ট্রাম্পের ছেলেরও করোনা হয়েছিল
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে ব্যারনেরও (১৪) করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। মার্কিন ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প বিষয়টি জানিয়েছেন। তিনি বলেছেন, ব্যারন যখন কোভিড-১৯ পজিটিভ হলো, তখন ভয়টাই সত্যি হলো। বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মেলানিয়া বলেন, ‘ব্যারন শক্তিশালী কিশোর আর ওর কোনো উপসর্গও দেখা যায়নি।’
এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া করোনা পজিটিভ হয়েছিলেন। ট্রাম্পকে হাসপাতালে নিতে হয়েছিল। তবে এখন তাঁরা সেরে উঠেছেন। পরে আইওয়াতে এক নির্বাচনী শোভাযাত্রায় ট্রাম্প বলেছিলেন, ‘ব্যারনও করোনায় সংক্রমিত হয়েছিল। তবে তা স্বল্প সময়ের জন্য।’
ট্রাম্প বলেন, তার যে করোনা হয়েছিল, এটা সে জানত না। তাদের বয়স কম এবং প্রতিরোধক্ষমতা ভালো বলে করোনার বিরুদ্ধে লড়াই করতে পারে। ব্যারন সুন্দর ও মুক্ত।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্কুলগুলো দ্রুত খুলে দেওয়ার জন্য নিজের সন্তানের দ্রুত সেরে ওঠার কথা বলেন। যুক্তরাষ্ট্রের শিক্ষকদের ইউনিয়নের পক্ষ থেকে শিক্ষার্থীদের সংক্রমণের ভয়ে স্কুল খোলার বিষয়টিতে বাধা দেওয়া হচ্ছে।
ট্রাম্প বলেন, ‘ব্যারনের করোনা পজিটিভ এসেছিল। এখন সে ভালো আছে। এটা হতে পারে। মানুষের এটা হচ্ছে, আবার ভালো হয়ে যাচ্ছে। শিশুদের স্কুলে ফেরান।’
হোয়াইট হাউসের ওয়েবসাইটে ‘মাই পারসোনাল এক্সপেরিয়েন্স উইথ কোভিড-১৯’ নামে একটি নিবন্ধে মেলানিয়া ব্যারনের করোনা পজিটিভ হওয়ার বিষয়টি লিখেছেন। মেলানিয়া লিখেছেন, দুই সপ্তাহ আগে যখন তাঁর ও ট্রাম্পের করোনা পজিটিভ হয়, তখন তাঁর মন সন্তানের কথা ভাবছিল।
কিন্তু প্রাথমিক অবস্থায় ব্যারনের করোনা নেগেটিভ এলে তিনি স্বস্তি পান। পরে তাঁদের ভয় সত্যি হয়। ব্যারন করোনা পজিটিভ হয়।
মেলানিয়া লিখেছেন, এখন তাঁরা তিনজনই করোনা থেকে সেরে উঠেছেন। তাঁর নিজের করোনার উপসর্গ হিসেবে কাশি ও দুর্বলতা দেখা দেয়। সেরে ওঠার জন্য স্বাভাবিক নিয়ম মেনে চলেন। ভিটামিন ও স্বাস্থ্যকর খাবারে মনোযোগী হন তিনি।
করোনা পজিটিভ হওয়ার পর ট্রাম্পকে মেরিল্যান্ডের ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেওয়া হয়। সেখানে তিন দিন ছিলেন তিনি। তাঁকে বিভিন্ন ওষুধ দেওয়া হয়। এর মধ্যে স্টেরয়েড ডেক্সামেথাসন, রেমডেসিভির ও অ্যান্টিবডি থেরাপি ছিল।
করোনা থেকে সেরে ওঠার পর মার্কিন প্রেসিডেন্ট গত সোমবার নির্বাচনের প্রচারে ফেরেন। সেখানে তিনি সমর্থকদের বলেন, তিনি আগের চেয়ে শক্তিশালী বোধ করছেন।