ট্রাম্পের জয় মার্কিন ইতিহাসের কালো অধ্যায়: স্নোডেন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়কে দেশটির ইতিহাসের ‘কালো অধ্যায়’ বলে আখ্যা দিয়েছেন মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) চুক্তিভিত্তিক সাবেক কর্মী এডওয়ার্ড স্নোডেন। তিনি ‘অনধিকার প্রবেশমূলক’ সরকারি নজরদারি থেকে নিজেদের রক্ষা করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
গতকাল বৃহস্পতিবার রাশিয়া থেকে সরাসরি ভিডিও চ্যাটের মাধ্যমে নেদারল্যান্ডসের শ্রোতাদের উদ্দেশে এসব কথা বলেন মার্কিন সরকারের নজরদারির তথ্য ফাঁস করে আলোড়ন তোলা স্নোডেন। গত মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।
এডওয়ার্ড স্নোডেন বলেন, ‘আমরা যদি আরও ভালো পৃথিবী চাই, তবে আমরা কেবল একজন ওবামার প্রতি আশা রাখতে পারি না কিংবা একজন ডোনাল্ড ট্রাম্পের আতঙ্কেও থাকা উচিত নয়। আমাদের নিজেদেরই উচিত ভালো বিশ্ব তৈরি করা।’
ট্রাম্পের জয়কে যুক্তরাষ্ট্রের ইতিহাসের ‘একটি কালো অধ্যায়’ বলে উল্লেখ করে স্নোডেন সবচেয়ে বড় যে প্রশ্নটির প্রতি জোর দেন তা হলো, ‘সীমানাসংক্রান্ত বাধাকে বাদ দিয়ে সব জায়গা থেকে আমরা কীভাবে প্রত্যেকের অধিকারকে রক্ষা করব?’
স্নোডেন চলতি বছরের শুরুতে পাস হওয়া মস্কোর ‘বিগ ব্রাদার’ আইনের কথা তুলে ধরেন—যে আইনে অনলাইন কোম্পানিগুলোকে ব্যবহারকারীদের তথ্য সংরক্ষণ করতে বাধ্য করা হয়েছে। এটা করা হয়েছে, যাতে সরকার চাওয়ামাত্র তথ্যগুলো পায়। একই সঙ্গে তিনি চীনের গণনজরদারিমূলক আইনের কথাও তুলে ধরেন। এসব আইনের কথা তুলে ধরে স্নোডেন বলেন, ‘একটিমাত্র নির্বাচন বা একজনমাত্র প্রেসিডেন্ট বা একটিমাত্র সরকারকে উদ্দেশ করে আমি এ প্রশ্ন তুলছি না। কারণ, আমরা দেখতে পাচ্ছি, এ ধরনের হুমকি সবখানেই রয়েছে।’ তিনি বলেন, ‘জাতির ইতিহাসে এটা কালো অধ্যায়। তবে এটাই ইতিহাসের শেষ নয়। আমরা যদি একসঙ্গে কাজ করি, তবে আমরা আরও ভালো কিছু করতে পারব এবং আমরা আরও মুক্ত ও উদার সমাজ উপভোগ করতে পারব। এর সুবিধা সবাই পাবে।’
২০১৩ সালে স্নোডেন মার্কিন সরকারের কয়েক হাজার গোপন নথি ফাঁস করে আলোড়ন তোলেন। যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের বাড়ি থেকে পালিয়ে তিনি বর্তমানে রাশিয়ায় বাস করছেন। স্নোডেনের জীবনী নিয়ে নির্মিত অলিভার স্টোনের নতুন চলচ্চিত্রের প্রিমিয়ারকে সামনে রেখে গতকাল বৃহস্পতিবার নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডাম শহরের একটি প্রেক্ষাগৃহে সরাসরি ভিডিও চ্যাটের মাধ্যমে বক্তব্য দিলেন স্নোডেন।
৩৩ বছর বয়সী স্নোডেনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গুপ্তচরবৃত্তির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।