ট্রাম্পের আপত্তি উপেক্ষা করে সুদহার বাড়াল ফেড

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সতর্কবাণী থাকা সত্ত্বেও আবার নীতিনির্ধারণী সুদের হার বাড়াল যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ। গতকাল বুধবার কেন্দ্রীয় ব্যাংক সর্বসম্মতিক্রমে সুদের হার ২ দশমিক ২৫ শতাংশ করেছে। এর আগে গত সেপ্টেম্বরে সুদের হার শূন্য দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ২ থেকে ২ দশমিক ২৫ শতাংশের সীমায় উন্নীত করা হয়েছিল। এবার তা বরাবর ২ দশমিক ২৫ শতাংশ নির্ধারণ করা হলো।
এই নিয়ে চলতি বছর চতুর্থবার এবং ২০১৫ সাল থেকে নয়বার সুদের হার বাড়াল ফেডারেল রিজার্ভ। অবশ্য, এরপরে আর এত দ্রুত সুদের হার বাড়ানো হবে না বলে জানিয়েছে তারা। বৈশ্বিক প্রবৃদ্ধি নিয়ে শঙ্কা থাকায় নতুন বছরে সুদের হার বৃদ্ধির বিষয়টি ধীরগতিতে করা হবে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গত মঙ্গলবার সুদের হার বাড়ানো নিয়ে ফেডকে সতর্ক করে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সুদের হার বাড়ানোর বিষয়টি ফেডের ‘আরও একটি ভুল’ বলে মনে করেন। এর বদলে বাজার বুঝতে হবে—এমন পরামর্শ দেন ট্রাম্প। তবে ট্রাম্পের ওই সতর্কবার্তা উপেক্ষা করে সুদের হার বাড়ানোই যুক্তিযুক্ত মনে করল ফেড।
গত বছর মার্কিন ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান পদে জানেট ইয়েলেনের স্থলাভিষিক্ত হন জেরোমি পাওয়েল। ট্রাম্প নিজে এই নিয়োগ দিলেও অনিশ্চিত বাজারের জন্য বারবার কেন্দ্রীয় ব্যাংককে দায়ী করে আসছেন তিনি। ট্রাম্পের এই অভিযোগ ফেডের ওপর চাপ ফেলে। কারণ, সাধারণত প্রেসিডেন্টরা জনসমক্ষে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সমালোচনা করেন না।
ট্রাম্প আপত্তি জানালেও এবার সুদের হার বাড়ানোর বিষয়টি প্রত্যাশিতই ছিল। এই পদক্ষেপে ঋণ নেওয়ার বিষয়টি আরও বেশি ব্যয়বহুল করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাঁরা বলছেন, এর ফলে হাউজিংয়ের মতো কিছু খাতের মন্দাবস্থার আরও অবনতি হতে পারে।
গতকাল বুধবার ২০১৯ সালের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাসও কমিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেপ্টেম্বরে ২০১৯ সালে আড়াই শতাংশ প্রবৃদ্ধি হবে বলে আশা করা হলেও এবার তা কমিয়ে ২ দশমিক ৩ শতাংশ করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক অবশ্য এক বিবৃতিতে জানিয়েছে, এই সিদ্ধান্তের কারণে বেকারত্বের হার কম হবে এবং মূল্যস্ফীতি ২ শতাংশের কাছাকাছি থাকবে। এতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক সম্প্রসারণ টেকসই হবে বলে মনে করছে কেন্দ্রীয় ব্যাংক।