ট্রাম্পের জয়ের পেছনে যার অবদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জয়ী হতে সাহায্য করেছে টুইটার ও ফেসবুক। সম্প্রতি মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প এ কথা বলেন। তবে এখন তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে একটু সংযত থাকবেন বলে জানিয়েছেন।

সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, গণমাধ্যমে তাঁর নামে যখন নেতিবাচক খবর প্রচার হয়েছে, তখন এর বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর পথ দেখিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। তিনি এই মাধ্যমকে ‘অসাধারণ’ বলে মন্তব্য করেন। ট্রাম্প বলেন, হোয়াইট হাউসে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে খুব সংযত হবেন।

ট্রাম্প বলেন, নির্বাচনে যেসব অঙ্গরাজ্যে তিনি পিছিয়ে ছিলেন, সেখানে তাঁকে জয়ী হতে সাহায্য করেছে সামাজিক যোগাযোগমাধ্যম। তিনি বলেন, ‘আমি মনে করি, সামাজিক যোগাযোগমাধ্যম অর্থের চেয়ে বেশি শক্তিশালী। একটি সীমা পর্যন্ত আমি এর প্রমাণ পেয়েছি।’

গতকাল শনিবার এই সাক্ষাৎকারের অংশবিশেষ প্রকাশিত হয়। আজ রোববার ‘সিক্সটি মিনিট’ নামের অনুষ্ঠান এই সাক্ষাৎকার প্রচারিত হওয়ার কথা।

ট্রাম্প বেশ ভালোই নজর রাখছেন সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের অ্যাকাউন্টগুলোতে। ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারে তিনি ১ কোটি ৮০ লাখ মানুষের সঙ্গে সম্পৃক্ত। তিনি বলেন, ‘গতকাল এক লাখ মানুষের কাছ থেকে সাড়া পেয়েছি। আমি বলছি না যে আমি এটা ভালোবাসি, কিন্তু এমন সাড়া পেয়ে আমি হতবাক।’

গত মঙ্গলবারের বিজয়ের পর ট্রাম্প এক টুইট বার্তায় কাউকে ভুলে না যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেছেন, যাদের কথা সবাই ভুলে যায়, তিনি তাদের ভুলবেন না।