ট্রাম্পের চেয়ে শক্তিশালী হয়ে উঠছে ‘ট্রম্পিজম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর আমেরিকায় বসবাসরত রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশিরা বলছেন, যুক্তরাষ্ট্রে ট্রাম্পের চেয়ে ‘ট্রাম্পিজম’ বেশি শক্তিশালী হয়ে উঠেছে। যুক্তরাষ্ট্রের রাজনীতি নিয়ে আলোচনায় ব্যক্তি ডোনাল্ড ট্রাম্পকে কেন্দ্রবিন্দুতে রাখলে মূল পরিস্থিতি আড়ালেই থেকে যাবে। এখন ব্যক্তি ট্রাম্পের চেয়ে ট্রাম্পিজম বা ট্রাম্পের রাজনীতি অনেক বেশি শক্তিশালী। ট্রাম্পের রাজনীতির উপাদানগুলোর দিকে মনোযোগ না দিলে এ দেশে ঘুরে–ফিরে ট্রাম্পের রাজনীতিই প্রধান হয়ে উঠবে।

১৩ জানুয়ারি কানাডার টরন্টো থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারিত ‘শওগাত আলী সাগর লাইভ’ অনুষ্ঠানে ‘ট্রাম্পের রাজনীতির শেষ নাকি শুরু’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে উত্তর আমেরিকায় বসবাসরত বাংলাদেশি রাজনীতি বিজ্ঞানী, বিশ্লেষকেরা অংশ নেন।

বিশ্লেষকেরা বলেন, যুক্তরাষ্ট্রের শাসনব্যবস্থা শক্তিশালী প্রাতিষ্ঠানিক ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। ফলে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা কিংবা ক্যাপিটাল হিলে হামলার ঘটনা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে কোনো সংকটে ফেলবে না। কিন্তু সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে যে বৈষম্য আছে, সেগুলোর দিকে মনোযোগ দিতে হবে।

কানাডার বাংলা পত্রিকা ‘নতুন দেশ’–এর প্রধান সম্পাদক শওগাত আলীর (সাগর) সঞ্চালনায় আলোচনায় অংশ নেন কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটির রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক ড. আহমেদ শফিকুল হক, টেক্সাসের এঅ্যান্ডএম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাজনীতি বিজ্ঞানের সহযোগী অধ্যাপক ড. মেহনাজ মোমেন এবং কানাডাভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম পর্যবেক্ষণ প্রতিষ্ঠানের মূল্যায়ন সম্পাদক, গণমাধ্যম বিশ্লেষক ও সাংবাদিক সৈকত রুশদী।

টেক্সাসের এঅ্যান্ডএম ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক ড. মেহনাজ মোমেন বলেন, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও রাজনীতি নিয়ে আলোচনায় গণমাধ্যম থেকে শুরু করে বুদ্ধিজীবীরা খালি চোখে যা দেখা যায়, কেবল তা নিয়েই কথা বলছেন। কিন্তু এর বাইরে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে, যা বর্তমান পরিস্থিতি তৈরি হওয়ার পেছনে ভূমিকা রেখেছে। ডোনাল্ড ট্রাম্পের চেয়েও তাঁর রাজনীতি (ট্রাম্পিজম) অনেক বেশি শক্তিশালী উল্লেখ করে তিনি বলেন, সামাজিক ও অর্থনৈতিক দিকটাকে আলোচনায় আনতে হবে।

মেহনাজ মোমেন বলেন, গত ১৫/১৬ বছরে যুক্তরাষ্ট্রে ডান ও বামপন্থী—দুটি জনপ্রিয় গণজাগরণ তৈরি হয়েছে। বার্নি স্যান্ডার্সের নেতৃত্বে তৈরি হওয়া বাম জাগরণে সমাজের অভিজাত সম্প্রদায়ের সমর্থন ও সম্পৃক্ততা ছিল। কিন্তু ট্রাম্পের নেতৃত্বাধীন ডানপন্থী জাগরণে অভিজাত শ্রেণির সঙ্গে সাধারণ নাগরিকরাও যোগ দিয়েছে। তার ফলশ্রুতিই আজকের যুক্তরাষ্ট্র ও ট্রাম্পের রাজনীতি।

আলোচনায় কানাডার ম্যাকমাস্টার ইউনিভার্সিটির রাজনীতি বিজ্ঞানের অধ্যাপক আহমেদ শফিকুল হক আশাবাদ ব্যক্ত করে বলেন, ডোনাল্ড ট্রাম্পের বিদায়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ভদ্রতা ও সৌজন্য তৈরি হবে। রাজনৈতিক দলগুলোও প্রার্থী মনোনয়নে আরও যত্নশীল হবে। ডোনাল্ড ট্রাম্পের অভিজ্ঞতা রাজনৈতিক দলগুলোকে রাজনীতিতে আরও যত্নবান হতে সহায়তা করবে।

শফিকুল হক প্রশ্ন রাখেন, যুক্তরাষ্ট্র সারা দুনিয়ায় তথ্য উপাত্ত সংগ্রহ করে। কোথায় কী হচ্ছে, সেই তথ্য তারা সবার আগে জেনে যায়। অথচ নিজ দেশের প্রশাসনের প্রাণকেন্দ্রে এমন একটি সহিংস ঘটনার খবর তারা আগেভাগে জানতে পারল না, এটি কীভাবে সম্ভব?

শফিকুল হক বলেন, যেকোনো সমাজেই অনেক রকম বৈষম্য থাকে। কিছু কিছু গোষ্ঠী বৈষম্যগুলো ব্যবহার করে জনগণকে উসকে দেয়। এসব বৈষম্য এবং মৌলিক সমস্যা নিয়ে অবশ্যই নতুন মার্কিন সরকারকে আরও বেশি মনোযোগী হতে হবে।

গণমাধ্যম বিশ্লেষক ও সাংবাদিক সৈকত রুশদী বলেন, কানাডা, নিউজিল্যান্ডসহ হাতে গোনা কয়েকটি দেশ বাদ দিলেই বিশ্বব্যাপী এখন ডানপন্থী রক্ষণশীলদের উত্থান পর্ব চলছে। ট্রাম্পের বিদায়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি থেকে ডানপন্থীদের প্রভাব কমে যাবে—তেমনটা ভাবার সুযোগ কম। লিবারেলরা অল্পতেই সন্তুষ্ট হয়ে হাতগুটিয়ে বসে থাকে। কিন্তু রক্ষণশীলরা সহজে কোনো কিছুতে সন্তুষ্ট হয় না। তাদের পরিপূর্ণ কর্তৃত্ব প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তারা সক্রিয় থাকে।

ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্তের সমালোচনা করে সৈকত রুশদী বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টুইটার, ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার ক্ষমতা একটি করপোরেশনের হাতে ছেড়ে দেওয়া ভালো কথা না। তিনি এ বিষয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা-বিতর্কের প্রস্তাব করেন।

নতুন দেশ পত্রিকার প্রধান সম্পাদক শওগাত আলী বলেন, ‘সামাজিক ও অর্থনৈতিক বৈষম্যকে কাজে লাগিয়ে অভিবাসীপ্রধান দেশগুলোতে রক্ষণশীল রাজনীতির বিকাশ ঘটানো হচ্ছে। উদারপন্থী রাজনৈতিক দল ও সরকারগুলো এই বৈষম্য দূরীকরণের উদ্যোগ না নিলে ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে চরমপন্থার বিকাশের মাধ্যমে অভিবাসীবিরোধী মনোভাব প্রকট হয়ে উঠবে।