ট্রাম্পের আমেরিকায় ঠাঁই হবে আহমাদের?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আহমাদ আল খালাফ
আহমাদ আল খালাফ

শরণার্থীশিবিরে বোমা হামলায় দুই হাত উড়ে যায় সিরীয় শিশু আহমাদ আল খালাফের। মারা যায় তার তিন সহোদর। সেটা ২০১৪ সালের কথা। তখন তার বয়স ছিল ৯ বছর।
বর্তমানে আহমাদের বয়স ১১ বছর। সে এখন বাবার সঙ্গে যুক্তরাষ্ট্রে আশ্রয় নিয়েছে। মা ও অন্যান্য ভাইবোন আশ্রয় নিয়েছে তুরস্কের ইস্তাম্বুলে।
যুক্তরাষ্ট্রে গত এক বছর বেশ ব্যস্ত সময় কেটেছে আহমাদের। প্রেসিডেন্ট বারাক ওবামার শেষ স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে হাজির ছিল সে। স্কেটিং শিখেছে। মার্শাল আর্ট ক্লাসে ভর্তি হয়েছে। ফুটবল খেলছে। বাবা একটি মসজিদের নিরাপত্তারক্ষীর চাকরি পেয়েছেন গত জুলাই মাসে। সবই ভালো চলছে, কিন্তু তবু রয়েছে শূন্যতা। মা ও ভাইবোনদের খুব মিস করছে সে।
আশা ছিল মা ও অন্য সহোদরেরা যুক্তরাষ্ট্রে চলে আসতে পারবে। কিন্তু এখন একটু ভয়ও লাগছে। ডোনাল্ড ট্রাম্প যদি দায়িত্ব নেওয়ার পর মুসলিম শরণার্থীদের আসা বন্ধ করেন বা কমিয়ে দেন!
আহমাদের বাবা দিরগাম আল খালাফ তাঁর নিজের ও সন্তানের থাকার অনুমতি চেয়ে আবেদন করেছেন। যদি তাঁদের আবেদন মঞ্জুর হয়, তাহলে পরিবারের অন্য সদস্যদের জন্যও করবেন। তবে তাঁদের আশা-আকাঙ্ক্ষা প্রায় পুরোটাই নির্ভর করছে ট্রাম্পের নীতির ওপর। তিনি কি মুসলিম শরণার্থী নিয়ে তাঁর নির্বাচন-পূর্ব প্রতিশ্রুতি থেকে সরে আসবেন, না অনড় থাকবেন। দিরগাম বলেন, ‘আমি কেবল আশা করতে পারি যে তিনি (ট্রাম্প) সঠিক পদক্ষেপই নেবেন। মানুষ যা-ই বলুক না কেন, আমি আশাবাদী।’
আহমাদ নিজেও বেশ আশাবাদী। তার মতে, ‘বিশ্বে যেকোনো কিছুই সম্ভব। আপনাকে কেবল নিজের ওপর বিশ্বাস রাখতে হবে।’
বিচ্ছিন্ন থাকার ফলে পরিবারটির ওপর নেমে এসেছে নানা মুসিবত। আহমাদের মা উচ্চ রক্তচাপে ভুগছেন। এক ভাইয়ের শ্বাসকষ্ট শুরু হয়েছে। আহমাদও মাকে ছাড়া মনমরা থাকে। পুরো পরিবার একসঙ্গে হতে পারলে সমস্যার অনেকটাই কেটে যেত বলে আশা দিরগাম আল খালাফের।
এই পরিবারের ভবিষ্যতের ব্যাপারে ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর-সংক্রান্ত দলের সঙ্গে ই-মেইলে যোগাযোগ করা হলে কোনো উত্তর পাওয়া যায়নি।