ট্রাম্পের ছেলে আগে থেকেই সব জানতেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে রুশ আইনজীবীর বৈঠক হওয়ার আগেই তাঁকে (ডোনাল্ড ট্রাম্প জুনিয়র) তাঁকে জানানো হয়েছিল, তাঁর বাবা ডোনাল্ড ট্রাম্পকে রাশিয়ার সহায়তা করার প্রচেষ্টার অংশ হিসেবেই ওই বৈঠকের আয়োজন করা হচ্ছে। ওই বৈঠক যিনি আয়োজন করেছিলেন সেই রোব গোল্ডস্টোনের একটি ই-মেইলের স্বীকারোক্তির বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস এ খবর জানিয়েছে।

মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য এবং হাউস ইন্টেলিজেন্স কমিটির প্রধান অ্যাডাম শিফ এমএসএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে এ খবরকে ঘটনাপ্রবাহের ‘গুরুতর অগ্রগতি’ বলে বর্ণনা করেন। তিনি বলেছেন, তদন্তের মাধ্যমে সত্য উন্মোচন করা হবে। ট্রাম্প জুনিয়রের সঙ্গে রুশ আইনজীবীর যে বৈঠক হয়েছিল সেখানে উপস্থিত থাকা প্রত্যেককে হাউস ইন্টেলিজেন্স কমিটির সামনে আসতে হবে।
মার্কিন নির্বাচনের প্রচারাভিযানের মধ্যে ট্রাম্প টাওয়ারে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ও রুশ আইনজীবী নাতালিয়া ভেসেলনিৎসকায়ার বৈঠক হয়। সম্প্রতি ওই বৈঠকের খবর প্রকাশিত হওয়ার পর তাঁরা দুজনই বৈঠকের কথা স্বীকার করেন। তবে সেখানে নির্বাচন প্রভাবিত করার বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা দুজনই অস্বীকার করেন। পরে ট্রাম্প জুনিয়র স্বীকার করেন এ বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তিনি জানান, হিলারি ক্লিনটন সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য নাতালিয়া দেবেন বলে তাঁকে জানানো হয়েছিল। কিন্তু নাতালিয়া সেরকম কোনো তথ্যই তাঁকে দিতে পারেননি। নাতালিয়া অবশ্য প্রথম থেকেই বলে আসছেন তাঁর সঙ্গে ট্রাম্প জুনিয়রের নির্বাচন নিয়ে কোনো কথাই হয়নি।
মার্কিন নির্বাচনে রুশ হস্তক্ষেপের কথা প্রথম থেকেই হোয়াইট হাউস ও মস্কো অস্বীকার করে আসছে। এ বিষয়টি নিয়ে এফবিআই এবং কংগ্রেস তদন্ত চালাচ্ছে। রোববার ট্রাম্প জুনিয়র তদন্তকারীদের জানান, নাতালিয়ার সঙ্গে বৈঠকের সময় তাঁর বোন ইভানকা ট্রাম্পের স্বামী জ্যারেড কুশনার এবং সেই সময়কার ট্রাম্পশিবিরের প্রচার প্রধান পল জে ম্যানাফোর্ট সেখানে উপস্থিত ছিলেন।