ট্রাম্পের টুইটে চিফ অব স্টাফ বদল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেনারেল জন কেলি (বামে) এবং রেইন্স প্রিবাস (ডানে)। ছবি: রয়টার্স
জেনারেল জন কেলি (বামে) এবং রেইন্স প্রিবাস (ডানে)। ছবি: রয়টার্স

হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে জেনারেল জন কেলির নাম ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেলি এখন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রধান।

বিবিসির খবরে জানা যায়, স্থানীয় সময় গতকাল শুক্রবার বিকেলে এক টুইটে ট্রাম্প এই ঘোষণা দেন। চিফ অব স্টাফের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে রেইন্স প্রিবাসকে।

যোগাযোগবিষয়ক নতুন পরিচালক নিয়োগ দেওয়ার পর থেকেই চাপের মুখে ছিলেন রেইন্স প্রিবাস। তিনি সিএনএনকে বলেন, ট্রাম্পের সঙ্গে আলোচনার পর আগামী বৃহস্পতিবার পদত্যাগ করবেন।

ট্রাম্প টুইটে বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এইমাত্র হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে জন এফ কেলির নাম ঘোষণা করছি। তিনি ভালো একজন মার্কিন।’

এক সপ্তাহ আগে যোগাযোগবিষয়ক পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত অ্যান্থনি স্কারামুচি অভিযোগ তোলেন, প্রিবাস গণমাধ্যমের কাছে দলের গোপন তথ্য ফাঁস করে দিয়েছেন। জেনারেল কেলি সীমান্তে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল।

টুইটে ট্রাম্প আরও বলেন, ‘কেলি হোমল্যান্ড সিকিউরিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তিনি আমার প্রশাসনের দক্ষ একজন কর্মী।’

কেলির ডেপুটি এলাইন ডিউক হোমল্যান্ড সিকিউরিটির ভারপ্রাপ্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।