ট্রাম্পের ক্ষমতা হ্রাসে এককাট্টা সিনেট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে মস্কোর ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ব্যাপারে একমত হয়েছেন মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের রিপাবলিকান ও ডেমোক্রেটিক দলের সদস্যরা। সেই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন রাশিয়ার ওপর আরোপিত কোনো নিষেধাজ্ঞা তুলে নিতে না পারেন, সে জন্য প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাসেরও সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

এর আগে ট্রাম্প বলেছিলেন, মস্কোর সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তাঁর কিছুটা হলেও কূটনৈতিক স্বাধীনতার প্রয়োজন রয়েছে। ধারণা করা হচ্ছে, তাঁর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ক্ষেত্রে প্রেসিডেন্টের ক্ষমতা হ্রাসের চিন্তা চলছে।

রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিলটি এরই মধ্যে মার্কিন সিনেটে পাস হয়েছে। আগামীকাল মঙ্গলবার প্রতিনিধি পরিষদে এর ওপর ভোট হবে। এ বিলে ইরান ও উত্তর কোরিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনার বিষয়গুলোও যোগ করা হয়েছে। রাশিয়ার ক্ষেত্রে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ ছাড়াও ২০১৪ সালে ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়া ছিনিয়ে নেওয়ার পরিপ্রেক্ষিতেও বিলটি নতুন করে নিষেধাজ্ঞা আরোপের সুযোগ সৃষ্টি করবে।

অভিযোগ রয়েছে, গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রের নির্বাচনে পেছন থেকে কলকাঠি নেড়ে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে জিতিয়ে দিয়েছে রাশিয়া। তবে শুরু থেকেই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে মস্কো। প্রেসিডেন্ট ট্রাম্পও বিষয়টি মানতে নারাজ। এ ব্যাপারে যুক্তরাষ্ট্রে বেশ কয়েকটি তদন্ত চলছে।

সাংবাদিকেরা বলছেন, মার্কিন কংগ্রেসে উভয় দলের এই মতৈক্য রাশিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ারই ইঙ্গিত বহন করছে। তবে প্রেসিডেন্টের প্রস্তাবিত বিলে ভেটো দেওয়ার ক্ষমতা রয়েছে। তিনি যদি তা না করেন, তাহলে মস্কোর প্রতি তাঁর দুর্বলতা প্রকাশ পাবে। এতে করে বর্তমান অভিযোগ আরও শক্ত ভিত্তি পাবে। আর তিনি যদি বিলে স্বাক্ষর করেন, তাহলে নিজের প্রশাসনের বিপক্ষে গিয়েই তাঁকে তা করতে হবে।

মার্কিন সিনেটের পররাষ্ট্র-বিষয়ক কমিটির জ্যেষ্ঠ ডেমোক্র্যাট সিনেটর বেন কার্ডিন বলেন, ব্যাপক আলোচনার পরই বিষয়টিতে একমত হয়েছেন সবাই। তিনি বলেন, ‘রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুক্তরাষ্ট্রের জনগণ ও আমাদের মিত্রদের পক্ষ থেকে মার্কিন কংগ্রেস একটা পরিষ্কার বার্তা পাঠাতে চায় এবং আমরা চাই প্রেসিডেন্ট ট্রাম্প আমাদের সেই বার্তা পাঠানোয় সহযোগিতা করবেন।’

ক্রিমিয়া ছিনিয়ে নেওয়ার ঘটনায় রাশিয়ার কয়েকজন ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। গত ডিসেম্বর মাসে নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা আরও ৩৫ জন কূটনীতিককে বহিষ্কার করেন এবং যুক্তরাষ্ট্রে দুটি রুশ স্থাপনা বন্ধ করে দেন।

এদিকে, গত শুক্রবার এক প্রতিবেদনে ওয়াশিংটন পোস্ট জানায়, ট্রাম্পের কয়েকজন আইনজীবী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) প্রধান রবার্ট মুলারের রাশিয়ার ব্যাপারে তদন্তের বিষয়টি সীমিত করে আনার সম্ভাবনার পথ খুঁজছেন। তাঁরা প্রেসিডেন্টের ক্ষমা করার ক্ষমতা নিয়েও আলোচনা করছেন। এরপরই গুঞ্জন ওঠে, ট্রাম্প হয়তো এই ক্ষমতার ব্যবহার করবেন। তিনি হয়তো পরিবারের সদস্য, সহযোগী, এমনকি নিজেকেও ‘ক্ষমা’ করার কথা ভাবছেন।

এই পরিপ্রেক্ষিতে গত শনিবার ট্রাম্প টুইট করেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ক্ষমা করার পূর্ণ ক্ষমতা থাকার ব্যাপারে সবাই যেহেতু একমত, তাহলে আমাদের বিরুদ্ধে তথ্য ফাঁসের অপরাধগুলো যখন ঘটছে, তখনই কেন এসব ভাবছেন? ভুয়া খবর।’