ট্রাম্পের চেয়ে পুতিনে আস্থা বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পিউ রিসার্চ সেন্টারের জরিপ বলছে, ট্রাম্প (ডানে) নয়, পুতিনেই বেশি আস্থা বিভিন্ন দেশের জনগণের। ছবি: এএফপি
পিউ রিসার্চ সেন্টারের জরিপ বলছে, ট্রাম্প (ডানে) নয়, পুতিনেই বেশি আস্থা বিভিন্ন দেশের জনগণের। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চেয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষের আস্থা ও বিশ্বাস বেশি। ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের এক জরিপে এ বিষয়টি উঠে এসেছে।

মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ নিউজের খবরে বলা হয়েছে, চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি থেকে ৮ মে পর্যন্ত মোট ৩৬টি দেশে এই জরিপ চালানো হয়। এর মধ্যে ২২টি দেশের মানুষ ট্রাম্পের চেয়ে পুতিনের প্রতি বেশি আস্থা পোষণ করেন। এই ২২টি দেশের মধ্যে জার্মানি, ফ্রান্স, জাপানও আছে। তবে ১৩টি দেশের মানুষ ট্রাম্পের প্রতি আস্থা থাকার কথা জানিয়েছে। এই দেশগুলোর মধ্যে আছে যুক্তরাজ্য, ভারত ও ইসরায়েল। একমাত্র তানজানিয়ার জনগণ ট্রাম্প-পুতিনে সমান আস্থা রেখেছে।

যুক্তরাষ্ট্রে জরিপ চালানো হলেও সেখানে ট্রাম্প ও পুতিনের ওপর আস্থার তুলনাবিষয়ক কোনো প্রশ্ন রাখা হয়নি। আর চীনে এই জরিপ চালানো হয়নি।

পিউ রিসার্চ সেন্টার বলছে, ২৩ শতাংশ মার্কিন জনগণ পুতিনের ওপর আস্থা থাকার কথা জানিয়েছেন। অন্যদিকে ট্রাম্পের পক্ষে আছে ৫৩ শতাংশ মার্কিন নাগরিকের সমর্থন। যুক্তরাষ্ট্রসহ ৩৭টি দেশের গড়ে ৬০ শতাংশ মানুষ বলেছেন, বৈশ্বিক সমস্যা বা ঘটনায় রুশ প্রেসিডেন্টের নেওয়া পদক্ষেপে আত্মবিশ্বাসের ঘাটতি দেখতে পেয়েছেন তাঁরা। আর ২৬ শতাংশ মনে করেন, পুতিন ঠিক কাজই করছেন।

প্রায় এক-তৃতীয়াংশ দেশ মনে করছে, রাশিয়া তাদের জন্য হুমকিস্বরূপ। রাশিয়ার সঙ্গে সঙ্গে হুমকি হিসেবে দেখা হচ্ছে চীন ও যুক্তরাষ্ট্রকেও।

অন্যদিকে বেশির ভাগ রুশ নাগরিক মনে করছেন, পুতিন বিশ্বে রাশিয়ার অবস্থানকে আরও উন্নত ও সুসংহত করেছেন। প্রায় ৪১ শতাংশ রুশ এ-ও মনে করেন, যুক্তরাষ্ট্রের বর্তমান উত্থান ইতিবাচক ও সুবিধাজনক। অথচ ২০১৫ সালে এটা ছিল মাত্র ১৫ শতাংশ। আবার রাশিয়ার ক্ষেত্রে একই মনোভাব পোষণকারী মার্কিন ২২ থেকে বেড়ে ২৯ শতাংশ হয়েছে।

ক্রেমলিনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতদের সরিয়ে দেওয়া ও ইউক্রেন ইস্যুতে কিছুদিন আগেই রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরও কঠোর করেছেন ট্রাম্প। ওই ঘটনার আগেই পিউ রিসার্চ জরিপটি চালায়।