ট্রাম্পের জন্য 'অক্টোবর সারপ্রাইজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রের নির্বাচন ২০১৬
যুক্তরাষ্ট্রের নির্বাচন ২০১৬

এই অক্টোবরের প্রথম সপ্তাহে হিলারি ক্লিনটনের ব্যাপারে বিপুলসংখ্যক গোপন নথিপত্র ফাঁস করা হবে বলে জানিয়েছিলেন সাড়া জাগানো ওয়েবসাইট উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ। তাঁর সেই কথায় বিশ্বাস করে রক্ষণশীল টিভি ফক্স নিউজ নিজের দর্শকদের একটি ‘অক্টোবর সারপ্রাইজের’ জন্য প্রস্তুতও করেছিল। কিন্তু উইকিলিকস কোনো ‘ভূমি কাঁপানো’ গোপন তথ্য ফাঁস করতে পারেনি। তবে ডোনাল্ড ট্রাম্পের আয়কর বিষয়ে যে বোমাটি নিউইয়র্ক টাইমস শনিবার ফাঁস করেছে, সেটিই এখন সব মহলে ‘অক্টোবর সারপ্রাইজ’ হিসেবে আখ্যায়িত হচ্ছে।
২০১২ সাল থেকে লন্ডনের ইকুয়েডর দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে থাকা অ্যাসাঞ্জ জানিয়েছিলেন, অক্টোবরের প্রথম মঙ্গলবার এই দূতাবাসের ব্যালকনি থেকে হিলারির জন্য ক্ষতিকর তথ্য ফাঁস করবেন। গত শনিবার জানানো হলো, নিরাপত্তাজনিত কারণে আপাতত সে ঘোষণা আসছে না। কবে হবে বা আদৌ হবে কি না, সে কথাও অ্যাসাঞ্জ বা উইকিলিকস জানায়নি।
মার্কিন নির্বাচনী রাজনীতিতে এই অক্টোবর সারপ্রাইজ নিয়ে সব পক্ষই তটস্থ থাকে। প্রায় সব প্রার্থীরই কোনো না কোনো ক্ষতিকর ও গোপন তথ্য রয়েছে, নির্বাচনের ঠিক আগে যা ফাঁস হলে ভোটারদের বিগড়ে যাওয়ার কথা। ট্রাম্প ও হিলারি উভয় শিবিরই এমন কোনো বড় ধরনের গোপন তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা করছিলেন।

অ্যাসাঞ্জের ঘোষণা নিয়ে ট্রাম্প শিবিরে বিস্তর উৎসাহ থাকলেও তা বাস্তবায়িত হয়নি। এখন তার বদলে অন্য যে অক্টোবর সারপ্রাইজের দিকে তারা সবার নজর টানতে চাইছেন, তা হলো গত ফেব্রুয়ারিতে একটি তহবিল সংগ্রহ (ফান্ড রেইজিং) ডিনারে হিলারির বক্তব্য নিয়ে একটি গোপন টেপ। শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য আয়োজিত এই অনুষ্ঠানে হিলারি সিনেটর বার্নি স্যান্ডার্সের তরুণ সমর্থকদের ‘পিতামাতার ঘরের বেসমেন্ট বা বাড়ির সর্বনিম্ন কক্ষের বাসিন্দা’ বলে বর্ণনা করেন।

একটি রক্ষণশীল সংস্থা হিলারির ওই বক্তব্যসংবলিত টেপটি ফাঁস করে দিলে ডোনাল্ড ট্রাম্প তা ব্যবহার করে স্যান্ডার্সের সমর্থকদের খেপিয়ে তুলতে চেয়েছিলেন। কিন্তু স্যান্ডার্স নিজেই রোববার হিলারির এই বক্তব্য সঠিক বলে বর্ণনা করেন। এবিসি টিভির সঙ্গে এক সাক্ষাৎকারে স্যান্ডার্স বলেন, হিলারি তো ঠিক কথাই বলেছেন। অব্যাহত অর্থনৈতিক মন্দাবস্থার কারণে আজকের তরুণদের অনেকেই নিজেদের পিতামাতার সঙ্গে তাঁদের বাসগৃহে, কখনো কখনো তাঁদের বেসমেন্টে থাকতে বাধ্য হচ্ছেন।

অবশ্য হিলারির ব্যাপারে অক্টোবর সারপ্রাইজের আশঙ্কা পুরোপুরি দূর হয়েছে, তা বলা যাবে না। অনেকেই বলেছেন, মস্কোর হাত ধরে কোনো সাইবার আক্রমণ হতে পারে। মস্কো ইতিমধ্যে ডেমোক্রেটিক পার্টির ডেটাবেইস ‘হ্যাক’ করেছে, এমন কথা ওয়াশিংটনের সরকারি মহলে অনেকেই বিশ্বাস করেন। যদিও এ ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রমাণ এখন পর্যন্ত মেলেনি। মস্কো যুক্তরাষ্ট্রের রাজ্য পর্যায়ের ভোটার নথিকরণ ডেটাবেইস আক্রমণ করেছে, এমন অভিযোগও এসেছে। ওয়াশিংটন পোস্ট পত্রিকা জানিয়েছে, মস্কো ট্রাম্পের জন্য সহায়ক হবে, এমন গোপন তথ্য পর্যায়ক্রমে ফাঁস করতে পারে, সাইবার বিশেষজ্ঞেরা এখন সেই আশঙ্কায় দিন গুনছেন।

