ট্রাম্পের আরও ভুলের অপেক্ষায়ডেমোক্র্যাটরা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

ওয়াশিংটনের নানা নাটকীয়তা সামাল দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত উতরে যাবেন, এমন মনে করছেন তাঁর সমর্থকেরা। চেনা রাজনীতির অচেনা নেতা ডোনাল্ড ট্রাম্পকে একের পর এক বাধা-বিপত্তি পেরোতে হচ্ছে। দেশের গোয়েন্দা বিভাগের প্রধানকে চাকরিচ্যুত করা নিয়ে আকাশে যে মেঘের ঘনঘটা ছিল, তা এখন অনেকটাই হালকা হয়ে এসেছে, মনে করছেন ট্রাম্প সমর্থকেরা। তদন্ত এখনো চলমান।
তবে অনেক প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা প্রেসিডেন্ট ট্রাম্প এখনো নিজের মতো কিছুই করতে পারেননি। তাঁর নেওয়া কোনো পদক্ষেপই রক্ষণশীলদের উচ্ছ্বাসের কারণ ঘটায়নি। আমেরিকায় মুসলমানদের প্রবেশ নিষিদ্ধ বা নিয়ন্ত্রণ থেকে শুরু করে ওবামা কেয়ার বাতিল, কর আইনের সংস্কার থেকে সীমান্তে দেয়াল নির্মাণ—কিছুই এখনো আলোর মুখ দেখেনি। ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, এমন আলোচনা রাজনীতিতে খুব পরিচিত হয়ে ওঠে। সংবাদমাধ্যম থেকে শুরু করে, নাগরিক আন্দোলনসহ অনেক কিছুকেই প্রকাশ্যে যেন তুড়ি মেরে উড়িয়ে দিতে চান প্রেসিডেন্ট ট্রাম্প। জলবায়ু নিয়ে করা বিশ্ব সমঝোতা থেকে সরে এসেছেন। দেশে-বিদেশে কে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র, তা এখন অনেকটাই ধূম্রজালের মধ্যে। পশ্চিমে আমেরিকার চির চেনা মিত্ররা সংশয়ের মধ্যেও প্রেসিডেন্ট ট্রাম্প যেন হেঁটে যাচ্ছেন এক অজানা পথে। তাঁর সমর্থকদের জন্য এ মুহূর্তের সুখবর হচ্ছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের জন্য কংগ্রেসে ভোটাভুটির প্রচেষ্টা থেকে বিরোধী ডেমোক্রেটিক পার্টির সদস্যরা আপাতত সরে আসছেন বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তাঁরা হয় মোক্ষম কোনো সুযোগের অপেক্ষায়, নয় রাজনীতির মাঠে নিজেদের অবস্থান দৃঢ় করার কাজেই মনোযোগী হওয়ার কৌশল গ্রহণ করতে আগ্রহী।
ডেমোক্রেটিক পার্টির ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত ব্র্যাড সারমেন এবং অন্যান্য উদারনৈতিক আইনপ্রণেতাদের এ ব্যাপারে চাপ দিচ্ছেন, যেন প্রেসিডেন্টের ইমপিচমেন্ট থেকে তাঁরা সরে আসেন। এখনই যেন প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনা না হয়।
তবে ডেমোক্র্যাট দলীয় নেতারা মনে করছেন, ট্রাম্পকে অভিশংসনের জন্য আক্রমণাত্মক হওয়ার এখনই সঠিক সময় নয়। এমন প্রয়াস প্রেসিডেন্ট ট্রাম্পের নির্বাচনী প্রচারাভিযান পরিচালনকারীদের সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততাসংক্রান্ত চলমান তদন্তকে ব্যাহত করতে পারে। যদিও ডেমোক্র্যাট দলের উদারপন্থীদের উদ্দেশ্য প্রতিটি ব্যাপারে ট্রাম্পের বিরোধিতা করা।
