ট্রাম্পের আদেশের প্রভাব পড়তে শুরু করেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের বাইরে ভ্রমণে থাকা কর্মীদের ফিরে যেতে বলেছে মার্কিন প্রযুক্তিপ্রতিষ্ঠান গুগল। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন সীমিত করতে নির্বাহী আদেশে সই করার পর গুগল দ্রুত কর্মীদের ফেরত যেতে বলেছে।
ওই আদেশ অনুসারে, ১২০ দিন পর্যন্ত শরণার্থীদের ঢুকতে দেবে না যুক্তরাষ্ট্র। এরপরও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিরীয় শরণার্থীরা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না। সিরিয়া ছাড়াও আরও ছয়টি মুসলিমপ্রধান দেশের নাগরিক বা অভিবাসীদের ওপর কড়া নিয়ম জারি করেছেন ট্রাম্প। দেশগুলো হলো সিরিয়া, ইরান, ইরাক, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেন। এসব দেশের নাগরিক অথবা অভিবাসীরা ৯০ দিন পর্যন্ত যুক্তরাষ্ট্রে ঢুকতে কড়াকড়ির মুখে পড়বে।
বিবিসিকে গুগল কর্তৃপক্ষ বলেছে, ওই আদেশ ও পদক্ষেপ সম্পর্কে তারা অবগত। এর ফলে যুক্তরাষ্ট্রে প্রতিভাবানরা বাধার মুখে পড়বে।

বিবিসির বাণিজ্যবিষয়ক সংবাদদাতা জো লিনাম বলেন, ট্রাম্পের ওই আদেশের অর্থ হচ্ছে, ওই সাতটি দেশের হাজারো অভিবাসীকে ‘গ্রিন কার্ড’ধারী হওয়া সত্ত্বেও যুক্তরাষ্ট্রের বিমানে উঠতে না দেওয়া।
ট্রাম্পের ভাষ্য, এর পদক্ষেপের ফলে ‘মৌলবাদী ইসলামি সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্রের বাইরে থাকবে।’
শরণার্থীদের ওপর ট্রাম্পের নেওয়া এসব কড়া পদক্ষেপের সমালোচনা করে মানবাধিকার সংস্থাগুলো বলছে, যুক্তরাষ্ট্রে সিরীয় শরণার্থী ও সন্ত্রাসবাদের মধ্যে কোনো সম্পর্ক নেই।
ইতিমধ্যে যেসব দেশে তালিকায় রয়েছে, তাদের যুক্তরাষ্ট্রের বিমান থেকে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
আমেরিকান আরব অ্যান্টি-ডিসক্রিমিনেশন কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে, গ্রিন কার্ডসহ অন্য ভিসাধারীরাও যুক্তরাষ্ট্রে যেতে পারছেন না। ওই সাতটি দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রের বাইরে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে আমেরিকান আরব অ্যান্টি-ডিসক্রিমিনেশন কমিটি।
আমেরিকান ইসলামিক রিলেশনস কাউন্সিল ট্রাম্পের ওই নির্বাহী আদেশের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছে।
যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালির প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোতে কর্মরত অনেক কর্মী যুক্তরাষ্ট্র বংশোদ্ভূত নন। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ ট্রাম্পের ওই নির্বাহী আদেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিশাল নোট লিখেছেন। তথ্যসূত্র: বিবিসি