
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর ছয় মাস পার করেছেন। এরই মধ্যে সিএনএনের এক জরিপ বলছে, তাঁর প্রতি জনসমর্থন সামগ্রিক সূচকে সর্বনিম্ন অবস্থানে আছে। জরিপে অংশগ্রহণকারী মার্কিন নাগরিকদের চার ভাগের তিন ভাগের মতে, হোয়াইট হাউসের অধিকাংশ কথাবার্তায় তাঁরা আস্থা রাখতে পারেন না।
সাকল্যে ৩৮ শতাংশ বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের ভূমিকায় তাঁদের সমর্থন আছে। আর ৫৬ শতাংশ বলেছেন, তাঁরা প্রেসিডেন্ট ট্রাম্পের কার্যক্রম অপছন্দ করেন।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে আধুনিক নির্বাচনপদ্ধতির প্রচলনের পরে ট্রাম্প বাদে কেবল আরেকজন প্রেসিডেন্ট দায়িত্ব গ্রহণের প্রথম ছয় মাসের মধ্যে জরিপে ৫০ শতাংশের কম জনসমর্থন পেয়েছিলেন। তিনি বিল ক্লিনটন। ১৯৯৩ সালের এই সময়ে তাঁর প্রতি জনসমর্থনের হার ছিল ৪৪ শতাংশ।
নতুন জরিপ অনুযায়ী প্রায় অর্ধেক (৪৭ শতাংশ) মার্কিন নাগরিক কর্মসংস্থান নিয়ে ট্রাম্পের ভূমিকায় সন্তুষ্ট নন। আর মাত্র এক-চতুর্থাংশ (২৪ শতাংশ) বলেছেন, তাঁরা ট্রাম্পের পারদর্শিতার ব্যাপারে বেশ ইতিবাচক মনোভাব রাখেন। ট্রাম্পের জোরালো সমর্থকেরাও গত কয়েক মাসে প্রেসিডেন্টের কর্মকাণ্ডে তিতিবিরক্ত হয়েছেন। নিজ দল রিপাবলিকান পার্টির কর্মী-সদস্যদের মধ্যে ট্রাম্পের প্রতি সমর্থন গত ফেব্রুয়ারিতেও ৭৩ শতাংশ ছিল। সেটা কমে এখন ৫৯ শতাংশ হয়েছে। আর ডেমোক্র্যাটদের মধ্যে ট্রাম্পের প্রতি অসমর্থন ৮০ শতাংশের কাছাকাছি স্থির রয়েছে। গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে ট্রাম্পের প্রতি সমর্থনের হার পড়তির দিকে। তিনি দেশে পরিবর্তন আনতে পারবেন—এমন আশাও ক্ষীণ হয়ে আসছে। মাত্র ৪৩ শতাংশ মনে করেন, ট্রাম্প দেশের প্রয়োজন অনুযায়ী পরিবর্তন আনতে সমর্থ হবেন। গত এপ্রিলেও এই হার ছিল ৪৮ শতাংশ। এখন ৫২ শতাংশ মার্কিন নাগরিক মনে করেন, গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে ট্রাম্প যেভাবে টুইটারে নিজের দৃষ্টিভঙ্গি জনসমক্ষে তুলে ধরেন, সেটা ফলপ্রসূ নয়। আর ৭২ শতাংশ বলেছেন, টুইটারে ট্রাম্পের এসব বার্তা বিশ্বনেতাদের কাছে সঠিক বার্তা পৌঁছায় না।
এসএসআরএস নামের একটি প্রতিষ্ঠান সিএনএন পোল নামের ওই জরিপের জন্য ৩ থেকে ৬ আগস্ট পর্যন্ত দৈবচয়ন পদ্ধতিতে যুক্তরাষ্ট্রের ১ হাজার ১৮ জন নাগরিকের কাছ থেকে টেলিফোনে মতামত নিয়েছে।
সংবাদ সম্মেলনের রেকর্ড গড়লেন ট্রাম্প:
২০০ দিন আগে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্প মাত্র একটি একক সংবাদ সম্মেলন করেছেন। একমাত্র আইজেনহাওয়ার বাদে আর সব মার্কিন প্রেসিডেন্ট এই সময়ের মধ্যে আরও বেশি সংবাদ সম্মেলন করেছেন। কেউ কেউ আবার প্রথম ২০০ দিনে অনেক বেশি সংবাদ সম্মেলনের জন্যও ইতিহাসে চিহ্নিত হয়ে আছেন। যেমন প্রেসিডেন্ট লিন্ডন জনসন এবং জর্জ ডব্লিউ বুশ যথাক্রমে ১৯ ও ১৮টি সংবাদ সম্মেলন করেন। ট্রাম্প তাঁর একমাত্র সংবাদ সম্মেলনটি করেন গত ১৬ ফেব্রুয়ারি, যা ছিল তাঁর শপথ গ্রহণের এক মাসেরও কম সময়ের মধ্যে।