গত ২৩ জুন মঙ্গলবার ডেমোক্রেটিক পার্টির ককাস বৈঠকে ব্যাপক উত্তেজনা দেখা যায়। এ বৈঠকে ম্যাসাচুসেটস থেকে নির্বাচিত মাইকেল ক্যাপুয়ানো এ মর্মে সতর্ক করেন যে ট্রাম্পকে অভিশংসন করার প্রচেষ্টা থেকে সরে আসার আগে বিষয়টি দলীয় ককাসে আলোচনা হওয়া উচিত। ওবামা কেয়ার রক্ষা ও কর্মসংস্থান সৃষ্টির ব্যাপারে সর্বশক্তি নিয়োগ করার পরামর্শ দিয়ে ডেমোক্র্যাট দলের প্রভাবশালী নেতা ন্যান্সি পেলোসি এবং জোসেফ ক্রাউলি এ যুক্তিতে সমর্থন জুগিয়েছেন।
ক্রাউলি বলেন, এ ধরনের গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে এগিয়ে নিতে হলে ঘরোয়া আলোচনা প্রয়োজন।
এ বার্তা মূলত ব্রেড সেরম্যানের জন্য। তিনি গত ১২ জুন সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসনের উদ্দেশ্যে একটি খসড়া বিল প্রকাশ করেছেন। এতে বলা হয়েছে, জাতীয় প্রতিরক্ষা বিষয়ক সাবেক উপদেষ্টা মাইকেল ফ্লিনের ব্যাপারে তদন্ত বন্ধ করতে ট্রাম্প এফবিআইয়ের সাবেক পরিচালক জেমস কোমিকে চাপ দিয়ে সুবিচারকে বাধাগ্রস্ত করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের ব্যাপারে তদন্ত পরিচালনার সময় ট্রাম্প কোমিকে বরখাস্ত করেন। বৈঠকের পর সেরম্যান বলেছেন, তিনি ডেমোক্রেটিক দলীয় নেতাদের আশ্বস্ত করেছেন যে সমর্থন অর্জন না করা পর্যন্ত তিনি অভিশংসনের জন্য ভোটাভুটিতে যাবেন না।
এ সপ্তাহের শেষ কিংবা আগামী সপ্তাহের প্রথম দিকে সেরম্যান অভিশংসনের বিলটি কংগ্রেসে উত্থাপন করতে পারেন। হাউস জুডিশিয়ারি কমিটি কীভাবে জবাব দেবে, তা স্থির করতে রিপাবলিকান দলীয় নেতারা কয়েক সপ্তাহ সময় পাবেন। এ সংক্রান্ত ভোট আগস্টের আগে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই।
ডেমোক্র্যাট দলের নেতারা এখনো মনে করছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোনো না কোনোভাবে ফেঁসে যাবেন রাশিয়া ইস্যুতে। এমনকি তাঁর নির্বাচনী সহযোগীদের সংশ্লিষ্টতা পাওয়া গেলে অন্তত নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ আরও শক্তভাবে প্রতিষ্ঠিত হবে। সে ক্ষেত্রে তথ্য রাখঢাকের জন্য, গোপন যোগাযোগের জন্য, প্রেসিডেন্ট ট্রাম্পকে বিপাকে ফেলা সহজ হবে।
অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস ১৩ জুন সিনেট ইন্টেলিজেন্স কমিটির সামনে প্রায় আড়াই ঘণ্টা সাক্ষ্য দেন। সাক্ষ্যদানকালে নির্বাচনের সময়ে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলাপচারিতা নিয়ে তাঁকে প্রশ্ন করা হয়। জেফ সেশনস তা উপেক্ষা করায় ডেমোক্র্যাট সদস্যরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন। সেশনসকে উদ্দেশ করে ডেমোক্র্যাট সিনেটর মার্টিন হেনরিচ বলেন, ‘আজ আপনি আপনার ডান হাত উত্তোলন করে সত্য বলার শপথ নিয়েছেন। সত্য বলবেন, পুরোপুরি সত্য এবং অন্যকিছু নয়, শুধু সত্য। এখন আপনি প্রশ্নের উত্তর দিচ্ছেন না। আপনি এ তদন্তকে ব্যাহত করছেন।’
