ট্রাম্পের উপদেষ্টা কমিশনের ১০ সদস্যের পদত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতি ও কর্মকাণ্ডের প্রতিবাদে পদত্যাগ করেছেন তাঁর এশিয়া আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ (এএপিআইএস) সংক্রান্ত উপদেষ্টা কমিশনের ১০ সদস্য।
পদত্যাগী ব্যক্তিদের মধ্যে রয়েছেন কমিশনের সভাপতি ও ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের মেডিসিনের অধ্যাপক তুঙ থান নুয়েন এবং ভাইস চেয়ারম্যান ম্যারি ওকাদা।
মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজ ওই পদত্যাগপত্র প্রকাশ করেছে। এতে কমিশনের পদত্যাগী সদস্যরা ট্রাম্পের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। এসব নীতির মধ্যে অন্যতম সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাস্থ্যনীতি ওবামাকেয়ার বাতিল করা ও নির্বাহী আদেশের মাধ্যমে সাতটি মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা। এ ছাড়া তাঁরা অনিবন্ধিত অভিবাসীদের জন্য নিরাপদ আশ্রয় প্রদান করা শহরগুলোতে কেন্দ্রীয় সরকারের অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া সংক্রান্ত প্রস্তাবেরও সমালোচনা করেন। বর্তমানে আদালতের আদেশে ওই নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছে।
কমিশনের সদস্যরা গত মাসে ট্রাম্পের নীতি ও কর্মকাণ্ড নিয়ে তাঁর সঙ্গে বৈঠক করতে চিঠি দিয়েছিলেন। তাঁরা কমিশনের উদ্বেগ এবং আক্রান্ত সম্প্রদায় সম্পর্কে ট্রাম্পকে অবহিত করতে চেয়েছিলেন। কিন্তু মার্কিন প্রেসিডেন্টের পক্ষ থেকে কোনো ধরনের সাড়া দেওয়া হয়নি।
পদত্যাগপত্রে কমিশনের ওই ১০ সদস্য বলেন, তাঁদের পক্ষে ট্রাম্পের অধীনে কাজ করা অসম্ভব। কেননা, ট্রাম্পের কর্মকাণ্ড কমিশনের উদ্দেশ্য ও মূলনীতির বিপরীত। তাঁরা বলেন, মানুষকে অভিবাসী, শরণার্থী হিসেবে চিত্রিত করা, বর্ণ এবং ধর্মের ভিত্তিতে আলাদা করা বিদ্বেষপ্রসূত। এটি হুমকিমূলক এবং জাতীয় মর্যাদার জন্য অবজ্ঞাসূচক।
মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণ-সংক্রান্ত ট্রাম্পের ঘোষণার সমালোচনা করে পদত্যাগী সদস্যরা বলেন, এটি তিক্ততা ও দূরত্ব ছাড়া ভালো কিছুই আনবে না।