ট্রাম্পের জন্য নতুন হুমকি লিবার্টারিয়ান পার্টি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক দল হিসেবে লিবার্টারিয়ান পার্টির বয়স ৪৫। গত চার দশকের সব প্রেসিডেন্ট নির্বাচনেই তারা নিজেদের প্রার্থী দাঁড় করিয়েছে, যদিও কখনো বিজয়ের দোরগোড়ায় পৌঁছানো তাদের পক্ষে সম্ভব হয়নি। এবারও এই দল প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছে। গত সপ্তাহে ফ্লোরিডায় দলের জাতীয় সম্মেলনে নিউ মেক্সিকোর সাবেক রিপাবলিকান গভর্নর গ্যারি জনসনকে প্রেসিডেন্ট পদে মনোনয়ন দেওয়া হয়। ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনয়ন পেয়েছেন ম্যাসাচুসেটসের সাবেক গভর্নর বিল ওয়েল্ডস।

সামাজিক প্রশ্নে উদারনৈতিক ও অর্থনৈতিক প্রশ্নে রক্ষণশীল এই দুই প্রার্থী আগামী নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান দলের সম্ভাব্য প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় হুমকি হয়ে উঠতে পারেন। দলের কেন্দ্রীয় নেতা ও বড় বড় চাঁদা প্রদানকারীরা ট্রাম্পের প্রার্থিতার প্রতি সমর্থন দেওয়ার বদলে একজন বিকল্প প্রার্থী খুঁজছেন। এই দুই সাকেক রিপাবলিকান গভর্নর তাঁদের সেই বিকল্প প্রার্থী হয়ে উঠতে পারেন বলে ভাবা হচ্ছে।

জনসন-ওয়েল্ডসের প্রার্থিতার ব্যাপারে রিপাবলিকান দলের মধ্যে সমর্থন রয়েছে, এর সবচেয়ে বড় প্রমাণ গতকাল মঙ্গলবার হাতেনাতে মেলে। এদিন ক্যালিফোর্নিয়ার ধনকুবের টমেটো ব্যবসায়ী ক্রিস রুফের একাই তাঁদের সমর্থনে এক মিলিয়ন ডলার চাঁদা দেওয়ার ঘোষণা দেন। তাঁর দেখাদেখি আরও কয়েকজন রিপাবলিকান সমর্থক চাঁদা দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। তাঁদের মধ্যে রয়েছেন টেক্সাসের ধনকুবের ভন এহর। তিনিও বড় অঙ্কের চাঁদা প্রদানের কথা ভাবছেন বলে জানা গেছে।

জনসন ২০১২ সালেও প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। সে সময় তাঁর দলের মোট ব্যয়ের পরিমাণ ছিল মাত্র আড়াই মিলিয়ন ডলার। অর্থপূর্ণভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে হলে তাঁকে আরও বড় ধরনের তহবিল সংগ্রহ করতে হবে। বিশেষজ্ঞেরা বলছেন, প্রধান সম্ভাব্য দুই প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন ও ডোনাল্ড ট্রাম্প প্রত্যেকে এক বিলিয়ন ডলার এই নির্বাচনে ব্যয় করবেন।

নির্বাচনে লিবার্টারিয়ান পার্টি জিততে না পারলেও এই দলের দুই অভিজ্ঞ রাজনীতিক, যাঁরা দুজনেই একসময় রিপাবলিকান দলের নেতৃত্বে ছিলেন, তাঁরা অনেক রক্ষণশীল ভোটারের সমর্থন পাবেন বলে ভাবা হচ্ছে। এতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবেন ডোনাল্ড ট্রাম্প, এ ব্যাপারে সবাই একমত।