যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে নতুন জাতীয় নিরাপত্তা কৌশল হাজির করেছেন, তাতে রাশিয়া ও চীনকে মার্কিন স্বার্থের বিরুদ্ধে সম্ভাব্য হুমকি হিসেবে চিত্রিত করা হয়েছে। এই দুই ‘সংশোধনবাদী’ দেশ যুক্তরাষ্ট্রের সমৃদ্ধি ও নিরাপত্তা বিঘ্নিত করছে—এ কথা উল্লেখ করে মার্কিন জনগণকে উভয় দেশ থেকে সম্ভাব্য হুমকি বিষয়ে সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
নথিটি প্রকাশের পরপরই বিভিন্ন মহল থেকে ঘোষিত কৌশল ও প্রেসিডেন্ট ট্রাম্পের অনুসৃত নীতির স্ববিরোধিতা চিহ্নিত করে পুরো নথিটিকে ‘হাস্যকর’ বলা হয়েছে। রাশিয়া ও চীনকে হুমকি বলা হলেও ট্রাম্প এ দুই দেশের নেতাদের সঙ্গেই গভীর ব্যক্তিগত সখ্য স্থাপনে আগ্রহ দেখিয়েছেন। গেল বছরের নির্বাচনের সময় রাশিয়া যুক্তরাষ্ট্রের রাজনীতিতে হস্তক্ষেপ করেছে, এই অভিযোগে মার্কিন কংগ্রেসের উভয় কক্ষ তদন্ত করছে। আর ট্রাম্প রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে সে অভিযোগ বাতিল করে দিয়েছেন।
এই নথিতে মস্কো ও বেইজিংকে ‘হুমকি’ হিসেবে উল্লেখ করা হলেও দেশের দুটির সঙ্গে অংশীদারত্বের সম্পর্ক নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। ট্রাম্পের কথা ও ঘোষিত নীতির এই আপাত-বৈপরীত্য উল্লেখ করে ফরেন অ্যাফেয়ার্স সাময়িকী নতুন জাতীয় নিরাপত্তা কৌশলকে ‘আদৌ কোনো কৌশল নয়’ বলে তাকে বাতিল করে দিয়েছে।
নিরাপত্তা কৌশলে কূটনীতির ওপর গুরুত্ব আরোপ করে বলা হয়েছে, জাতীয় নীতি ও আদর্শ রক্ষায় মার্কিন কূটনীতিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ ব্যাপারে ট্রাম্পের ঘোষিত নীতির সঙ্গে পূর্বতন প্রশাসনগুলোর কোনো মৌলিক পার্থক্য নেই। এই নথিতে মার্কিন নিরাপত্তা নীতির চারটি বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে—মার্কিন মূল ভূখণ্ডের নিরাপত্তা রক্ষা, সমৃদ্ধির সংরক্ষণ, শক্তির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা ও মার্কিন প্রভাবের সম্প্রসারণ। কৌশলটি প্রকাশের সময় সোমবার ট্রাম্প যে ভাষণ দেন, তাতে এর বৈশিষ্ট্যগুলোর আন্তসম্পর্ক ব্যাখ্যার বদলে নিজের নির্বাচনী স্লোগান ‘আমেরিকার ফার্স্ট’ নীতি ব্যাখ্যাতেই অধিক সময় ব্যয় করেন। নথিটিতে যুক্তরাষ্ট্রের ‘নবায়নকে’ বিশ্বের জন্য সুসংবাদ, সে কথা জানিয়ে বলা হয়েছে, আমেরিকা যে পুনরায় বিশ্বের নেতৃত্ব গ্রহণ করেছে, তা সারা বিশ্বের কাছে আদৃত হয়েছে।
ওয়াশিংটন পোস্ট পত্রিকা এই ভাষণের কথা উল্লেখ করে লিখেছে, ট্রাম্প এখনো তাঁর নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন। নথিটিতে দক্ষিণ-পূর্ব এশিয়ার ব্যাপারে বিস্তৃত আলোচনা থাকলেও দক্ষিণ এশিয়া বিষয়ে খুব সামান্যই উল্লিখিত হয়েছে। পুরো নথিটিতে ভারত ও পাকিস্তান দুই দেশের নাম মোট আটবার উচ্চারিত হয়েছে, তবে বাংলাদেশ একবারও উল্লিখিত হয়নি। এতে ভারতকে ‘একটি প্রধান বৈশ্বিক শক্তি’ হিসেবে চিহ্নিত করে তার সঙ্গে ঘনিষ্ঠতর সম্পর্ক নির্মাণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। ভারতকে প্রতিবেশী আফগানিস্তানের প্রতি অধিকতর অর্থনৈতিক সহযোগিতার আহ্বান জানিয়ে এতে বলা হয়েছে, যুদ্ধবিধ্বস্ত দেশটির অবকাঠামো উন্নয়নে ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ভারত ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক গভীরতর করার তাগিদ দেওয়ার পাশাপাশি এই নথিতে সন্ত্রাস মোকাবিলায় এ দুই দেশের ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।