ট্রাম্পের জামাতার বিষয়ে তদন্তে এফবিআই
নির্বাচনী প্রচারণায় রাশিয়া সংশ্লিষ্টতায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারড কুশনারের বিষয়ে তদন্তে নেমেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। তাঁর কাছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য আছে বলে মনে করছে সংস্থাটি।
গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের নির্বাচনী প্রচারে রাশিয়ার যুক্ত থাকার অভিযোগের বিষয়ে তদন্ত করছে এফবিআই। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প এ ধরনের গোপন আঁতাতের অভিযোগ অস্বীকার করে আসছেন।
কুশনারের (৩৬) আইনজীবী বলেছেন, তাঁর মক্কেল যে কোনো তদন্তে সহযোগিতা করবেন।
অভিযোগ রয়েছে, গত প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে নির্বাচনের ফল আনতে চেষ্টা করেছে রাশিয়া। নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ছিলেন ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন।
এদিকে রাশিয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে তাদের সংশ্লিষ্টতার অভিযোগ বারবার অস্বীকার করে আসছে।
এক মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে জানিয়েছে, কুশনারের বিষয়ে তদন্ত করার মানে এই নয় যে, তাঁকে অপরাধী হিসেবে সন্দেহ করা হচ্ছে বা তাঁর বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে।
এদিকে ওয়াশিংটন পোস্টের অপর এক খবরে বলা হয়েছে, তদন্তকারী কর্মকর্তারা যুক্তরাষ্ট্রে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত সার্জেই কিসলায়াক এবং এক ব্যাংকারের সঙ্গে গত বছর কুশনারের বৈঠকের বিষয়টিকে বেশি গুরুত্ব দিচ্ছে।
রাশিয়াবিষয়ক তদন্তে বিশেষ কাউন্সেল হিসেবে এফবিআইয়ের সাবেক কর্মকর্তা রবার্ট মুলারকে দায়িত্ব দিয়েছে বিচার বিভাগ।
কুশনার ইতিমধ্যে সিনেট গোয়েন্দা কমিটিসহ রাশিয়ায় তাঁর যোগাযোগ রাখা ব্যক্তিদের সঙ্গে আলোচনা করতে রাজি হয়েছেন। তাঁর আইনজীবী জেমি গোরলিক বিবিসিকে বলেছেন, ‘এ ক্ষেত্রেও তাঁর যদি সংশ্লিষ্টতা থাকে তবে যেকোনো তদন্তের বিষয়ে তিনি একইভাবে সহযোগিতা করবেন।’
সূত্র: বিবিসি