ট্রাম্পের কর আইন সংস্কার এবার বাস্তবায়ন হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের কর পরিকল্পনায় সই করার পর সেখানে নিজের স্বাক্ষর দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিস, হোয়াইট হাউস। ২২ ডিসেম্বর। ছবি: রয়টার্স
১ দশমিক ৫ ট্রিলিয়ন মার্কিন ডলারের কর পরিকল্পনায় সই করার পর সেখানে নিজের স্বাক্ষর দেখাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিস, হোয়াইট হাউস। ২২ ডিসেম্বর। ছবি: রয়টার্স

আমেরিকার কংগ্রেসে গত ২০ ডিসেম্বর পাস হওয়া নতুন আয়কর সংস্কার এবারের আয়কর মৌসুমে কোনো প্রভাব ফেলবে না। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্ট’ প্রভাব দেখা যাবে আগামী বছর থেকে। 

নতুন আয়কর সংস্কার কার্যকরের সঙ্গে সঙ্গে মার্কিন কর-ব্যবস্থায় শুরু হয়েছে নতুন অধ্যায়। ট্রাম্প তাঁর আয়কর বিলকে মধ্যবিত্ত শ্রেণির জন্য একটি ‘চমৎকার ও বড়দিনের উপহার’ বলে মন্তব্য করেন। নতুন কর আইনে সাতটি ট্যাক্স রেট নতুন হারে ধার্য করা হয়েছে।

আইআরএসের বরাত দিয়ে আয়কর সংস্কার সম্পর্কে বিস্তারিত জানান নিউইয়র্কের জ্যাকসন হাইটসের কর্ণফুলী ট্যাক্স সার্ভিসেসের প্রেসিডেন্ট ও আইআরএস লাইসেন্সড প্র্যাকটিশনার, এনরোল এজেন্ট মোহাম্মদ হাসেম। তিনি জানান, নতুন আইনে উচ্চবিত্ত, শিল্পপতি ও করপোরেট সংস্থাগুলোকে বিপুল কর ছাড় দেওয়া হয়েছে। বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর কথা উল্লেখ করে নতুন কর-ব্যবস্থায় তাদের আয়কর ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২১ শতাংশ করা হয়েছে। সে তুলনায় কর পরিকল্পনায় মধ্যবিত্তরা খুব বেশি লাভবান হবেন না। তাঁরা আয়করে ছাড় পাবেন কম।
মোহাম্মদ হাসেম বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স কাট অ্যান্ড জব অ্যাক্ট এবারের আয়কর মৌসুমে প্রভাব ফেলবে না। ২০১৮ আয়কর বছরে অর্থাৎ ২০১৯ সালে আয়কর দাখিলের সময় এটির প্রভাব চোখে পড়বে।
এনরোল এজেন্ট মোহাম্মদ হাসেম বলেন, আগের কর আইনে সাতটি ট্যাক্স রেট ধার্য ছিল ১০ শতাংশ থেকে ৩৯ দশমিক ৬ শতাংশ পর্যন্ত। নতুন আইনে সেই সাতটি আয়কর রেট নতুন হারে ধার্য করা হয়েছে ১০ শতাংশ থেকে শুরু করে ৩৭ শতাংশ পর্যন্ত।
