ট্রাম্পের জন্য ওবামার শুভকামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

করোনাভাইরাসে সংক্রমিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের ‘দ্রুত সুস্থতা’ কামনা করছেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

সিএনএন-এর প্রতিবেদনে বলা হয়েছে, ২ অক্টোবর ডেমোক্রেটিক দল থেকে প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসের ভার্চ্যুয়াল তহবিল সংগ্রহ অনুষ্ঠানে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ট্রাম্প ও মেলানিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বক্তব্য দেন।

বারাক ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডির জন্য আমাদের শুভকামনা রইল। আমি আশাবাদী, প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিসহ দেশে যারা করোনায় সংক্রমিত হয়েছেন, তাঁরা তাঁদের প্রয়োজনীয় সেবা পাচ্ছেন এবং তাঁরা দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবেন।’

করোনায় সংক্রমিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্থানীয় সময় ২ অক্টোবর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হোয়াইট হাউস থেকে এই ঘোষণা আসার পর ওবামা তাঁদের জন্য শুভকামনা জানিয়ে বক্তব্য দিলেন।

ট্রাম্পকে ওয়াল্টার রিড ন্যাশনাল মিলিটারি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। টুইটে ট্রাম্প জানিয়েছেন, তিনি সুস্থ আছেন। তাঁকে কয়েক দিন হাসপাতালে কাটাতে হতে পারে।

ডোনাল্ড ট্রাম্পের চিকিৎসায় ওষুধ হিসেবে রেমডেসিভির দেওয়া হচ্ছে। হোয়াইট হাউসের চিকিৎসা কর্মকর্তা সিন কনলি বলেন, প্রেসিডেন্টের চিকিৎসায় রেমডিসিভির ব্যবহার করা হচ্ছে। তিনি খুব ভালো আছেন। তাঁকে অক্সিজেন দেওয়ার প্রয়োজন নেই। তাঁকে অ্যান্টিবডির বিশেষ ককটেলও দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সিন কনলি আরও বলেন, ট্রাম্পকে রেজনারনের অ্যান্টিবডি ককটেলের একটি ডোজ দেওয়া হয়েছে। এই চিকিৎসাপদ্ধতি ক্লিনিক্যাল ট্রায়ালের মধ্যে রয়েছে। বিশেষজ্ঞদের একটি দল ট্রাম্পের চিকিৎসা করছেন। তিনি বলেন, ট্রাম্পের মৃদু করোনা উপসর্গ রয়েছে। তিনি কিছুটা ক্লান্ত। তবে সুস্থ সবল আছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের প্রেস সচিব কেইলে ম্যাকেনানি এক বিবৃতিতে জানিয়েছেন, চিকিৎসকেরা আগামী কয়েক দিন ওয়াল্টার রিড থেকে ট্রাম্পকে দায়িত্বপালন করার পরামর্শ দিয়েছেন। হাসপাতালের বিশেষ একটি কক্ষে ট্রাম্প থাকবেন।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী জো বাইডেন কোভিড নেগেটিভ। বাইডেনের নির্বাচনী দপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে স্থানীয় সময় ২ অক্টোবর সন্ধ্যায়।

বাইডেন তাঁর বক্তৃতায় প্রেসিডেন্ট ট্রাম্প ও মেলানিয়ার সুস্বাস্থ্য কামনা করেন। তিনি বলেন, ‘এটা রাজনীতির বিষয় না। এই ভাইরাসকে আমাদের সবার গুরুত্বের সঙ্গে নিতে হবে। এটা এমনিতে চলে যাবে না। আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলতা দেখানো উচিত।’