ট্রাম্পের আয়কর তথ্য ফাঁস

নির্বাচনের আগে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বারবার আক্রমণের মুখেও নিজের আয়কর তথ্য প্রকাশ করেননি ডোনাল্ড ট্রাম্প। নিজে না জানালেও এবার তা প্রকাশ করে দিয়েছে মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এমএসএনবিসি।
ফাঁস হওয়া ওই নথি থেকে জানা গেছে, করের বোঝা কমাতে ২০০৫ সালে ট্রাম্প ১০ কোটি ৩০ লাখ ডলার অবলোপন দেখিয়েছিলেন। তবে নথিতে আয়ের উৎস সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ ছিল না। আরও জানা গেছে, ট্রাম্প ২০০৫ সালে আয়ের কার্যকর ২৪ শতাংশ কর হারে অভ্যন্তরীণ রাজস্ব সেবায় ৩ কোটি ৮০ লাখ ডলার জমা করেন। উচ্চ আয়ের করদাতাদের তুলনায় তা ছিল ৩ দশমিক ৪ শতাংশ কম। দেশটিতে এ ধরনের করদাতাদের ২৭ দশমিক ৪ শতাংশ আয়কর দিতে হয়। এর মধ্যে ৫৩ লাখ মার্কিন ডলার কেন্দ্রীয় আয়কর এবং ৩ কোটি ১০ লাখ ডলার বিকল্প ন্যূনতম কর (অল্টারনেটিভ মিনিমাম ট্যাক্স বা এএমটি) হিসেবে অন্তর্ভুক্ত রয়েছে। সম্প্রতিক সময়ে ট্রাম্প নিজে এএমটি রহিত করার আহ্বান জানিয়েছেন। কর্তন এবং পরিহারের সুযোগ নিয়ে সমাজের ধনী ব্যক্তিরা যাতে কর এড়াতে না পারেন, সে জন্য ৫০ বছর আগে যুক্তরাষ্ট্রে এএমটি ব্যবস্থার প্রচলন ঘটানো হয়।
যদিও এই ‘ফাঁস’ নিয়েও বলা হচ্ছে ভিন্ন কথা। নানামুখী সমালোচনার মুখ থেকে সবার দৃষ্টি অন্যদিকে সরাতে তিনি নিজেও এ কাজ করতে পারেন বলে মনে করছেন ট্রাম্পের সমালোচকদের কেউ কেউ। কেননা, ফাঁস হওয়া নথিতে তেমন খারাপ কিছু নেই। তবে হোয়াইট হাউস বলেছে, এভাবে আয়কর রিটার্ন তথ্য ফাঁস করে আইন ভাঙা হয়েছে।
মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এমএসএনবিসি স্থানীয় সময় গত মঙ্গলবার রাতে এক অনুষ্ঠানে ট্রাম্পের আয়কর রিটার্ন নথির দুটি পৃষ্ঠা প্রকাশ করে। ওই নথি থেকে জানা গেছে, ট্রাম্প ২০০৫ সালে আয় করেছিলেন ১৫ কোটি ডলার। এর বিপরীতে কর দিয়েছিলেন ৩ কোটি ৮০ লাখ ডলার।
যুক্তরাষ্ট্রের বিগত দশকগুলোর রাজনৈতিক ইতিহাসের প্রথা ভেঙে নির্বাচনের প্রচারণার সময় আয়কর তথ্য প্রকাশ না করার ব্যাপারে কট্টর অবস্থান নেন ট্রাম্প। এ জন্য তিনি ব্যাপক সমালোচনার মুখেও পড়েন। এরপরও তিনি নিজের আয়কর সম্পর্কিত কোনো তথ্য ফাঁস করেননি।
এমএসএনবিসির অনুষ্ঠানে সাংবাদিক র্যাচেল ম্যাডো বলেন, অর্থ ও বাণিজ্যবিষয়ক সাংবাদিক এবং ট্রাম্পের জীবনীকার ডেভিড কে জনস্টনের কাছ থেকে তিনি দুই পৃষ্ঠার ওই নথি পেয়েছেন। আর জনস্টন জানিয়েছেন, তিনি অজ্ঞাত এমন এক সূত্র থেকে নথিটি পেয়েছেন, যাঁর সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য তাঁর কাছে নেই। তবে সমালোচকদের একাংশ বলছেন, আয়কর নথি ফাঁসের পেছনের ক্রীড়নক হয়তো ট্রাম্প নিজেই। এর পরিপ্রেক্ষিতে যুক্তিও প্রদর্শন করেছেন তাঁরা।
যুক্তরাষ্ট্রের আইনে আয়কর রিটার্ন তথ্য ফাঁস একটি অপরাধ। তবে পুলিৎজার পুরস্কার বিজয়ী সাংবাদিক র্যাচেল ম্যাডো দাবি করেছেন, তাঁর টেলিভিশন নেটওয়ার্ক বাক্স্বাধীনতার অধিকারের আওতায় জনস্বার্থে তথ্যটি ফাঁস করেছে, যে অধিকার যুক্তরাষ্ট্রের সংবিধানে প্রথম সংশোধনীর মাধ্যমে সংযোজিত হয়েছে।
তবে সমালোচকদের একাংশ বলছেন, ডেভিড কে জনস্টনের মাধ্যমে এমএসএনবিসি যে নথি ফাঁস করেছে, তার পেছনে সম্ভবত ট্রাম্প নিজেই রয়েছেন। যুক্তি হিসেবে অনুষ্ঠানের পরপরই ট্রাম্পের ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের টুইটকে উপস্থাপন করছেন তাঁরা। স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ৮ মিনিটে পোস্ট করা ওই টুইটে ট্রাম্পের ছেলে লেখেন, ‘ট্রাম্পকে অপছন্দ করা লোকজনের কাছে তিনি কতটা সফল এবং তিনি ৪ কোটি ডলার কর দিয়েছিলেন, তা প্রমাণ করায় র্যাচেল ম্যাডো আপনাকে ধন্যবাদ।’
আয়কর নথি প্রকাশ করে দেওয়ায় সাংবাদিক কে জনস্টনের ওপর চটেছেন ট্রাম্প। গতকাল বুধবার স্থানীয় সময় সকালে টুইটারে তিনি লেখেন, ‘কেউ কি এমন একজন প্রতিবেদককে বিশ্বাস করবে, যাঁর নাম কেউই শোনেনি, যিনি নিজের মেইলবক্স-এ আমার আয়কর রিটার্ন তথ্য পেয়ে গেলেন?’ তিনি ওই টুইটে তথ্য ফাঁসের সংবাদকে ‘ভুয়া’ বলে আখ্যায়িত করেন।
হোয়াইট হাউসের এক প্রশাসনিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, আইন লঙ্ঘন করে এক দশক আগের আয়কর রিটার্ন তথ্যের দুই পৃষ্ঠা ফাঁসের মাধ্যমে আসলে গল্প ফাঁদার চেষ্টা করা হচ্ছে। আইনগতভাবে যে পরিমাণ কর দেওয়ার কথা ছিল, ট্রাম্প ততটাই দিয়েছেন। ট্রাম্প বিক্রয় ও আবগারি শুল্ক এবং কর্মসংস্থান করও দিয়েছেন। ওই কর্মকর্তা আরও বলেন, যে সময়টায় প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের করব্যবস্থার সংস্কার করে জনগণকে উপকৃত করার কাজে ব্যস্ত, তখন ‘অসৎ’ সংবাদমাধ্যম এই বিষয়টিকে তাঁদের অ্যাজেন্ডার অন্তর্ভুক্ত করতে উন্মুখ হয়ে উঠেছে।