ট্রাম্পের ক্ষমতা সীমিত করতে কংগ্রেসে প্রস্তাব

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক পদক্ষেপ নেওয়ার ক্ষমতা সীমিত করতে একটি প্রস্তাব উঠতে যাচ্ছে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে। গত রোববার স্থানীয় সময় রাতে এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি।
বিবৃতিতে পেলোসি বলেন, এর আগে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে টিম কেইনের উত্থাপিত একটি প্রস্তাবের অনুরূপ হবে নতুন প্রস্তাবটি। ওই প্রস্তাবে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে কংগ্রেস যদি নতুন কোনো ব্যবস্থা না নেয়, তাহলে পরবর্তী ৩০ দিনের মধ্যে সামরিক উত্তেজনা বন্ধ করতে হবে প্রশাসনকে। তবে প্রস্তাবটি কবে প্রতিনিধি পরিষদে তোলা হবে এবং সেই বিষয়ে ভোটাভুটি হবে কবে তা অবশ্য জানাননি পেলোসি।
গত শুক্রবার ইরাকের বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের ড্রোন থেকে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন ইরানের রেভল্যুশনারি গার্ডসের বিশেষ বাহিনী কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাশেম সোলাইমানি। এ ঘটনায় ট্রাম্পের সমালোচনা করেন কংগ্রেসের অনেক সদস্য। যদিও জরুরি প্রয়োজনে সামরিক পদক্ষেপ নিতে কংগ্রেসের অনুমতি নেওয়ার আইনগত কোনো বাধ্যবাধকতা নেই প্রেসিডেন্টের।