ট্রাম্পের ইমপিচমেন্ট প্রস্তাব কংগ্রেসে উপস্থাপন
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্টের জন্য কংগ্রেসে আনুষ্ঠানিক প্রস্তাব উপস্থাপন করা হয়েছে। গত ১২ জুন ক্যালিফোর্নিয়া থেকে নির্বাচিত ডেমোক্র্যাট ব্রেড স্যারম্যান এ প্রস্তাব উপস্থাপন করেন। গত প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্ত বাধাগ্রস্ত করার অভিযোগে এ ইমপিচমেন্ট প্রস্তাব উপস্থাপন করা হয়েছে।
প্রতিনিধি পরিষদের সদস্য ব্রেড স্যারম্যান বলেছেন, ইমপিচমেন্ট প্রস্তাবটি প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা থেকে অপসারণের দীর্ঘ প্রক্রিয়ার একটি প্রাথমিক পদক্ষেপ। প্রেসিডেন্ট ট্রাম্প ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর আমন্ত্রণে প্যারিসের উদ্দেশে গত বুধবার বিকেলে ওয়াশিংটন ত্যাগ করেছেন। প্রথম বিশ্বযুদ্ধে মার্কিন সেনাসদস্যদের প্রবেশের শততম বার্ষিকীতে যোগ দেওয়ার জন্য তিনি প্যারিস যাচ্ছেন। যদিও এক মাস আগে তিনি বলেছেন, ‘আমি নির্বাচিত হয়েছি আমেরিকার পিটার্সবার্গের লোকজনের সেবা করার জন্য, প্যারিসের জন্য নয়।’ প্যারিস জলবায়ু সমঝোতা থেকে আমেরিকাকে প্রত্যাহার করার পর তিনি এ কথা বলেছিলেন। কঠিন রাজনৈতিক সংকটের এ সময়ে প্রেসিডেন্ট ট্রাম্পের প্যারিস সফরের দিকে তীক্ষ্ণ নজর রাখছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
বুধবার ইমপিচমেন্ট প্রস্তাব উপস্থাপনের পর হোয়াইট হাউসের মুখপাত্র সারা হাকাবি স্যান্ডার্স বলেছেন, এমন প্রস্তাব হাস্যকর ও নিম্নমানের রাজনৈতিক খেলা। ডেমোক্র্যাট দলের নেতারা প্রেসিডেন্ট ট্রাম্পের ইমপিচমেন্ট প্রস্তাব নিয়ে নিজেদের দূরত্ব বজায় রাখছেন। অনেকের ধারণা, এ ধরনের উদ্যোগ প্রেসিডেন্ট ট্রাম্পের গোঁড়া সমর্থকদের শক্তি জোগাবে। এর মধ্যেই ট্রাম্প সমর্থকেরা বলছেন, গণরায় নিয়ে নির্বাচিত প্রেসিডেন্টকে কাজ করতে দেওয়া হচ্ছে না।
ইমপিচমেন্ট প্রস্তাবে ব্রেড স্যারম্যানের সঙ্গে মাত্র আরেকজন ডেমোক্র্যাট আইনপ্রণেতা, টেক্সাস থেকে নির্বাচিত আল গ্রিন স্বাক্ষর করেছেন। প্রেসিডেন্ট ট্রাম্পের অপসারণের জন্য এমন এক সময় প্রস্তাব উপস্থাপন করা হয়েছে, যখন সময়টা কোনোভাবেই তাঁর অনুকূলে নয়। প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে ট্রাম্প জুনিয়রের সঙ্গে গত নির্বাচনের আগে রাশিয়ার একজন আইনজীবীর সঙ্গে সাক্ষাৎকার এবং ই-মেইল বিনিময় নিয়ে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।
এমনিতেই মার্কিন মিডিয়ার তোপের মুখে আছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মধ্যে যোগ হয়েছে তাঁর ছেলের সঙ্গে রাশিয়ার সংযোগের অভিযোগ। হোয়াইট হাউস থেকে ইমপিচমেন্ট প্রস্তাবকে নিম্ন পর্যায়ের রাজনৈতিক খেলা বলা হলেও ওয়াশিংটনের রাজনৈতিক পরিস্থিতি যে মোটেই স্থিতিশীল নয়, এ নিয়ে মার্কিন মিডিয়ায় চলছে জোরালো আলোচনা।