ট্রাম্পের ঘুরে দাঁড়ানোর শেষ সুযোগ

নির্বাচনের মাত্র ১৯ দিন আগে তৃতীয়বারের মতো মুখোমুখি বিতর্কে অবতীর্ণ হচ্ছেন দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী—ডেমোক্র্যাট পার্টির হিলারি ক্লিনটন ও রিপাবলিকান পার্টির ডোনাল্ড ট্রাম্প। ৯০ মিনিট স্থায়ী এই বিতর্কের সঞ্চালক ক্রিস ওয়ালেস জানিয়েছেন, অভিবাসন, অবসরপ্রাপ্তদের জন্য অর্থনৈতিক নিরাপত্তা বা সোশ্যাল সিকিউরিটি, সুপ্রিম কোর্টের শূন্য পদে মনোনয়ন, অর্থনীতি, বৈদেশিক নীতি এবং প্রেসিডেন্ট হিসেবে যোগ্যতা—এই ছয়টি বিষয়ে তিনি দুই প্রার্থীকে প্রশ্ন করবেন।
প্রায় সব জাতীয় জনমত জরিপে পিছিয়ে থাকা ট্রাম্পের জন্য প্রেসিডেন্ট হিসেবে নিজের যোগ্যতা প্রমাণের এটি সম্ভবত শেষ সুযোগ। ২০০৫ সালে রেকর্ড করা নারীদের নিয়ে অশ্লীল ও আপত্তিকর কথা-সংবলিত একটি ভিডিও টেপ ১০ দিন আগে প্রকাশিত হওয়ার পর ট্রাম্পের জনসমর্থনে ধস নেমেছে। ফক্স নিউজের সর্বশেষ জাতীয় জনমত জরিপে ট্রাম্পের তুলনায় হিলারি ৭ পয়েন্টে এগিয়ে রয়েছেন। নির্বাচনী বিশ্লেষকেরা বলছেন, অবস্থার নাটকীয় পরিবর্তন না হলে হিলারির প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার সম্ভাবনা ৯০ শতাংশ।
ফলে এই বিতর্ক ট্রাম্পের জন্য ‘বাঁচা-মরার লড়াই’। কিন্তু এ জন্য প্রস্তুত হতে ট্রাম্প ও হিলারি ভিন্ন ভিন্ন পথ অনুসরণ করছেন। ট্রাম্প কোনো বিতর্ক অনুশীলনে বা ‘মক ডিবেটে’ অংশ নিয়েছেন, তার কোনো প্রমাণ নেই। সহকারীদের তৈরি করা মোটা মোটা ব্রিফিং পেপার ঘেঁটে দেখেছেন, তারও কোনো ইঙ্গিত মেলেনি। উল্টো অধিকাংশ সময়ই তিনি কাটাচ্ছেন নির্বাচনী প্রচারে। গত মঙ্গলবার তিনি কলোরাডোতে দুটি ভিন্ন ভিন্ন নির্বাচনী র্যালিতে অংশগ্রহণ করেন। ট্রাম্পের ক্যাম্পেইন ম্যানেজার কেলিঅ্যান কনওয়েকে বিতর্কের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করা হলে তিনি সরাসরি উত্তর দেওয়ার বদলে জানান, ট্রাম্প নির্বাচনী সভায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময়ে বেশি আগ্রহী। অন্যদিকে হিলারি মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষার বদলে পাঁচ দিন ধরে ঘরে বসে আছেন বিতর্কে প্রস্তুতির জন্য। ট্রাম্প নিজেও ঠাট্টা করে বলেছেন, হিলারি মাঠে না থেকে ঘরে বসে ঘুমোচ্ছেন।
হিলারির তথ্য পরিচালক জেনিফার পালমিয়েরি এবিসি নিউজের কাছে স্বীকার করেছেন, বিতর্কের আগে চার দিন কোনো নির্বাচনী অনুষ্ঠানে হিলারি অংশ নেবেন না, বিতর্কের প্রস্তুতির কাজে ব্যয় করবেন। এটি তাঁদের দুজনের শেষ মুখোমুখি বিতর্ক, মার্কিন জনগণ প্রত্যাশা করে এই বিতর্ককে তাঁরা গুরুত্বের সঙ্গে গ্রহণ করেন।
