ট্রাম্পের গলফ ক্লাবকে বকেয়া পরিশোধের নির্দেশ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন একটি গলফ ক্লাবকে তাদের সাবেক সদস্যদের পাওনা হিসেবে প্রায় ৬০ লাখ ডলার দিতে নির্দেশ দিয়েছেন ফ্লোরিডার একটি আদালত। এই সদস্যরা তাঁদের বকেয়া পরিশোধের আরজি নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন।
গতকাল বুধবার আদালত এ নির্দেশ দেন বলে আজ বৃহস্পতিবার এএফপির খবরে বলা হয়।
৬৫ জন সাবেক সদস্যের এই দল ট্রাম্প ন্যাশনাল জুপিটার গলফ ক্লাবের সদস্য। ২০১২ সালে রিতজ কার্লটনের কাছ থেকে ট্রাম্প এই ক্লাব কিনে নেওয়ার পর তাঁরা ক্লাবটি ছেড়ে যেতে চেয়েছিলেন।
নিয়ম হলো, নতুন সদস্য না পাওয়া পর্যন্ত পুরোনো সদস্যরা খেলে যাবেন। আর এ জন্য তাঁদের প্রত্যেককে প্রতিবছর দেওয়া হবে ১৮ হাজার ডলার। কিন্তু নতুন ব্যবস্থাপনায় ট্রাম্প নিয়ম পাল্টান। তিনি সাবেক সদস্যদের বকেয়া দিতে অস্বীকৃতি জানান এবং তাঁরা ক্লাবে আসতে পারবেন না বলেও নিয়ম করেন।
ওয়েস্ট পাম বিচের জেলা জজ কিনেথ মারা ট্রাম্পের ক্লাবকে ৪৮ লাখ ডলার ও এর ওপর সুদ হিসেবে আরও ৯ লাখ ২৫ হাজার ডলার দিতে নির্দেশ দেন।