কিন্তু তেমন ‘সারপ্রাইজ’ বাস্তবায়িত হওয়ার বদলে ট্রাম্প নিজেই ফেঁসে গেছেন। কর ফাঁকি দেওয়ার তথ্য-প্রমাণসহ যে প্রতিবেদন নিউইয়র্ক টাইমস প্রকাশ করেছে, তার ধাক্কায় ট্রাম্পের নির্বাচনী অভিযান এখন পায়ের নিচে মাটি হারাতে বসেছে। নির্ভরশীল রাজনৈতিক পত্রিকা পলিটিকো জানিয়েছে, প্রথম বিতর্কে ধরাশায়ী হওয়ার পর থেকে একের পর এক বিব্রতকর ঝামেলায় জড়িয়েছিলেন ট্রাম্প। এখন অক্টোবরের দ্বিতীয় দিনে নিউইয়র্ক টাইমস তাঁকে যে লাঠির বাড়িটি দিল, তা ট্রাম্পকে কার্যত এক গভীর রাজনৈতিক গাড্ডায় ফেলে দিয়েছে।

ওই প্রতিবেদন অনুসারে, ১৯৯৫ সালে ট্রাম্প তাঁর আয়কর ঘোষণায় প্রায় এক বিলিয়ন ডলার লোকসানের হিসাব দিয়েছিলেন। এর ফলে আমেরিকার জটিল করনীতি ব্যবহার করে, সম্পূর্ণ আইনসম্মতভাবে তিনি পরবর্তী ১৮ বছর এক পয়সা আয়কর না দিয়ে দিব্যি পার পেতে পারেন।

হিলারি প্রথম বিতর্কেই সন্দেহ প্রকাশ করেছিলেন, ট্রাম্প কোনো আয়কর দেন না। সে কথা গোপন করতেই ট্রাম্প নিজের আয়কর দাখিলের হিসাব প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছেন। ট্রাম্প অবশ্য বলেছেন, তাঁর আয়কর নিয়ে কেন্দ্রীয় সরকার ‘অডিট’ করছে, সে পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত তিনি নিজের আয়কর হিসাব সর্বসমক্ষে প্রকাশ করবেন না।

ট্রাম্প আদৌ কোনো আয়কর দেন না বলে নিউইয়র্ক টাইমস-এর প্রতিবেদনে যে আশঙ্কা ব্যক্ত করা হয়েছে, ট্রাম্প বা তাঁর নির্বাচনী দপ্তর থেকে সে কথার সত্যতা অস্বীকার করা হয়নি। শুধু বলা হয়েছে, ‘অবৈধ’ উপায়ে সংগৃহীত তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি প্রস্তুত। ট্রাম্প ফেডারেল বা রাজ্য পর্যায়ে কোটি কোটি ডলার কর দেন, তাঁর প্রচারশিবির থেকে এমন দাবি করা হয়েছে, যদিও এসব করের মধ্যে আয়কর রয়েছে, সে কথা কোথাও বলা হয়নি।

প্রথম বিতর্কে হিলারির অভিযোগের জবাবে ট্রাম্প নিজেকে চৌকস বা স্মার্ট বলে ঘোষণা করেছিলেন। রোববার তাঁর একাধিক উপদেষ্টা সে কথারই পুনরাবৃত্তি করলেন। নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি ও নিউজার্সির গভর্নর ক্রিস ক্রিস্টি দুজনেই ট্রাম্পকে ‘জিনিয়াস’ বলে অভিহিত করলেন। তাঁদের যুক্তি ছিল, ট্রাম্প কোনো আইন ভঙ্গ করেননি। চলতি আয়কর আইন ব্যবহার করেই আয়কর দেওয়া থেকে বিরত থেকেছেন। ব্যবসায়ী হিসেবে নিজের শেয়ারহোল্ডারদের কাছে এটি তাঁর দায়িত্ব।

আয়করের বিষয়টি হিলারি শিবির স্বাভাবিকভাবেই তাদের হাতে এক অপ্রত্যাশিত হাতিয়ার হিসেবে বিবেচনা করছে। তারা যুক্তি দেখাচ্ছে, ট্রাম্প নিজেকে কর্মজীবী মানুষদের ‘রক্ষক’ হিসেবে প্রমাণের চেষ্টা করছেন। অথচ বাস্তবে দেখা যাচ্ছে, তিনি শুধু নিজের স্বার্থ রক্ষাতেই ব্যস্ত। তিনি আয়কর দেন না, অতএব তিনি জিনিয়াস, এ কথার অর্থ কি এই যে বাকি সবাই যাঁরা নিয়মিত কর দেন, তাঁরা সবাই গর্দভ?

ট্রাম্প একজন সফল ব্যবসায়ী, প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সেটি তাঁর প্রধান যোগ্যতা। অথচ প্রায় এক বিলিয়ন ডলারের লোকসান তাঁকে গুনতে হয়েছে, সেটি খুব চৌকস ব্যবসায়ীর প্রমাণ নয়। এমন যুক্তি দেখিয়ে হিলারির একজন মুখপাত্র বলেছেন, ট্রাম্পের মুখে ঠেসে রাখা মুখোশটি খসে পড়েছে। নিজের অতীত কর্মকাণ্ড ধামাচাপা দেবেন বা সেটির ব্যাখ্যা করবেন, তাঁর জন্য এমন কোনো সম্ভাবনাই আর অবশিষ্ট থাকল না।

সবচেয়ে কঠিন কথাটি বলেছেন বার্নি স্যান্ডার্স। এবিসি টিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, আয়কর দেন না বলে ট্রাম্প নিজেকে ‘জিনিয়াস’ বলে নিজেই নিজের পিঠ চাপড়ে দিয়েছেন। দেশের সবাই যদি তাঁর মতো জিনিয়াস হতেন, তাহলে যুক্তরাষ্ট্র বলে এই দেশের আর কিছুই অবশিষ্ট থাকত না।