ট্রাম্পের আদেশের বিরুদ্ধে এককাট্টা ৯৪ প্রযুক্তি প্রতিষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুসলিমপ্রধান সাত দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের বিরুদ্ধে এককাট্টা হয়েছে ৯৪টি প্রযুক্তি প্রতিষ্ঠান। ওই আদেশের বিরোধিতা করে আদালতেরও দ্বারস্থ হয়েছে প্রতিষ্ঠানগুলো।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহের মধ্যেই মুসলিমপ্রধান সাতটি দেশের নাগরিকদের সে দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেন। তবে আদালতের নির্দেশে আপাতত ওই নিষেধাজ্ঞা স্থগিত রয়েছে।

ট্রাম্পের আদেশের বিরুদ্ধে আদালতে যাওয়া প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর মধ্যে অ্যাপল, ফেসবুক, গুগল, মাইক্রোসফট, ইনটেল ও টুইটারের মতো প্রতিষ্ঠানগুলোও রয়েছে। তবে আমাজন এবং টেসলা ও স্পেসএক্স এই তালিকায় নেই।

যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর ফেডারেল কোর্টের কোর্ট অব আপিলসে ওই আবেদন করা হয়েছে। আবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্টের এই নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রের উদ্ভাবনী ক্ষমতা ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে প্রতিযোগিতায় থাকা মার্কিন প্রতিষ্ঠানগুলোও। আবেদনে ওই নির্বাহী আদেশকে বেআইনি বলেও দাবি করা হয়। আবেদনে আরও বলা হয়, নিষেধাজ্ঞার আদেশ প্রযুক্তি খাতে মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলবে। কারণ ওই দেশগুলো থেকে মেধাবী প্রযুক্তিবিদদের আনতে পারবে না তারা।

প্রতিষ্ঠানগুলোর আবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রে পঞ্চাশ বছরের বেশি সময় ধরে চলা অভিবাসন প্রক্রিয়ার সততা ও ভবিষ্যদ্বাণীর নীতি কোনো কিছুই নির্বাহী আদেশে প্রতিফলিত হয়নি। ফরচুন সাময়িকীর করা ৫০০ প্রযুক্তি প্রতিষ্ঠানের তালিকায় থাকা ২০০ টিরও বেশি প্রতিষ্ঠান তৈরি করেছে অভিবাসী বা তাঁদের সন্তানেরা।

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান ও দ্য ড্রাম