ট্রাম্পের ইফতারে আমন্ত্রণ পায়নি কোনো মুসলিম সংগঠন

এই ইফতার আমদের নয়—প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইফতার আয়োজন নিয়ে আমেরিকার মুসলমানেরা এভাবেই তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। ট্রাম্প ক্ষমতায় আসার প্রথম বছরে কয়েক যুগের প্রথা ভেঙে হোয়াইট হাউস ইফতার আয়োজন থেকে বিরত থাকে। বিতর্ক আর সমালোচনার মুখে নিয়ন্ত্রিত অতিথি নিয়ে ৬ জুন হোয়াইট হাউসে ইফতার আয়োজন করা হয়েছে। তবে এতে অংশ নেন মাত্র ৪০ জন মুসলিম। এঁদের মধ্যে একমাত্র ইমাম ছাড়া আমেরিকার কোনো
প্রভাবশালী মুসলিমকে দেখা যায়নি। কোনো আমেরিকান মুসলিম সংগঠন এই ইফতারে আমন্ত্রণ পায়নি বলে জানা গেছে। আমন্ত্রণ পেলেও অনেকে ট্রাম্পের ইফতার বর্জন করতেন বলে জানিয়েছেন।
হোয়াইট হাউসে ৬ জুন সন্ধ্যার ইফতার আয়োজনে যোগ দিয়েছেন ওয়াশিংটনে অবস্থিত বিভিন্ন মুসলিম দেশের কূটনৈতিক মিশনের লোকজন। বাংলাদেশ, ইউএই, কুয়েত, সৌদি আরব, জর্ডান, ইয়েমেন, গাম্বিয়া, বসনিয়াসহ কিছু কূটনৈতিক মিশনের কর্মকর্তা, ট্রাম্প প্রশাসনের হাতেগোনা কয়েকজন কর্মকর্তা ট্রাম্পের এই ইফতার আয়োজনে অংশ নিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প ইফতার পরবর্তী নৈশভোজে দেওয়া বক্তৃতায় শান্তি ও সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন। রমজানের মর্মার্থকে কাজে লাগিয়ে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে সবার প্রতি তিনি আহ্বান জানান। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় তিনি সবার সহযোগিতা কামনা করেন। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, মধ্যপ্রাচ্যের সঙ্গে সম্পর্কোন্নয়নে তাঁর প্রশাসন গত এক বছরে ব্যাপক কাজ করেছে। সম্মিলিত প্রচেষ্টায় উজ্জ্বল ভবিষ্যৎ ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।
মার্কিন সেনাবাহিনীর চ্যাপ্লেন কর্পের সদস্য লে. কর্নেল দাউদ আবদুল আজিজ আগবিরি ৬ জুন সন্ধ্যায় হোয়াইট হাইসের ইফতারে মোনাজাত পরিচালনা করেন।
প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের আগে থেকেই মুসলিমদের সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পর্ক বৈরী হয়ে উঠে। ২০১৬ সালে নির্বাচনী প্রচারণার সময়ে ট্রাম্প বলেছিলেন, ‘আমি মনে করি ইসলাম আমাদের ঘৃণা করে, প্রচণ্ড ঘৃণা করে। আমাদের এর গভীরে যেতে হবে। ক্ষমতা গ্রহণের পরই তিনি কিছু মুসলিম দেশ থেকে আমেরিকায় ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে নির্বাহী আদেশ জারি করেন। শরণার্থী আসা নিয়ন্ত্রণ করেন। আমেরিকার দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের সিদ্ধান্ত গ্রহণ নেন। উপরন্তু প্রেসিডেন্ট বিল ক্লিনটনের আমল থেকে চলে আসা হোয়াইট হাউসে মুসলিমদের সম্মানে দেওয়া ইফতার আয়োজন থেকেও প্রথম বছরে তিনি বিরত থাকেন।
