ট্রাম্পের জনপ্রিয়তা বাড়ছে

একদিকে মার্কিন অর্থনীতির রমরমা অবস্থা, অন্যদিকে উত্তর কোরিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তির সম্ভাবনা। সর্বোপরি অবৈধ অভিবাসন প্রশ্নে কড়া অবস্থান। এই তিন কারণে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগের যেকোনো সময়ের চেয়ে অধিক জনপ্রিয় অবস্থানে রয়েছেন।
সর্বশেষ জাতীয় জনমত জরিপে ট্রাম্পের প্রতি জনসমর্থন গড় হিসাবে ৪৫ শতাংশ। কোনো কোনো জরিপে এই সমর্থন ৫০ শতাংশের ঊর্ধ্বে। গত দেড় বছরে ট্রাম্প কখনোই এমন জনসমর্থন ভোগ করেননি।
বস্তুত, ওয়েব পত্রিকা এক্সিওস জানিয়েছে, পূর্ববর্তী প্রেসিডেন্টদের তুলনায় ট্রাম্পের অবস্থা কোনো অংশেই খারাপ নয়। ক্ষমতা গ্রহণের ঠিক এই পর্যায়ে ওবামা ও বিল ক্লিনটন উভয়েরই জনসমর্থন ছিল ৪৫ শতাংশ। রোনাল্ড রিগ্যানের ছিল ৪৫ শতাংশ ও জিমি কার্টারের ৪৩ শতাংশ।
জরিপকারীরা জানাচ্ছেন, ট্রাম্পের জনসমর্থনের খুঁটি এখনো মূলত রিপাবলিকান সমর্থকেরা। এদের মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থনের হার ৯০ শতাংশ। নিজেদের দলনিরপেক্ষ ভাবেন, এমন মার্কিন ভোটারদের মধ্যেও ট্রাম্প ক্রমশ অধিক জনপ্রিয় হয়ে উঠছেন। এই মুহূর্তে ৪২ শতাংশ স্বতন্ত্র ভোটার ট্রাম্পের কাজ নিয়ে খুশি।
ট্রাম্পের জনপ্রিয়তা যত বাড়ছে, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের নাটকীয় বিজয়ের সম্ভাবনা তত কমে আসছে। এক মাস আগেও ডেমোক্রেটিক নেতারা অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার ব্যাপারে তাঁদের আস্থার কথা ঘোষণা করছিলেন। এখন সে গলার স্বর কিছুটা মিইয়ে এসেছে।
জরিপকারীরা অবশ্য সতর্ক করে দিয়েছেন, এই মুহূর্তের জরিপের ফল দিয়ে নভেম্বরের নির্বাচনের ফলাফল নিয়ে কোনো ভবিষ্যদ্বাণী করা ভুল হবে। ট্রাম্প ঠিক প্রথাগত প্রেসিডেন্ট নন। তিনি হরহামেশা এমন কিছু করে বসেন, যার ফলে তাঁর প্রতি জনসমর্থন যেমন নাটকীয় ভাবে বৃদ্ধি পায়, তেমন হঠাৎ করে ধসে যায়। সীমান্ত এলাকায় অবৈধ বহিরাগতদের সন্তানদের পিতামাতার কাছ থেকে বিচ্ছিন্ন করার যে নীতি তাঁর প্রশাসন গ্রহণ করে, তার ফলে বিশ্ব জুটে যে নিন্দার সূত্রপাত হয়, তাতে ট্রাম্পের প্রতি জন সমর্থন ৫ শতাংশ কমে আসে। তবে গড় হিসাবে তাঁর জনসমর্থনের পরিসংখ্যানে কোনো বড় ধরনের হেরফের হয়নি।
ট্রাম্প নিজে মনে করেন, অভিবাসন প্রশ্নে কঠোর অবস্থান গ্রহণের ফলেই তাঁর প্রতি জনসমর্থন বাড়ছে। ২০১৬ সালের নির্বাচনে শুধুমাত্র অভিবাসন প্রশ্নে কঠোর অবস্থান গ্রহণ তাঁকে বিজয়ী করেছিল। নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনেও তিনি একই কারণে বিজয়ী হবেন। ট্রাম্প এতটাই আত্মবিশ্বাসী যে তিনি ইতিমধ্যে ‘নীল ঢেউ’ নয়, বরং ‘লাল ঢেউ’ এর কথা বলা শুরু করেছেন।
