ট্রাম্পের জয়ে উদ্বেগে যুক্তরাষ্ট্রের কৃষ্ণাঙ্গরা
মুসলিমসহ দেশের সংখ্যালঘু সম্প্রদায় ও অভিবাসীদের বিষয়ে বিদ্বেষপূর্ণ কথা বলে বিতর্কিত রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প অনেকটা অপ্রত্যাশিতভাবেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। গতকাল শনিবার ট্রাম্পের বিজয় নিশ্চিত হওয়ার চার দিন পেরিয়েছে। তবে এখনো মানসিক ধাক্কা ও শঙ্কার অনুভূতি কাটিয়ে উঠতে পারেননি অ্যালিসিয়া স্কটল্যান্ড স্মলস।
সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের গ্রিনভিল এলাকার বাসিন্দা ২৯ বছর বয়সী অ্যালিসিয়ার মতোই শঙ্কায় দিন কাটাচ্ছেন যুক্তরাষ্ট্রের বহু আফ্রিকান-আমেরিকান, অর্থাৎ কৃষ্ণাঙ্গ নাগরিক। আল-জাজিরাকে এর কারণ সম্পর্কে বলছিলেন অ্যালিসিয়া, ‘ট্রাম্পের নির্বাচনী প্রচারের একটা অংশ ছিল বর্ণবাদ। আমার আশঙ্কা, বর্ণবাদীরা এখন কৃষ্ণাঙ্গ সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংস ও বৈষম্যমূলক আচরণে উৎসাহিত হয়ে উঠতে পারে।’
শিপিং ব্যবসায়ী প্রতিষ্ঠানের কর্মী অ্যালিসিয়া আরও বললেন, ‘কাজের জায়গায় আমি সব সময় সতর্ক থাকি। কে যে কখন ভেতরে ঢুকে পড়ে, তার ঠিক কী!’
অ্যালিসিয়ার মতো নানামুখী শঙ্কায় যুক্তরাষ্ট্রের গোটা কৃষ্ণাঙ্গ সম্প্রদায়। ট্রাম্পের জয় তাদের মধ্যে এ উদ্বেগের জন্ম দিয়েছে যে বর্ণবাদ ও সহিংসতা ফের মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণার মনোযোগের অন্যতম কেন্দ্রে ছিল সংখ্যালঘু সম্প্রদায় ও অভিবাসী ইস্যু। মানবাধিকারকর্মীরাও উদ্বেগ প্রকাশ করেছিলেন, ট্রাম্প জয়ী হলে যুক্তরাষ্ট্রে বর্ণবাদ ও সহিংসতা বৈধতা পেতে পারে। নির্বাচনের মাত্র কয়েক দিন আগে মিসিসিপি অঙ্গরাজ্যে কৃষ্ণাঙ্গদের একটি ঐতিহ্যবাহী গির্জা পুড়িয়ে দেওয়া হয়। আগুন দেওয়ার কয়েক দিন আগে ওই গির্জার দেয়ালে স্প্রে করে লেখা হয় ‘ট্রাম্পকে ভোট দাও’।
ধনকুবের ব্যবসায়ী ও টেলিভিশনের রিয়েলিটি শো তারকা থেকে হঠাৎ রাজনীতিতে ঢোকা ট্রাম্পকে মূলত সমর্থন দেয় কট্টর ডানপন্থী গোষ্ঠীগুলো ও রাজনীতিবিদেরা। নির্বাচনে ট্রাম্পের জয়ের পরপর কয়েক দিন ধরে যুক্তরাষ্ট্রের অনেক মানুষই সামাজিক যোগাযোগের মাধ্যমে বর্ণবাদী হামলার ঘটনার বর্ণনা তুলে ধরছেন।
ট্রাম্পের জয়ের পর যুক্তরাষ্ট্রে আফ্রিকান-আমেরিকান নাগরিক অধিকারবিষয়ক সংগঠন ‘ন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অব কালারড পিপলের (এনএএসিপি)’ প্রধান করনেল উইলিয়াম ব্রুক বলেন, ২০১৬-এর নির্বাচনী প্রচারের অন্যতম ইস্যু ছিল বর্ণবাদ ও নারীবিদ্বেষ।