এবার মাত্র জনা চল্লিশেক মুসলিম কূটনীতিকদের নিয়ে হোয়াইট হাউসের ইফতার আয়োজনে প্রতিক্রিয়া জানিয়েছে আমেরিকার প্রধান প্রধান মুসলিম সংগঠনগুলো। ৬ জুন সন্ধ্যায় আমেরিকার মুসলিম সংগঠনগুলো হোয়াইট হাইসের সামনে ‘নট মাই ইফতার’ ব্যানার নিয়ে পাল্টা ইফতারের ডাক দেয়। কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস—কেয়ারের পরিচালক রবার্ট ম্যাকাও বলেন, ‘আমরা হোয়াইট হাউসের সুবিধাবাদী চরিত্র তুলে ধরতে চাই। ক্ষমতা গ্রহণের প্রথম বছরে ট্রাম্প মুসলমানদের সম্মানে ইফতার আয়োজন বাদ দিলেন। এর মধ্যে মুসলমানদের আমেরিকায় প্রবেশ নিয়ন্ত্রণের উদ্যোগ নিলেন, মুসলমানদের নিয়ে নানা উসকানিমূলক বক্তৃতা দিলেন, মুসলমানদের ওপর নজরদারি বৃদ্ধি করলেন। এখন দেখাচ্ছেন, আমরা সব বন্ধু হয়ে গেছি।’
ইসলামিক সোসাইটি অফ নর্থ আমেরিকার পরিচালক কলিন ক্রিস্টোফার বলেছেন, তারা হোয়াইট হাউস থেকে ইফতারের কোনো আমন্ত্রণ পাননি। হোয়াইট হাউসে আমন্ত্রণ জানানো হয়েছে কিছু দুর্নীতিপরায়ণ মুসলিম প্রধান দেশের কূটনীতিকদের। এসব দেশের সরকারগুলো তাদের দেশের জনগণের ওপর অনাচার করে টিকে আছে। এসব লোকজনের সঙ্গে ইফতার করে বর্তমান প্রশাসন নিজেদের সমতা খুঁজে পাবে। জনগণের চাহিদা ও মানবাধিকারের প্রতি অবজ্ঞা করে বর্তমান প্রশাসন ও এসব আমন্ত্রিত অতিথিরা নিশ্চয়ই ভালো সময় কাটাবেন।
কেয়ারের মুখপাত্র ইব্রাহীম হোমার বলেন, আমেরিকার মূলধারার কোনো মুসলমান ব্যক্তি বা সংগঠন হোয়াইট হাউসের ইফতারের আমন্ত্রণ পেয়েছেন বলে তাঁর জানা নেই। এমন ইফতার আয়োজন আমেরিকার মুসলমানদের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির কোনো উদ্যোগ বলে বিবেচনা করার কোনো কারণ নেই।
মুসলিম ফর প্রগ্রেসিভ ভ্যালু নামের সংগঠনের প্রেসিডেন্ট অ্যানি জনেভেল্ট বলেন, তাঁরা হোয়াইট হাউস থেকে কোনো আমন্ত্রণ পাননি। তিনি বলেন, ‘আমাদের আমন্ত্রণ করলে প্রতিনিধি পাঠাতাম। পবিত্র কোরআনে বলা আছে, তোমার শত্রু যদি শান্তি প্রতিষ্ঠার জন্য এক হাত বাড়িয়ে দেয়, তুমিও হাত বাড়িয়ে দেওয়া উত্তম। কারণ আল্লাহ শান্তি প্রতিষ্ঠাকারীদের ভালোবাসেন।’
মুসলিম পাবলিক অ্যাফেয়ার্সের পরিচালক হুদা হাওয়া বলেন, আমন্ত্রণ পেলেও তাঁরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইফতার বর্জন করতেন। বর্তমান প্রশাসন বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প বারবার প্রমাণ করেছেন, তিনি মুসলিম কমিউনিটির সঙ্গে বিশ্বাসের সম্পর্ক স্থাপনে ইচ্ছুক নয়। হোয়াইট হাউসে এবারের ইফতার আমন্ত্রণে যেসব কূটনীতিক উপস্থিত হয়েছেন, সেসব দেশের সরকারের সঙ্গে ট্রাম্প প্রশাসনের অনেক কিছুরই মিল রয়েছে বলে তিনি মন্তব্য করেন।
রিপাবলিকান মুসলিম কোয়ালিশনের নেতা সাবা আহমেদ বলেন, তাঁরাও আমন্ত্রণ পাননি। আমন্ত্রণ না পেলেও বলা যায়, এটি ভালো উদ্যোগ। দেখে ভালো লাগছে, প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসে মুসলমানদের ইফতার এবং নৈশভোজের ঐতিহ্যটা আবার ফিরিয়ে এনেছেন। সাবা আহমেদ বলেন, ট্রাম্প নানাভাবে মুসলমানদের বিগড়ে দিয়েছেন, এ নিয়ে আমেরিকার মুসলমানদের মধ্যে অনেক ক্ষোভ জমে আছে।