ট্রাম্পের করোনার ধাক্কা শেয়ারবাজার ও তেলের দামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর বিশ্বে এক বড় ঝাঁকুনি দিয়েছে। বিশেষ করে পুঁজিবাজারের ঝাঁকুনিটা বেশি। নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, শুধু যুক্তরাষ্ট্রে না, এর প্রভাব পড়েছে এশিয়ার পুঁজিবাজারেও।

করোনায় সংক্রমিত ডোনাল্ড ট্রাম্পকে স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ আছেন বলে টুইট করে জানিয়েছেন খোদ প্রেসিডেন্ট। তাঁর স্ত্রী মেলানিয়াও আক্রান্ত হয়েছেন।

বিশ্ব নেতাদের মধ্যে ট্রাম্পই প্রথম করোনায় আক্রান্ত হলেন না। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এবং ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বোলসোনারো করোনায় আক্রান্ত হয়েছিলেন। বরিস জনসননের অবস্থা বেশ খারাপ হয়ে যাওয়ায় তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিতে হয়েছিল।

প্রেসিডেন্ট ট্রাম্পের বয়স এখন ৭৪। মার্কিন চিকিৎসকদের কেউ কেউ বলেছেন, তাঁর উচ্চ ঝুঁকি আছে।

চীনের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর চায়না অ্যান্ড গ্লোবালাইজেসনের প্রধান উয়াং হুয়াইও বলেছেন, ‘বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন আক্রান্ত হন তখন বলা যায় ভাইরাসের কোনো গণ্ডি নেই।’

ট্রাম্পের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবরে গতকাল শুক্রবার শেয়ারবাজার পড়ে গেছে। এর ফলে এশিয়া এবং ইউরোপের আর্থিক বাজার পড়ে গেছে এক শতাংশ। কোনো কোনো বাজার খোলার পর সূচকে সামান্য অগ্রগতি দেখা গেছে। এসঅ্যান্ডডি ৫০০ এ সূচক পড়ে গেছে ১ দশমিক ৭ শতাংশ। ডাউ জোনস-এ সূচক কমেছে শূন্য দশমিক ৪৮ শতাংশ।

বিশ্বের অন্যতম সেরা পুঁজিবাজারে জাপানের নিক্কেইয়ে লেনদেন কমেছে শূন্য দশমিক ৭ শতাংশ। এ ছাড়া সিডনি, সিঙ্গাপুর ও ব্যাংককে লেনদেন কমেছে এক শতাংশের বেশি।

ট্রাম্পের অসুস্থ হওয়ার এ খবরে তেলের বাজারেও প্রভাব ফেলবে বলে মনে করা হচ্ছে। কোভিড-১৯ মহামারির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম অনেক আগে থেকে নিম্নমুখী। ট্রাম্পের আক্রান্তের খবরের পর জ্বালানি তেলের দাম আরও কমেছে। আগের দিনের তুলনায় শুক্রবার জ্বালানি তেলের দাম কমেছে প্রায় ৩ শতাংশ। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল ২ দশমিক ৪২ শতাংশ কমে ব্যারেল প্রতি দাম দাঁড়ায় ৩৯ দশমিক ৯৪ ডলার। যুক্তরাষ্ট্রে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ২.৪৩ শতাংশ কমে ব্যারেল প্রতি দাম দাঁড়ায় ৩৭ দশমিক ৭৮ ডলার।