধ্যমে পরিচালিত উগান্ডার এইচআইভি ক্লিনিক, কিংবা মোজাম্বিক, নেপাল থেকে নামিবিয়ার ক্লিনিকগুলো বন্ধ হলে গর্ভপাতে ইচ্ছুক নারীরা বিপাকে পড়বেন।
‘ইনজেন্ডারহেলথ’ নামের পরামর্শক সংস্থার প্রেসিডেন্ট এবং নির্বাহী পরিচালক উলা মুলার বলেন, এটা নারীদের অধিকারের ওপর নজিরবিহীন মারাত্মক হামলা। তিনি বলেন, মেয়েরা গর্ভধারণ করলে তাকে স্কুল থেকে বের করে দেওয়া হবে। তাদের জোর করে বিয়ে দেওয়া হবে। তাদেরকে তাদের শ্বশুরবাড়িতে অবস্থান করতে হবে।
‘ইন্টারন্যাশনাল প্ল্যান্ড প্যারেন্টহুড ফেডারেশন’-এর পরিচালক বলেন, আমেরিকার এ উদ্যোগ মিলিয়ন মিলিয়ন নারীর অধিকারকে সংকুচিত করবে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবা দানকারী সংস্থার সেবাদান বন্ধ হবে, যার ওপর দরিদ্র নারীরা নির্ভরশীল।
এ আদেশের ফলে বিশ্বব্যাপী স্বাস্থ্য খাতে ১০ বিলিয়ন ডলার সাহায্য ঝুঁকির সৃষ্টি হয়েছে। এর ফলে সারা বিশ্বে গর্ভপাতে সাহায্য করে এমন সেবা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে।
ট্রাম্পের এ আদেশের ফলে জাতিসংঘ জনসংখ্যা তহবিলে অর্থ প্রদানও বন্ধ হবে। এ অর্থ বিশ্বব্যাপী উদ্বাস্তু শিবিরগুলোকেও দেওয়া হয়। এ আদেশের ফলে বিশ্বব্যাপী দরিদ্র নারীসমাজ স্বাস্থ্য রক্ষায় মারাত্মক ঝুঁকির মুখে পড়বে।
আফ্রিকার নাইজেরিয়া বর্তমান জনবিস্ফোরণের মুখে। ট্রাম্পের আদেশ ওই দেশে নারীদের গর্ভপাতকে কঠিন করবে। এতে ১০ হাজার নারীর মৃত্যু ঘটতে পারে।