ক্রিস ওয়ালেস না বললেও ট্রাম্পের ‘সেক্স টেপ’-এর প্রসঙ্গটি এড়ানো সম্ভব হবে বলে মনে হয় না। ইতিমধ্যে নয়জন নারী ট্রাম্পের বিরুদ্ধে যৌন আগ্রাসনের অভিযোগ এনেছেন। তাঁদের মধ্যে রয়েছেন পিপল ম্যাগাজিন-এর একজন সাংবাদিক নাটাশা স্টোয়নফ, ২০০৫ সালে ফ্লোরিডায় এক সাক্ষাৎকার গ্রহণের সময় ট্রাম্প তাঁকে ঠোঁটে চুমু দেওয়ার চেষ্টা করেন। নাতাশা এই ঘটনার কথা যাঁদের কাছে সে সময় বলেছিলেন, তাঁদের ছয়জন ইতিমধ্যে তথ্যমাধ্যমের সঙ্গে যোগাযোগ করে নাতাশার অভিযোগ তাঁরা অনেক আগে থেকেই জানতেন বলে জানিয়েছেন। পিপল ম্যাগাজিন-এর চলতি সংখ্যায় নাতাশা এক দীর্ঘ নিবন্ধে এত দিন চুপ থাকার পর এখন কেন এই অভিযোগ তুলেছেন, তার জবাব দিয়েছেন।
যৌন নির্যাতনের ঘটনাটি যদি ট্রাম্পের জন্য বিব্রতকর হয়, তাহলে হিলারির জন্য বিব্রতকর একটি বিষয় হবে উইকিলিকসের ফাঁস করা নতুন ই-মেইল। এসব ই-মেইল থেকে জানা গেছে, একজন এফবিআই কর্মকর্তা বাগদাদে দপ্তরের একাধিক কর্মকর্তার নিয়োগের ব্যাপারে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারির একজন সহকারীর সঙ্গে যোগাযোগ করেন। জবাবে সেই সহকারী হিলারির ব্যক্তিগত সার্ভার থেকে পাঠানো একটি ‘গোপন’ ই-মেইল ভিন্নভাবে নথিভুক্ত করার অনুরোধ করেন। এই ঘটনাকে ট্রাম্প ‘অসৎ হিলারির’ অপকর্মের আরও একটি উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন।
তৃতীয় বিতর্কে ক্রিস ওয়ালেস যদি এসব প্রসঙ্গ না-ও তোলেন, ট্রাম্প ও হিলারি উভয়েই একে অপরকে অপ্রস্তুত করতে তা উত্থাপন করতে পারেন।
ট্রাম্পের অতিথি হবেন ওবামার সৎভাই
প্রথম বিতর্কে ট্রাম্প হিলারির হাতে নাকাল হয়েছিলেন। দ্বিতীয় বিতর্কে হিলারিকে বিব্রত করার জন্য বিতর্ক কক্ষে ট্রাম্প বিল ক্লিনটনের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ এনেছেন এমন তিনজন নারীকে বিতর্ক কক্ষে আমন্ত্রণ করেছিলেন। হিলারি যে সে বিতর্কে বেশ নিস্তেজ ছিলেন, অনেকে বলেছেন তার কারণ এই সব নারীর উপস্থিতি।
শেষ বিতর্কে হিলারিকে বিব্রত করার নতুন বুদ্ধি এঁটেছেন ট্রাম্প। তিনি বিতর্কে উপস্থিত থাকতে প্রেসিডেন্ট ওবামার সৎভাই মালিক ওবামাকে আমন্ত্রণ জানিয়েছেন। ট্রাম্প নিজেও এক টুইটার বার্তায় মালিক ওবামার উপস্থিতিকে স্বাগত জানিয়েছেন।
৫৮ বছর বয়সী মালিক একজন বৈধ মার্কিন নাগরিক ও দীর্ঘদিন থেকে ওয়াশিংটন ডিসিতে বসবাস করেন। এই শহরে বাস করলেও প্রেসিডেন্ট ওবামার সঙ্গে তাঁর কোনো যোগাযোগ নেই। একসময় ডেমোক্রেটিক পার্টির সমর্থক হলেও মালিক ওবামা রিপাবলিকান প্রার্থী ট্রাম্পকে ভোট দেবেন বলে জানিয়েছেন।