প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগের তদন্ত এফবিআই কীভাবে চালাচ্ছে, তা নিয়ে এফবিআইয়ের পরিচালক জেমস কোমির সঙ্গে কী ধরনের কথা হয়েছে তা জানাতেও সেশনস অস্বীকার করেন। উল্লেখ্য, গত ৯ মে তদন্তের মাঝপথে জেমস কোমিকে বরখাস্ত করা হয়। একইভাবে রাশিয়াসংক্রান্ত তদন্ত থেকে রক্ষা করতে ট্রাম্প জেফ সেশনসের কাছে উদ্বেগ প্রকাশ করেছিলেন কি না, এমন প্রশ্নেরও জবাব দেননি সেশনস। যাঁদের ব্যাপারে রাশিয়াসংক্রান্ত তদন্ত চলছিল, তাঁদের প্রেসিডেন্টের সম্ভাব্য ক্ষমা প্রসঙ্গে বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে কোনো আলোচনা হয়েছিল কি না, তেমন প্রশ্নেরও জবাব দেননি জেফ সেশনস।
এ ধরনের এড়িয়ে যাওয়ার কৌশলের পরিপ্রেক্ষিতে ডেমোক্র্যাট দলীয় সিনেটর রন ওয়েডন বলেন, ‘আমি বিশ্বাস করি, আমেরিকার জনগণ এ বিষয়টিকে জবাব এড়িয়ে যাওয়ার কৌশল হিসেবেই বিবেচনা করবে। আমেরিকানরা এমন কথা শুনতে চায় না যে প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার অধিকার কারও রয়েছে।’ এমন মন্তব্যের উত্তরে সেশনস বলেন, ‘আমি তদন্ত বাধাগ্রস্ত করছি না।’ তাঁর মতে, তিনি বিচার বিভাগের নীতি অনুসরণ করছেন এবং প্রেসিডেন্টের সঙ্গে তাঁর আলাপের ব্যাপারগুলো নিয়ে কথা বলছেন না।
নির্দলীয় সিনেটর অ্যানগুস কিং জানতে চান, প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করার কোনো আইনগত ভিত্তি আছে কি না। এর কোনো সন্তোষজনক উত্তর দিতে পারেননি জেফ সেশনস।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আইনজীবী মাইকেল কোহেন মঙ্গলবার বলেছেন, তাঁকে আগামী ৫ সেপ্টেম্বর হাউস ইন্টেলিজেন্স কমিটির সামনে সাক্ষ্য প্রদানের জন্য ডাকা হয়েছে।
তদন্তের এসব গতি-প্রকৃতি কোথায় গিয়ে দাঁড়াবে, এ নিয়ে নিশ্চিত নয় কোনো পক্ষই। বহিষ্কার হওয়া এফবিআইপ্রধান প্রেসিডেন্টের সঙ্গে আলাপচারিতার বিষয়ে বাইরে প্রকাশ করাটা নিয়েই এখন সমালোচনা করা হচ্ছে। চাকরিচ্যুত হওয়ার পর গোয়েন্দাপ্রধানের সঙ্গে প্রেসিডেন্টের একান্ত আলোচনা বাইরে পাচার করার নৈতিকতা নিয়ে সাবেক গোয়েন্দাপ্রধান কোমির এখন সমালোচনা হচ্ছে।
সব মিলিয়ে ওয়াশিংটনে একের পর নাটকীয় ঘটনা ঘটছে। ডেমোক্র্যাটরা এখন মনে করছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই নিজের জন্য সমস্যা সৃষ্টি করবেন। ডেমোক্র্যাট দলের মূল নেতাদের টার্গেট আগামী মধ্যবর্তী নির্বাচন। সে নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নিজেদের আয়ত্তে নিয়ে আসার জন্য এখনই তাদের মনোযোগ দিতে হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পকেন্দ্রিক ঘটনাগুলো আমেরিকার মাঠের রাজনীতিতে কী প্রভাব ফেলবে, তা এখনই বলা যাচ্ছে