১) যৌথ আয়কর দাখিলের জন্য ট্যাক্স রেট হার হচ্ছে—০ মার্কিন ডলার থেকে ১৯ হাজার ৫০ ডলার = ১০ শতাংশ, ১৯ হাজার ৫১ ডলার থেকে ৭৭ হাজার ৪০০ পর্যন্ত ১২ শতাংশ, ৭৭ হাজার ৪০১ ডলার থেকে ১ লাখ ৬৫ হাজার পর্যন্ত ২২ শতাংশ, ১ লাখ ৬৫ হাজার ১ ডলার থেকে ৩ লাখ ১৫ হাজার পর্যন্ত ২৪ শতাংশ, ৩ লাখ ১৫ হাজার ১ ডলার থেকে ৪ লাখ পর্যন্ত ৩২ শতাংশ, ৪ লাখ ১ ডলার থেকে ৬ লাখ পর্যন্ত ৩৫ শতাংশ, ৬ লাখ ১ ডলার এবং এর ওপরে ৩৭ শতাংশ।
ব্যক্তিগত আয়করের জন্য ট্যাক্স রেট হার হচ্ছে ০ ডলার থেকে ৯ হাজার ৫২৫ পর্যন্ত ১০ শতাংশ, ৯ হাজার ৫২৬ ডলার থেকে ৩৮ হাজার ৭০০ পর্যন্ত ১২ শতাংশ, ৩৮ হাজার ৭০১ ডলার থেকে ৮২ হাজার ৫০০ পর্যন্ত ২২ শতাংশ, ৮২ হাজার ৫০১ থেকে ১ লাখ ৫৭ হাজার ৫০০ পর্যন্ত ২৪ শতাংশ, ১ লাখ ৫৭ হাজার ৫০১ ডলার থেকে ২ লাখ পর্যন্ত ৩২ শতাংশ, ২ লাখ ১ ডলার থেকে ৫ লাখ পর্যন্ত ৩৫ শতাংশ, ৫ লাখ ১ ডলারে ওপরে ৩৭ শতাংশ।
মেরিড ফাইলিং আলাদা ফাইলারের জন্য ট্যাক্স রেট হার হচ্ছে ০ ডলার থেকে ৯ হাজার ৫২৫ পর্যন্ত ১০ শতাংশ, ৯ হাজার ৫২৬ ডলার থেকে ৩৮ হাজার ৭০০ পর্যন্ত ১২ শতাংশ, ৩৮ হাজার ৭০১ ডলার থেকে ৮২ হাজার ৫০০ পর্যন্ত ২২ শতাংশ, ৮২ হাজার ৫০১ ডলার থেকে ১ লাখ ৫৭ হাজার ৫০০ পর্যন্ত ২৪ শতাংশ, ১ লাখ ৫৭ হাজার ৫০১ ডলার থেকে ২ লাখ পর্যন্ত ৩২ শতাংশ, ২ লাখ ১ ডলার থেকে ৩ লাখ পর্যন্ত ৩৫ শতাংশ, ৩ লাখ ১ লাখ এবং এর ওপরে ৩৭ শতাংশ।
হেড অব হাউসহোল্ড ফাইলারের জন্য ট্যাক্স রেট হার হচ্ছে ০ থেকে ১৩ হাজার ৬০০ পর্যন্ত ১০ শতাংশ, ১৩ হাজার ৬০১ থেকে ৫১ হাজার ৮০০ পর্যন্ত ১২ শতাংশ, ৫১ হাজার ৮০১ থেকে ৮২ হাজার ৫০০ পর্যন্ত ২২ শতাংশ, ৮২ হাজার ৫০১ থেকে ১ লাখ ৫৭ হাজার ৫০০ পর্যন্ত ২৪ শতাংশ, ১ লাখ ৫৭ হাজার ৫০১ থেকে ২ লাখ পর্যন্ত ৩২ শতাংশ, ২ লাখ ১ ডলার থেকে ৫ লাখ পর্যন্ত ৩৫ এবং ৫ লাখ ১ ডলার ও এর ওপরে ৩৭ শতাংশ।
২) স্ট্যান্ডার্ড ডিডাকশন: আরেকটি বড় ধরনের পরিবর্তন এসেছে স্ট্যান্ডার্ড ডিডাকশনের ক্ষেত্রে। মেরিড ফাইলিং জয়েন্টলি ২৪ হাজার ডলার, হেড অব হাউসহোল্ড ১৮ হাজার ডলার, সিঙ্গেল ১২ হাজার ডলার, মেরিড ফাইলিং আলাদাভাবে ১২ হাজার ডলার। এ ছাড়া ৬৫ বছরের বেশি বয়স অথবা প্রতিবন্ধী ব্যক্তির জন্য ১ হাজার ৬০০ ডলার, অবিবাহিত ব্যক্তি ১ হাজার ৩০০ ডলার।
৩) ব্যক্তিগত অব্যাহতি: বিগত আইনে ব্যক্তিগত অব্যাহতির পরিমাণ ছিল ৪ হাজার ৫০ ডলার। কিন্তু বর্তমান আইনে এই নিয়মে পরিবর্তন আনা হয়েছে। নতুন আইনে ব্যক্তিগত অব্যাহতি পুরোপুরি বাদ দেওয়া হয়েছে।