অভিবাসন ও অর্থনীতি প্রশ্নে তাঁর অনুসৃত নীতি নিয়ে আত্মবিশ্বাসী হলেও বাণিজ্য যুদ্ধ বাঁধিয়ে তিনি বড় ধরনের হোঁচট খেতে পারেন বলে মনে করছেন নির্বাচনী পর্যবেক্ষকেরা। তাঁরা মনে করেন, চীন এবং ইউরোপ ও কানাডার সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরুর হুমকির ফলে মার্কিন অর্থনীতিতে ফের মন্দাবস্থার প্রত্যাবর্তন ঘটতে পারে। ট্রাম্পের প্রাক্তন অর্থনীতি বিষয়ক উপদেষ্টা গ্যারি কোহন বলেছেন, অর্থনীতি এই মুহূর্তে চমৎকার জায়গায় রয়েছে, সবকিছুই ঠিকঠাক চলছে। কিন্তু এরই মধ্যে যদি এমন কিছু করা হয় যার ফলে অস্থিরতার সূচনা হবে, সেটি মোটেই ভালো হবে না।
অর্থনীতিবিদ ইথান হ্যারিস জানিয়েছেন, ট্রাম্পের অনুসৃত নীতির ফলে যদি আমেরিকার নিকট মিত্রদের সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে যায় তাহলে প্রবৃদ্ধির ওপর তার প্রভাব পড়বেই। শেয়ার মার্কেট সূচকের ওপর এই প্রভাব ইতিমধ্যে স্পষ্ট হয়ে উঠছে। রক্ষণশীল হিসাবে পরিচিত অর্থনীতিবিদ টরস্টেন স্লক বলেছেন, বড় ধরনের কর হ্রাসের ফলে করপোরেট আমেরিকা যে সুফলের আশা করেছিল, বাণিজ্য যুদ্ধ শুরু করে ট্রাম্প সে আশার গুড়ে বালি ঢেলে দিচ্ছেন। বিখ্যাত মোটরসাইকেল প্রস্তুতকারক কোম্পানি হার্লি-ডেভিডসন জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে শুল্ক যুদ্ধের কারণে তারা নিজের উৎপাদন ব্যবস্থার কোনো কোনো অংশ যুক্তরাষ্ট্রের বাইরে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
অনেকেই ভেবেছিল ট্রাম্পের শুল্ক আরোপের ঘোষণা কোনো চূড়ান্ত নীতি নয়, অন্য দেশ সমূহ থেকে সুবিধা আদায়ের কৌশল মাত্র। কিন্তু এখন দেখা যাচ্ছে তিনি এই নীতি বাস্তবায়নে বদ্ধপরিকর, কারণ তাঁর দলের সমর্থকদের মধ্যে এই নীতি জনপ্রিয়। গত শুক্রবার তিনি সকল আমদানি করা মোটর গাড়ির ওপর ২০ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপের প্রস্তাব করেন।
অতিরিক্ত শুল্কের কথা বলেই হার্লি-ডেভিডসন তাদের উৎপাদনের অংশ বিশেষ আমেরিকার বাইরে নিয়ে যাওয়ার কথা বলেছে। এই সিদ্ধান্ত সবচেয়ে বেশি বিস্মিত করেছে প্রেসিডেন্ট ট্রাম্পকে। এক টুইটে তিনি এই কোম্পানিকে মনে করিয়ে দিয়েছেন, তাঁর কঠোর চেষ্টার ফলেই কর হ্রাস প্রস্তাব কংগ্রেসে গৃহীত হয়েছে। তিনি হুমকি দেন, হার্লি-ডেভিডসন যদি সত্যি সত্যি তাদের সিদ্ধান্ত বাস্তবায়িত করে তাহলে তিনি এমন ব্যবস্থা নেবেন যে শোয়া শ’ বছরে পুরোনো এই কোম্পানি লাটে উঠবে। তিনি এক টুইটে বলেন, হার্লি-ডেভিডসন যদি বিদেশে নিজের কারখানা সরিয়ে নেয় তাহলে তাদের জানা উচিত হবে যে ফের আমেরিকায় সেই মোটরসাইকেল বিক্রি তাদের পক্ষে অসম্ভব হয়ে পড়বে। কারণ তিনি তাদের প্রস্তুত মোটরসাইকেলের ওপর বাড়তি শুল্ক আরোপ করবেন।