ট্রাম্পের জন্য ক্ষতিকর তথ্য এড়িয়ে গেছেন অ্যাটর্নি জেনারেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। ছবি: রয়টার্স
মার্কিন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার। ছবি: রয়টার্স

রাশিয়ার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ডোনাল্ড ট্রাম্পের আঁতাত নিয়ে তৈরি ম্যুলার প্রতিবেদনের ‘ক্ষতিকর তথ্য’ কংগ্রেসের কাছে দেওয়ার সময় এড়িয়ে গেছেন অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বার । এক বিস্ফোরক প্রতিবেদনে নিউইয়র্ক টাইমস এ তথ্য জানিয়েছে। গতকাল বুধবার এ প্রতিবেদন প্রকাশিত হয়।

মার্কিন বিশেষ কৌঁসুলি রবার্ট ম্যুলার নির্বাচনী প্রচারের সময় রাশিয়ার আঁতাতের অভিযোগ নিয়ে প্রায় দুই বছর তদন্ত করেন। এরপর তৈরি ৪০০ পাতার একটি প্রতিবেদন দুই সপ্তাহ আগে অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের কাছে পেশ করেন। পুরো প্রতিবেদনটি কংগ্রেসের হাতে তুলে দেওয়ার বদলে অ্যাটর্নি জেনারেল নিজে একটি চার পাতার সারসংক্ষেপ কংগ্রেসের বিবেচনার জন্য পাঠান। এতে বলা হয়, ম্যুলার রাশিয়ার সঙ্গে আঁতাতের কোনো প্রমাণ পাননি, তবে রাশিয়া প্রশ্নে তদন্তকালে বিচারপ্রক্রিয়ায় ট্রাম্প বাধা সৃষ্টি করেননি।

টাইমস জানিয়েছে, ম্যুলারের তদন্তকাজে জড়িত এমন একাধিক ব্যক্তি জানিয়েছেন, তাঁরা নিজেরাই তদন্ত প্রতিবেদনের একাধিক সারসংক্ষেপ তৈরি করে অ্যাটর্নি জেনারেলের হাতে তুলে দিয়েছিলেন। সেসব ব্যবহারের বদলে অ্যাটর্নি জেনারেল নিজেই একটি সারসংক্ষেপ তৈরি করে ট্রাম্পকে সব অপরাধ থেকে দায়মুক্ত ঘোষণা করেন। ম্যুলারের সহকর্মীদের বক্তব্য, এই প্রতিবেদনে বিচারপ্রক্রিয়ায় বাধা সৃষ্টির ব্যাপারে ট্রাম্পের জন্য ক্ষতিকর এমন অনেক তথ্য রয়েছে, যার কোনোটাই অ্যাটর্নি জেনারেল ব্যবহার করেননি।

অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন, তিনি এপ্রিলের মাঝামাঝি অতিগোপনীয় এমন অংশ বাদ দিয়ে ম্যুলার রিপোর্টটি কংগ্রেসে পাঠাবেন। কিন্তু ডেমোক্রেটিক নিয়ন্ত্রিত কংগ্রেস তাতে সন্তুষ্ট নয়। তারা দাবি করেছে, পুরো প্রতিবেদনটি এবং তদন্তের সময় সংগৃহীত প্রমাণাদি তাদের অবিলম্বে পাঠাতে হবে। গতকাল বুধবার কংগ্রেসের বিচার বিভাগীয় কমিটি এক সিদ্ধান্তে কমিটি প্রধান জেরি ন্যাডলারকে এই রিপোর্ট অবিকৃত অবস্থায় পাঠানোর জন্য অ্যাটর্নি জেনারেলকে সফিনা বা সমন জারি করার অনুমতি দিয়েছে। তিনি কখন এই সমন পাঠাবেন বা আদৌ পাঠাবেন কি না, তা অবশ্য জানা যায়নি।
কাল টাইমসে ম্যুলার প্রতিবেদন বিষয়ে নতুন তথ্য প্রকাশিত হওয়ার পর অবিকৃত অবস্থায় এই প্রতিবেদন পাওয়ার ব্যাপারে ডেমোক্র্যাটরা আরও চড়া সুরে দাবি করা শুরু করেছেন। বিচার বিভাগীয় কমিটির সদস্য এরিক সোয়ালওয়েল এনবিসি টিভিকে বলেছেন, এই তথ্য থেকেই বোঝা যাচ্ছে কেন ম্যুলার প্রতিবেদন অবিলম্বে কংগ্রেসের হাতে আসা প্রয়োজন। বিষয়টি গুরুত্বপূর্ণ না হলে ম্যুলার তদন্ত দলের সদস্যরা অ্যাটর্নি জেনারেলের সারসংক্ষেপ নিয়ে তাঁদের অসন্তোষ প্রকাশ করতেন না।