৪) চাইল্ড ট্যাক্স ক্রেডিট: বিগত আইনে চাইল্ড ট্যাক্স ক্রেডিটের পরিমাণ ছিল ১ হাজার ডলার। বর্তমান আইনে এ ক্ষেত্রে পরিবর্তন আনা হয়েছে। এখন চাইল্ড ট্যাক্সের পরিমাণ ধার্য করা হয়েছে ২ হাজার ডলার। এর মধ্যে ফেরতযোগ্য পরিমাণ হলো ১ হাজার ৪০০ ডলার। নতুনভাবে সংযোজন করা হয়েছে কোয়ালিফায়িং ডিপেনডেন্ট। এ ক্ষেত্রে তার জন্য অফেরতযোগ্য ক্রেডিট হিসাবে ধার্য করা হয়েছে ৫০০ ডলার।
৫) আইটেমাইজ ডিডাকশন: এস্টেট ট্যাক্স, লোকাল ইনকাম ট্যাক্স: এস্টেট ট্যাক্স, লোকাল ইনকাম ট্যাক্স, সেলস ট্যাক্স অথবা রিয়েল এস্টেট ট্যাক্সে আগের আইনে ডিডাকশনের ব্যবস্থা ছিল। বর্তমান আইনে এস্টেট ট্যাক্স, লোকাল ইনকাম ট্যাক্স ও প্রোপার্টি ট্যাক্স—এই তিনটি মিলে সর্বোচ্চ ১০ হাজার পর্যন্ত ডিডাকশন নেওয়া যাবে।
চিকিৎসা ব্যয়: আগের কর আইনে অ্যাডজাস্টেড গ্রস আয়ের ৭ দশমিক ৫ শতাংশের ওপরে গেলে ডিডাকশন নেওয়া যেত। নতুন আইনে এটি বাড়িয়ে ১০ শতাংশ পর্যন্ত করা হয়েছে।
দাতব্য অনুদান: দাতব্য অনুদানের আয়ের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছে। তবে এটি আইটেমাইজ ডিডাকশনে সংযুক্ত করা যাবে।
বন্ধকি সুদ: নতুন আইনে ৭ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত ঋণের বন্ধকি সুদ ডিডাকশন নেওয়া যাবে। আগের আইনে ১০ লাখ ডলার পর্যন্ত বন্ধকি সুদ নেওয়া যেত।
টিচার এক্সপেন্স: টিচার এক্সপেন্স সাপ্লাইয়ের জন্য ২৫০ ডলার পর্যন্ত বাদ দিতে পারবে।
মুভিং খরচ: আর্মড ফোর্সেস অথবা মিলিটারি ব্যক্তি ব্যতীত আর কোনো সাধারণ জনগণের জন্য প্রযোজ্য নয়।
এলিমনি: নতুন আইনে এলিমনি ডিডাকশন নেওয়া যাবে না।
এফোরডেবল কেয়ার অ্যাক্ট: ডোনাল্ড ট্রাম্পের ট্যাক্স রিফর্মে এফোরডেবল কেয়ার অ্যাক্ট বাবদ পেনাল্টি থাকবে না।
৬) স্টুডেন্ট লোন ইন্টারেস্ট ডিডাকশন: স্টুডেন্ট লোন ইন্টারেস্টের পরিমাণ আগের হিসাব অনুযায়ী ২ হাজার ৫০০ ডলার বহাল থাকবে।
৭) ট্যাক্স রেটস: নতুন আইনে করপোরেশনের ট্যাক্স রেট ৩৫ শতাংশ থেকে কমিয়ে ২১ শতাংশ করা হয়েছে।
অলটারনেটিভ মিনিমাম ট্যাক্স: নতুন আইনে করপোরেশনের ক্ষেত্রে অলটারনেটিভ মিনিমাম ট্যাক্স আর থাকবে না।
পাস থ্রো বিজনেস: নতুন আইনে অংশীদারত্ব, এস করপোরেশন অথবা সোল প্রপার্টিশিপের ক্ষেত্রে ২০ শতাংশ ডিডাকশন নেওয়া যাবে।
করপোরেশন ট্যাক্স রেট অনির্দিষ্টকালের জন্য কার্যকর করা হলেও ব্যক্তি খাতে আয়করের হার ২০২৫ সাল পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছে আইআরএস লাইসেন্সড প্র্যাকটিশনার মোহাম্মদ হাসেম।