ট্রাম্পের কাছে হেরে সরে দাঁড়ালেন ক্রুজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প ও টেড ক্রুজ।
ডোনাল্ড ট্রাম্প ও টেড ক্রুজ।

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের প্রাইমারি নির্বাচনে ভালো ফল করবেন বলে গতকাল মঙ্গলবার দুপুর পর্যন্ত আশায় ছিলেন সিনেটর টেড ক্রুজ। সেখানে পরাজিত হলেও প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাবেন বলে জোর গলায় বলেছিলেন। কিন্তু ভোট গণনা শেষ হওয়ার আগেই ক্রুজ স্বীকার করলেন, এই প্রতিদ্বন্দ্বিতা চালানোর আর কোনো অর্থ নেই।
রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার কোনো আশাই অবশিষ্ট নেই বুঝতে পেরে রাত নয়টার দিকে এক ভাষণে ক্রুজ ঘোষণা করেন, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।
ইন্ডিয়ানায় ক্রুজের উল্লেখযোগ্য সমর্থন রয়েছে—এই বিশ্বাসে তিনি গত দুই সপ্তাহে অঙ্গরাজ্যটিতে তাঁর সব শক্তি নিয়োগ করেছিলেন। নিজ প্রচারণা কমিটি ও দুটি সমর্থক গোষ্ঠী মিলে ইন্ডিয়ানায় ট্রাম্পের বিরুদ্ধে মোট ৬০ লাখ ডলার খরচ করেছিলেন ক্রুজ।
জয় পেতে ওহাইওর গভর্নর জন কেইসিকের সঙ্গে ক্রুজ ভোট ভাগাভাগির একটি চুক্তিও করেছিলেন। ওই চুক্তির অধীনে কেইসিক ইন্ডিয়ানায় প্রতিদ্বন্দ্বিতা না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু এতেও শেষ রক্ষা হয়নি। ১৭ পয়েন্টের ব্যবধানে ট্রাম্পের কাছে ক্রুজ হেরেছেন।
প্রতিদ্বন্দ্বিতা থেকে ক্রুজ সরে যাওয়ার ফলে রিপাবলিকান দলের মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে ট্রাম্পের আর কোনো বড় বাধা রইল না।

আরেক প্রতিদ্বন্দ্বী জন কেইসিক লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেছেন। কিন্তু তাঁর ওই কথার ওপর কারও খুব বেশি আস্থা আছে বলে মনে হয় না।

ক্রুজ সরে যাওয়ার ঘোষণা দেওয়ার মিনিট কয়েকের মধ্যে রিপাবলিকান দলের সভাপতি প্রিবাস টুইটারে একটি বার্তা দিয়েছেন। ওই বার্তায় অহেতুক লড়াই চালিয়ে যাওয়ার পরিবর্তে ট্রাম্পের প্রার্থিতার সমর্থনে ঐক্যবদ্ধ হতে দলের নেতা-কর্মীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

নিজের বিজয় ভাষণে ট্রাম্প তাঁর চিরাচরিত বাগাড়ম্বর ত্যাগ করে ক্রুজকে ‘একজন কঠিন প্রতিযোগী’ হিসেবে বর্ণনা করেন।

ট্রাম্প তাঁর বিজয় ভাষণে নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করার লক্ষ্যে সব শক্তি নিয়োগের ঘোষণা দেন। তিনি বলেন, ‘হিলারিকে প্রবলভাবে আক্রমণ করব কথা দিচ্ছি। হিলারি মোটেই ভালো প্রেসিডেন্ট হবেন না। অত্যন্ত দুর্বল প্রেসিডেন্ট হবেন হিলারি।’

এদিকে ডেমোক্রেটিক দলের প্রাইমারি নির্বাচনে হিলারিকে ৪ পয়েন্টের ব্যবধানে পরাজিত করে নিজের লড়াই অব্যাহত রাখার কথা ঘোষণা করেছেন বার্নি স্যান্ডার্স।

অধিকাংশ বিশ্লেষক একমত, ডেলিগেটের হিসেবে স্যান্ডার্সের চেয়ে হিলারি এতটাই এগিয়ে যে ইন্ডিয়ানাতে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী পরাজিত হলেও তাঁর দলীয় মনোনয়ন হারানোর কোনো আশঙ্কা নেই।

স্যান্ডার্স নিজেও রূঢ় বাস্তবতা জানেন। তাই তাঁর ইঙ্গিত, প্রেসিডেন্ট পদে মনোনয়ন পেতে লড়ছেন না তিনি। তাঁর লক্ষ্য দলের মনোনয়ন-প্রক্রিয়া ও রাজনৈতিক কর্মসূচির ওপর প্রভাব বিস্তার করা।

আগেই স্যান্ডার্স জানিয়েছেন, হিলারিকে সমর্থন করতে প্রস্তুত তিনি। তবে তার আগে তিনি দেখতে চান হিলারি তাঁর রাজনৈতিক ইশতেহারে কোন কোন বিষয় অন্তর্ভুক্ত করেন।

সবশেষ গতকাল রাতে নির্বাচনের ফলাফল হাতে পাওয়ার আগে স্যান্ডার্স যে ভাষণ দেন, এতে তিনি হিলারিকে আক্রমণ করেননি।