ট্রাম্পের আশপাশে করোনা সংক্রমণ বাড়ছে
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ সহকর্মীদের মধ্যে করোনাভাইরাস শনাক্তের সংখ্যা বাড়ছে। সম্প্রতি হোয়াইট হাউসের একাধিক কর্মকর্তা করোনায় সংক্রমিত হয়েছেন। ট্রাম্পের করোনা শনাক্তের পর সংখ্যাটি ক্রমশ বাড়ছে। তাঁকে স্থানীয় সময় ২ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১ অক্টোবর ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের করোনা শনাক্ত হয়। ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তা হোপ হিকস করোনায় সংক্রমিত হওয়ার পর তাঁদের করোনা শনাক্ত হয়।
সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, হোপ হিকস নির্বাচনী প্রচারে ট্রাম্প ও মেলানিয়ার সঙ্গে ছিলেন। হোপের করোনা শণাক্ত হওয়ার পরেই করোনার নমুনা পরীক্ষা করান ট্রাম্প ও মেলানিয়া। ১ অক্টোবর সন্ধ্যায় ট্রাম্প এক টুইট বার্তায় জানান, তিনি ও ফার্স্ট লেডি করোনা পরীক্ষার ফল আসার অপেক্ষায় আছেন। তাঁরা কোয়ারেন্টিনে থাকবেন। ওই পরীক্ষাতেই ট্রাম্প ও মেলানিয়ার করোনা শনাক্ত হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প ও মেলানিয়ার করোনা শনাক্ত হওয়ার পর হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা কেলিয়ান কনওয়ে ও ট্রাম্পের প্রচার শিবিরের ম্যানেজার বিল স্টেপিয়েনও করোনায় সংক্রমিত হয়েছেন।
গত ২৬ সেপ্টেম্বর অ্যামি কোনি ব্যারেটকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে মনোনয়ন দেন ডোনাল্ড ট্রাম্প। সেই অনুষ্ঠানের আয়োজন করা হয় হোয়াইট হাউসের রোজ গার্ডেনে। সেখানে উপস্থিত অতিথিদের অধিকাংশই মাস্ক ব্যবহার করেননি, এমনকি সামাজিক দূরত্বও মানা হয়নি সেখানে। অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়াসহ পাশাপাশি আসনে বসা অন্তত ছয়জন করোনায় সংক্রমিত হয়েছেন। বাকি চারজন হলেন—ইউনিভার্সিটি অব নটর ডেমের প্রেসিডেন্ট জন জেনকিন্স, হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা কেলিয়ান কনওয়ে, ইউটাহর রিপাবলিকান সিনেটর মাইক লি ও নর্থ ক্যারোলাইনার সিনেটর থম টিলিস। ভিডিও চিত্রে দেখা গেছে, এঁদের মধ্যে মাইক লি অতিথিদের সঙ্গে কোলাকুলি করেছেন।
অ্যামি কোনি ব্যারেট ও তাঁর স্বামী গ্রীস্মের শুরুতে করোনায় সংক্রমিত হয়েছিলেন। তাঁরা এখন সুস্থ।
হোয়াইট হাউসের সাবেক উপদেষ্টা কেলিয়ান কনওয়ে, ট্রাম্পের প্রচার শিবিরের ম্যানেজার বিল স্টেপিয়েন ও ট্রাম্পের ঘনিষ্ঠ কর্মকর্তা হোপ হিকস ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জো বাইডেনের বিতর্কের প্রস্তুতির পুরো সময় ধরে প্রেসিডেন্টের পাশেই ছিলেন।
২৬ সেপ্টেম্বর অ্যামি কোনি ব্যারেটকে সুপ্রিম কোর্টের বিচারপতি পদে মনোনয়ন দেন ডোনাল্ড ট্রাম্প। সেই অনুষ্ঠানের আয়োজন করা হয় হোয়াইট হাউসের রোজ গার্ডেনে। সেখানে উপস্থিত অতিথিদের অধিকাংশই মাস্ক ব্যবহার করেননি, এমনকি সামাজিক দূরত্বও মানা হয়নি সেখানে
করোনায় সংক্রমিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্থানীয় সময় ২ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোয়াইট হাউস থেকে এই ঘোষণা আসার পর ওবামা তাঁদের জন্য শুভকামনা জানিয়ে বক্তব্য দেন।
ট্রাম্পকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। টুইটে ট্রাম্প জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। তাঁকে কয়েক দিন হাসপাতালে কাটাতে হতে পারে।
ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসায় ওষুধ হিসেবে রেমডেসিভির দেওয়া হচ্ছে। হোয়াইট হাউসের চিকিৎসা কর্মকর্তা সিন কনলি বলেন, প্রেসিডেন্টের চিকিৎসায় রেমডিসিভির ব্যবহার করা হচ্ছে। তিনি খুব ভালো আছেন। তাঁকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন নেই। তাঁকে অ্যান্টিবডির বিশেষ ককটেলও দেওয়া হয়েছে।
সিন কনলি আরও বলেন, ট্রাম্পকে রেজনারনের অ্যান্টিবডি ককটেলের একটি ডোজ দেওয়া হয়েছে। এই চিকিৎসাপদ্ধতি ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে রয়েছে। বিশেষজ্ঞদের একটি দল ট্রাম্পের চিকিৎসা করছেন। তিনি বলেন, ট্রাম্পের মৃদু করোনা উপসর্গ রয়েছে। তিনি কিছুটা ক্লান্ত। তবে সুস্থ সবল আছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের প্রেস সচিব কেইলে ম্যাকেনানি এক বিবৃতিতে জানিয়েছেন, চিকিৎসকেরা আগামী কয়েক দিন ওয়াল্টার রিড থেকে ট্রাম্পকে দায়িত্বপালন করার পরামর্শ দিয়েছেন। হাসপাতালের বিশেষ একটি কক্ষে ট্রাম্প থাকবেন।