না। তাঁর মূল সমর্থকদের মধ্যে এখনো কোনো প্রকাশ্য বিরক্তি লক্ষ করা যাচ্ছে না। যে সমর্থকদের উচ্ছ্বাসের কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন, সে সমর্থনের ভিত্তি স্পষ্ট না হলেও শক্ত। শ্বেতাঙ্গ আমেরিকান সমর্থকদের কাছে এখনো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিকল্প নিয়ে প্রকাশ্য কোনো অবস্থান নেই। তারা এখনো মনে করছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কাজ করতে দেওয়া হচ্ছে না। এর জন্য, ওয়াশিংটনের কায়েমি স্বার্থবাদী এবং মার্কিন চেনা গণমাধ্যমকেও দায়ী।
ডেমোক্র্যাট দলের নেতা সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি গত মঙ্গলবার বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই নিজের অভিশংসন করবেন। প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের জন্য ডেমোক্র্যাটদের রাশিয়া তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অপেক্ষা করার কথা বলেছেন তিনি। ডেমোক্র্যাটদের পক্ষ থেকে কংগ্রেসে ইমপিচমেন্ট প্রস্তাব আনার যে উদ্যোগ নেওয়া হয়েছিল, তা এখনই এগোবে বলে মনে হচ্ছে না। ডেমোক্র্যাটরা তাঁদের কৌশল নির্ধারণের জন্য এখন প্রেসিডেন্ট ট্রাম্পের নিজস্ব বিপর্যয়ের প্রত্যাশায় অপেক্ষা করার বাস্তবতাই এখন আমেরিকার রাজনীতিতে ক্রমেই স্পষ্ট হয়ে উঠেছে।
কংগ্রেসের প্রায় ২০০ সদস্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ১৪ জুন মামলা করেছেন। তাঁদের এ মামলায় বলা হয়েছে, প্রেসিডেন্ট কংগ্রেসের অনুমোদন ছাড়া তাঁর ব্যবসা প্রতিষ্ঠানের মাধ্যমে বাইরের দেশ থেকে অর্থ পাচ্ছেন। মিশিগান থেকে নির্বাচিত কংগ্রেসম্যান জন কনিয়ার্স ১৯৬ জন ডেমোক্র্যাট আইনপ্রণেতাদের সঙ্গে নিয়ে ফেডারেল আদালতে দায়ের করা মামলায় বলেছেন, অন্তত ২৫টি দেশের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যবসায়িক সম্পর্ক রয়েছে এবং প্রেসিডেন্ট তাঁর ক্ষমতাকে ব্যবহার করে এসব দেশ থেকে অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছেন। বিষয়টি সংবিধানের লঙ্ঘন বলে মামলায় দাবি করা হয়েছে। এর আগে মেরিল্যান্ড ও ওয়াশিংটন ডিসির অ্যাটর্নি জেনারেল ৩৭ পৃষ্ঠার অভিযোগ দায়ের করেছেন আদালতে। পৃথক এ মামলায় বলা হয়েছে হোটেলের মাধ্যমে বিদেশি অর্থ পাচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাঁর কর বিবরণী প্রকাশ করার জন্য এ মামলায় আবেদন জানানো হয়েছে।
আমেরিকার ইতিহাসে কখনোই প্রায় ২০০ আইনপ্রণেতা একযোগে প্রেসিডেন্টের বিরুদ্ধে এমন মামলা দায়ের করেননি। এ ব্যাপারে আদালতের বিচারিক কার্যক্রমে কী হবে, তার অপেক্ষা ছাড়া এখনই প্রেসিডেন্ট ট্রাম্পের ইমপিচমেন্ট নিয়ে কোনো প্রকাশ্য উদ্যোগ থেকে সরে দাঁড়ানোর কথাই উঠে আসছে ডেমোক্র্যাটদের পক্ষ থেকে।