ট্রাম্পের ওপর ইভানকার প্রভাব নেই?

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশকে সঠিক দিকনির্দেশনা দিতে সক্ষম হবেন কি না, এ নিয়ে অনেক মানুষই উদ্বিগ্ন। চলতি বছরের শুরুতে ট্রাম্পের উপদেষ্টা হিসেবে তাঁর মেয়ে ইভানকা যখন আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসে যোগদান করেন, তখন এই উদ্বিগ্ন মানুষেরা আশ্বস্ত হন। ট্রাম্পের সঠিক দিকনির্দেশনা পাওয়ার ক্ষেত্রে ইভানকার হোয়াইট হাউসে যোগ দেওয়ার বিষয়টিকে বড় ধরনের পদক্ষেপ বলে তাঁরা বিবেচনা করেছিলেন। কেননা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একমাত্র যাঁর কথা সত্যিকার অর্থেই গুরুত্ব দিয়ে থাকেন, তিনি হলেন ট্রাম্পেরই মেয়ে ইভানকা—এ ধারণা দীর্ঘদিন থেকেই প্রচলিত।
তবে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্সির প্রথম ১৩৪ দিনে এটাই প্রমাণ হয়েছে যে ইভানকাকে নিয়ে বাস্তবতার চেয়ে বেশি মাত্রায় আলোচনা হয়েছে। কারণ, ট্রাম্প যে ইভানকার কথা শোনেন, তার প্রমাণ দিতে তিনি ব্যর্থ হয়েছেন। প্যারিসের জলবায়ু চুক্তিতে যুক্তরাষ্ট্রকে রাখার বিষয়ে ইভানকা তাঁর বাবাকে রাজি করাতে ব্যর্থ হন। ১ জুন ট্রাম্প রোজ গার্ডেনে তাঁর বক্তৃতায় বলেন, ‘আমি পিটসবার্গের নাগরিকদের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত হয়েছি, প্যারিসের নয়।’ এ কথা বলে তিনি ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন। এই ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ওই চুক্তির বাইরে থাকা মাত্র দুটি দেশ সিরিয়া ও নিকারাগুয়ার পর তৃতীয় দেশ হিসেবে আবির্ভূত হলো।
এই ট্রাম্প প্রশাসনে প্রধান কৌশলবিদ হিসেবে কাজ করছেন স্টিভ ব্যানন। তাঁর সঙ্গে যিনি রয়েছেন, তিনি হলেন ট্রাম্পের জামাতা বা ইভানকার স্বামী জ্যারেড কুশনার। এই প্রশাসনের চার মাসে ওই দুজনের মধ্যে বারবার বিবাদের ঘটনা ঘটেছে।
কট্টর জাতীয়তাবাদ, জনগণ এবং প্রতিষ্ঠানবিরোধী রাজনীতির প্রতিনিধিত্ব করছেন ব্যানন। অপর দিকে, ইভানকা ও তাঁর স্বামী কুশনার ব্যাননের চেয়ে অনেক বেশি উদারনৈতিক ও মধ্যপন্থী মানসিকতার। প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ঘোষণার মধ্য দিয়ে ব্যাননের মতাদর্শই জয়লাভ করল। এর মধ্য দিয়ে এটাই স্পষ্ট হলো যে বাবার ওপর ইভানকার বিবেচনাযোগ্য প্রভাব থাকা সত্ত্বেও হোয়াইট হাউসে যোগ দেওয়ার পর তিনি এখনো পর্যন্ত ছোট বা বড় কোনো ধরনের সিদ্ধান্তেই ট্রাম্পকে প্রভাবিত করতে পরেননি। বাণিজ্য, অভিবাসন, স্বাস্থ্যসেবা এবং এখন জলবায়ু—প্রতিটি ইস্যুর ক্ষেত্রেই মেয়ে ও জামাতাকে পাশ কাটিয়ে ট্রাম্প তাঁর রাজনৈতিক ভিত্তির পক্ষে অবস্থান নিয়েছেন।
কৌশিক আহমেদ, সিএনএন অবলম্বনে।