ট্রাম্পের আবেদনে সায় দিলেন সুপ্রিম কোর্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রে বিভিন্ন দেশ থেকে শরণার্থী প্রবেশের ওপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা নিষেধাজ্ঞা বিস্তৃত পরিসরে বাস্তবায়নে অনুমোদন দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্ট।

ওই নিষেধাজ্ঞা নিয়ে ট্রাম্প প্রশাসনের এক আবেদনে গত মঙ্গলবার সম্মতি দিয়েছেন মার্কিন সুপ্রিম কোর্টের বিচারপতিরা। নিষেধাজ্ঞা নিয়ে নিম্ন আদালতের একটি সিদ্ধান্ত আটকে দেওয়ার অনুরোধ এই আবেদনে জানানো হয়েছিল। নিম্ন আদালতের সিদ্ধান্তে ট্রাম্পের রক্ষণশীল শরণার্থী নীতি সহজীকরণ করা হয়। মার্কিন বিচার বিভাগের মতে, ওই সিদ্ধান্তের ফলে আগামী মাসের আগে অতিরিক্ত ২৪ হাজার পর্যন্ত শরণার্থী যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেত।

সুপ্রিম কোর্টের এ আদেশ ট্রাম্পকে তাঁর শরণার্থী নীতিতে আংশিক বিজয় এনে দিয়েছে বলে মনে করা হচ্ছে। গত বছরের অক্টোবরে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রে শরণার্থীদের প্রবেশ নিষিদ্ধ করে এক বিতর্কিত নির্বাহী আদেশে সই করেন। এ আদেশের সাংবিধানিক বৈধতা প্রশ্নে মার্কিন হাইকোর্টে গুরুত্বপূর্ণ এক শুনানির প্রস্তুতি চলছে।

ব্যাপক সমালোচনার মুখে ট্রাম্প এ বছরের ৬ মার্চ শরণার্থীদের প্রবেশ নিয়ে একটি সংশোধিত নির্বাহী আদেশে সই করেন। এতে মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছয় দেশ ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া ও ইয়েমেনের নাগরিকদের ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রের মাটিতে প্রবেশ নিষিদ্ধ করা হয়। একই আদেশে অন্যান্য দেশ থেকে যুক্তরাষ্ট্রে যেতে আগ্রহী ব্যক্তিদের জন্য ১২০ দিনের নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই নির্বাহী আদেশ জারির পেছনে যুক্তি হিসেবে রিপাবলিকান প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ‘সন্ত্রাসী’ আক্রমণ ঠেকাতে এ পদক্ষেপ নেওয়াটা জরুরি হয়ে পড়েছে। মার্চে ওই নির্বাহী আদেশ জারির আগে গত জানুয়ারিতে ট্রাম্প একই আদেশের আরও কঠোর সংস্করণ জারি করলে দ্রুত এর বিরুদ্ধে নিম্ন আদালতে চ্যালেঞ্জ জানানো হয়। ফলে ফেব্রুয়ারিতে নিম্ন আদালত তা স্থগিত করে দেন।

আগামী অক্টোবরের পর ট্রাম্প প্রশাসন ওই শরণার্থী প্রবেশ নিষেধাজ্ঞা নবায়ন করতে চাইবে, নাকি স্থায়ী বা আরও দেশের ক্ষেত্রে বাড়াতে চাইবে সে বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি। গত মার্চে ট্রাম্প সংশোধিত নির্বাহী আদেশ জারির পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালত এর কার্যকারিতার আওতা সীমিত করেন। আদালত রুলিং দেন, ট্রাম্পের নিষেধাজ্ঞা মার্কিন সংবিধান ও ফেডারেল অভিবাসন আইনের লঙ্ঘন। হাইকোর্ট এই রুলিং পুনর্বিবেচনা করতে সম্মত হয়েছেন। নিম্ন আদালতের বিচারকেরা গত জুনে দেওয়া রুলিংয়ে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের নাগরিক বা বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের বন্ধনে আবদ্ধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন এই নিষেধাজ্ঞা কার্যকর করতে পারে না।