ট্রাম্পের করোনা থাকলে বিতর্কে নারাজ বাইডেন

গত ২৯ সেপ্টেম্বর ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়ছবি: এএফপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শরীরে এখনো করোনাভাইরাস থাকলে তাঁর সঙ্গে দ্বিতীয় বিতর্কে অংশ নেওয়ার বিপক্ষে মত দিয়েছেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন। আজ বুধবার সিএনএন অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন গতকাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন, ‘আমি মনে করি, তাঁর (ট্রাম্প) যদি এখনো কোভিড থাকে, তাহলে আমাদের মধ্যে বিতর্ক হওয়া উচিত নয়।’

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রার্থীদের মধ্যে তিনটি বিতর্ক হয়। গত ২৯ সেপ্টেম্বর ট্রাম্প ও বাইডেনের মধ্যে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হয়। সেই বিতর্কে দুই প্রার্থী তীব্র বাদানুবাদে জড়ান। তাঁদের মধ্যে তিক্ত বাক্য বিনিময়ও হয়। বিতর্কে তাঁরা পরস্পরকে ব্যক্তিগত আক্রমণ করেন। ট্রাম্প ও বাইডেনের মধ্যকার প্রথম বিতর্কটিকে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বিশৃঙ্খল বিতর্ক হিসেবে বর্ণনা করছেন অনেকে।

ট্রাম্প ও বাইডেনের মধ্যে দ্বিতীয় বিতর্ক আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার তারিখ নির্ধারিত আছে। মিয়ামিতে টাউন হল ফরম্যাটে এই বিতর্কটি হওয়ার কথা। তৃতীয় বিতর্কটি হওয়ার তারিখ নির্ধারিত আছে ২২ অক্টোবর। এই বিতর্কটি হওয়ার কথা ন্যাশভিলে।

গত শুক্রবার ট্রাম্প করোনায় সংক্রমিত হওয়ার কথা জানান। এ অবস্থায় পরবর্তী বিতর্ক ও তাঁর নির্বাচনী প্রচার নিয়ে অনিশ্চয়তা সৃষ্টি হয়। তিন রাত হাসপাতালে কাটিয়ে সুস্থ না হয়েই গত সোমবার সন্ধ্যায় হোয়াইট হাউসে ফিরে আসেন ট্রাম্প। এ নিয়ে সমালোচনা চলছে।

ট্রাম্পের চিকিৎসকেরা বলেছেন, প্রেসিডেন্টের করোনার উপসর্গগুলোর উপশম ঘটেছে। তিনি সুস্থ হয়ে উঠছেন।

উপসর্গ না থাকলেও কোভিড-১৯ রোগে আক্রান্ত ব্যক্তিকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আইসোলেশনে থাকতে হয়। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) নির্দেশনা অনুযায়ী, জ্বরসহ অন্য কোনো উপসর্গ না থাকলেও করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসার পরও অন্তত ১০ দিনের জন্য রোগীকে আইসোলেশনে থাকতে হয়। না হলে অন্যদের তাঁর দ্বারা সংক্রমিত হওয়ার আশঙ্কা থাকে।

প্রেসিডেন্ট ট্রাম্প মঙ্গলবার নিজেই একটি টুইট করে বলেন, তিনি ১৫ অক্টোবর সন্ধ্যায় মিয়ামিতে অনুষ্ঠেয় বিতর্কের দিকে তাকিয়ে আছেন। বিতর্কটি দুর্দান্ত হবে বলে তাঁর আশা।

একই দিন ট্রাম্পের প্রচার শিবির থেকে বলা হয়েছে, প্রেসিডেন্ট প্রার্থীদের পরবর্তী বিতর্কে ডোনাল্ড ট্রাম্প সশরীরে উপস্থিত থাকবেন।

ট্রাম্পের সঙ্গে দ্বিতীয় বিতর্কে অংশ নেওয়া প্রসঙ্গে বাইডেন বলেন, ‘আমি মনে করি, আমাদের খুব কঠোর নির্দেশিকা অনুসরণ করা উচিত। অনেক মানুষ সংক্রমিত হয়েছে। এটা একটি অত্যন্ত গুরুতর সমস্যা।’

বাইডেন বলেছেন, তিনি বিশেষজ্ঞদের নির্দেশিকা অনুযায়ী চলবেন।