ট্রাম্পের আরও এক উপদেষ্টার পদত্যাগ
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরেক উপদেষ্টা পদত্যাগ করেছেন। হোয়াইট হাউসের সন্ত্রাসবাদ দমনবিষয়ক উপদেষ্টা সেবাস্তিয়ান গোরকার পদত্যাগের খবরটি গত শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যায় পাওয়া যায়।
সেবাস্তিয়ান গোরকার পদত্যাগের মাধ্যমে এ নিয়ে গত সাত মাসে মোট নয়জন শীর্ষস্থানীয় কর্মকর্তা হয় পদত্যাগ করলেন, নয়তো পদচ্যুত হলেন। এর আগে সর্বশেষ ১৮ আগস্ট হোয়াইট হাউস থেকে বিদায় নেন ট্রাম্পের ‘প্রধান কৌশলবিদ’ স্টিভ ব্যানন।
দুজন প্রশাসনিক কর্মকর্তা বলেন, গোরকা ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্পের জাতীয় নিরাপত্তা অ্যাজেন্ডার স্পষ্টবাদী ও লড়াকু সমর্থক। এই প্রশাসনিক কর্মকর্তাদের ভাষ্যমতে, টেলিভিশনে বিভিন্ন অনুষ্ঠানের বাইরে সেবাস্তিয়ানের ভূমিকা ছিল অপরিষ্কার। নীতিনির্ধারণে তিনি গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা রাখেননি এবং জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য ছিলেন না।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেন, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ জেনারেল জন কেলির কাছে শুক্রবার সেবাস্তিয়ান তাঁর পদত্যাগপত্র জমা দেন। তবে অপর এক কর্মকর্তা দাবি করেছেন, ‘সেবাস্তিয়ান পদত্যাগ করেননি, তবে আমি নিশ্চিত করতে পারি, তিনি আর হোয়াইট হাউসে নেই।’